সড়ক দখল করে গুদাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের টঙ্গী শিল্প এলাকায় চারটি সড়কের প্রায় দেড় কিলোমিটার জায়গা দখল করে দেড় শতাধিক গুদাম গড়ে তোলা হয়েছে। ফলে সড়কগুলো আর সড়ক নেই, পরিণত হয়েছে সংকীর্ণ গলিতে। সেসব গলির মধ্যখানে গজিয়ে উঠেছে ঘাস, জংলা গাছ ও আগাছা।শিল্প এলাকার ভেতরে সড়ক জবরদখল করে গুদাম তৈরির এই অবৈধ কাজ রাতারাতি হয়নি। বরং দিনের পর দিন সড়কের ওপর একের পর এক গুদাম বানানো হয়েছে। কিন্তু যথাযথ কর্তৃপক্ষ, অর্থাৎ টঙ্গী পৌরসভা কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। ফলে ৬০ ফুট চওড়া সড়কগুলোর বেশি অংশই বেদখল হয়ে গেছে, এখন শুধু হেঁটে চলাচল করার মতো সরু গলি রয়েছে। জায়গাটি এখন পরিণত হয়েছে অবৈধভাবে নির্মিত গুদামের একটা পাড়ায়, যেখানে তৈরি পোশাক কারখানাগুলো থেকে আসা ঝুট কাপড়, সুতা, কার্টন ইত্যাদি গুদামজাত করা হয়। টঙ্গী পৌরসভার মেয়র এখন অসহায়ের মতো বলছেন, তাঁরা সড়কগুলো দখলমুক্ত করতে ব্যর্থ হয়েছেন।কিন্তু কেন? সড়ক তো কারও ব্যক্তিগত ভূসম্পত্তি নয়। যেসব অবৈধ দখলকারী সড়কের বুকের ওপর গুদাম বানিয়েছেন, তাঁদের উচ্ছেদ করা পৌরসভা কর্তৃপক্ষের আইনগত বাধ্যবাধকতা। এই দায়িত্ব পালন করতে টঙ্গী পৌরসভা কর্তৃপক্ষ ব্যর্থ হয়েছে কেন? এ বিষয়ে প্রথম আলোয় গতকাল শুক্রবার প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, অবৈধ দখলদারদের মধ্যে বর্তমান শাসক দল আওয়ামী লীগ ও সাবেক শাসক দল বিএনপির নেতা-কর্মীসহ স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি আছেন। এটাই কি পৌর কর্তৃপক্ষের অসহায়ত্বের কারণ? চারদলীয় জোট সরকারের আমলের দখলকারীদের উচ্ছেদ করা হয়েছিল তত্ত্বাবধায়ক সরকারের আমলে। বর্তমান আওয়ামী লীগ সরকার আসার পর আবারও সড়কগুলো বেদখল হয়ে গেছে। টঙ্গীর মেয়র বলছেন, পৌর কর্তৃপক্ষ কেন সড়কগুলো দখলমুক্ত করতে পারেনি, তা সবাই জানে। এর বেশি কিছু তিনি বলতে পারবেন না।কথা বলার প্রয়োজন নেই, সড়কগুলো দখলমুক্ত করে জনসাধারণের ব্যবহার-উপযোগী অবস্থায় ফিরিয়ে আনতে অবিলম্বে যথাযথ আইনানুগ পদক্ষেপ নিন।