সড়ক দখল করে দোকান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সড়ক দখল করে গড়ে তোলা মতিঝিল এজিবি কলোনির কাঁচাবাজারটিকে ‘অবৈধ’ বলে ১৪ মার্চ উচ্ছেদ করেছিল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। কিন্তু উচ্ছেদের দুই দিনের মাথায় একই স্থানে আবার শুরু হয় দোকানঘর নির্মাণের কাজ। এরপর দোকানঘর নির্মাণের ওপর গত ১৩ এপ্রিল তিন মাসের নিষেধাজ্ঞা দেন হাইকোর্ট। এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে হাইকোর্টের একটি বেঞ্চ এ আদেশ দেন। একই সঙ্গে এসব দোকানঘর উচ্ছেদের জন্য কর্তৃপক্ষকে কেন নির্দেশ দেওয়া হবে না, তা আদালত জানতে চান। কিন্তু এসব নিষেধাজ্ঞায় কোনো কাজ হচ্ছে না: গত রোববার প্রথম আলোয় প্রকাশিত একটি ছবিতে দেখা যায়, এজিবি কলোনির সড়ক দখল করে দোকানঘর নির্মাণের কাজ চলছে।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) রাজস্ব ও সম্পত্তি বিভাগ থেকে বলা হয়েছে, এজিবি কলোনি কাঁচাবাজারে দোকান করার জন্য মুক্তিযোদ্ধা পুনর্বাসন কেন্দ্র নামের একটি সংগঠনকে বরাদ্দ দেওয়া হয়েছে। নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও দক্ষিণ সিটি করপোরেশন এ কাজ করতে পারে কীভাবে, তা এক বড় প্রশ্ন।
এজিবি কলোনিবাসীর আবেদনের পরিপ্রেক্ষিতে ১৯৯৪ সাল থেকে সব সরকারের আমলেই দফায় দফায় উচ্ছেদ করা হয়েছে অবৈধ এই কাঁচাবাজার। কিন্তু প্রশ্ন হচ্ছে বারবার উচ্ছেদের পরও কীভাবে নতুন করে বাজার গড়ে তোলা হচ্ছে? কাদের
মদদে ও আশ্রয়-প্রশ্রয়ে এমনটি হচ্ছে? অভিযোগ আছে, অসচ্ছল মুক্তিযোদ্ধাদের পুনর্বাসনের নামে ক্ষমতাসীন দলের স্থানীয় নেতারা বড় অঙ্কের টাকা নিয়ে সেখানে দোকান বরাদ্দ দিচ্ছেন।
রাজধানীর বিভিন্ন সড়ক ও ফুটপাত এমনিতেই অবৈধ দখলের শিকার। একবার দখল হলে তা যেন চিরস্থায়ী হয়ে যায়। কিছুতেই দখলমুক্ত করা যায় না। আর দখলের পেছনে যদি ক্ষমতাসীন দলের নেতারা থাকেন, তাহলে তো কথাই নেই। যেসব নেতা টাকা নিয়ে এভাবে দোকান বরাদ্দ দিচ্ছেন, তাঁদের শনাক্ত করতে হবে এবং তাঁদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে হবে। এজিবি কলোনির সড়কটি দখলমুক্ত করা হোক।