সড়ক দখল করে বাজার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সোমবার প্রথম আলোয় প্রকাশিত খবর অনুযায়ী দুই কিলোমিটার দৈর্ঘ্যের এই সড়কের প্রশস্ততা ১২০ ফুট। কিন্তু জবরদখল করে বাজার বসানোর কারণে ১০০ ফুটই গায়েব। যান চলাচলের জন্য এখন ২০ ফুট জায়গা কোনো রকমে টিকে আছে। মূল সড়কের বেশির ভাগ অংশ দখল করে সহস্রাধিক দোকানপাট ও ব্যবসা স্থাপনা গড়ে উঠেছে। কাঁচাবাজার থেকে শুরু করে রাজনৈতিক সংগঠনের কার্যালয়ও তৈরি করা হয়েছে সড়ক দখল করে।

এ ধরনের দখল ও অপকর্মের পেছনে যা কাজ করে, এখানেও তাই কাজ করছে। স্থানীয় প্রভাবশালী ও রাজনৈতিক নেতারা রয়েছেন এর সঙ্গে। মূলত তাঁরা তাঁদের স্বার্থেই এভাবে সড়ক দখল করে দোকানপাট ও ব্যবসা স্থাপনা গড়তে দিয়েছেন। বাজারের ব্যবসায়ীদের সূত্রে জানা গেছে, প্রতিটি দোকান থেকে নেতারা প্রতিদিন মোটা অঙ্কের চাঁদা আদায় করে থাকেন। আর এসব নেতা এতটাই প্রভাবশালী যে কেউ তাঁদের ভয়ে কিছু বলতে পারে না। এভাবে সড়ক দখল করে বাজার বসানোর ফলে ওই এলাকায় প্রতিদিন তীব্র যানজটের সৃষ্টি হয় এবং এ সড়কে চলাচলকারী লোকজনকে প্রতিনিয়ত ব্যাপক দুর্ভোগ পোহাতে হচ্ছে।

অবস্থাদৃষ্টে মনে হচ্ছে দেশে আইন, প্রশাসন বলে কিছু নেই। একটা সড়ক এভাবে দখল হয়ে বাজার বসেছে অথচ তা সরাতে কারও কোনো উদ্যোগ নেই? ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) কী করছে? মানুষের দুর্ভোগ নিয়ে তাদের আদৌ কোনো মাথাব্যথা আছে কি? তারা কেন এ ব্যাপারে কোনো পদক্ষেপ নিচ্ছে না? এলাকাটা তো তাদেরই অধীন এবং এটা তাদেরই কাজ।

প্রথম আলোর খবর অনুযায়ী সর্বশেষ ২০১৪ সালে এ সড়কে উচ্ছেদ অভিযান চালানো হয়েছিল। এর কিছুদিন পরই আবার দখলের প্রক্রিয়া শুরু হয়। আর দিনে দিনে তা বাড়ছেই। ওই সড়কের পাশে ফুটপাত দখল করে গড়ে তোলা হয়েছে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনগুলোর বেশ কয়েকটি কার্যালয়। ডিএনসিসি কর্তৃপক্ষ এ ব্যাপারে কোনো উদ্যোগ না নেওয়ায় এই সন্দেহ খুবই স্বাভাবিক যে এখানে কোনো স্বার্থ বা ভাগ-বাঁটোয়ারার সম্পর্ক রয়েছে। বিষয়টি খতিয়ে দেখার প্রয়োজন রয়েছে।

আমরা চাই সড়ক থেকে বাজার ও দোকানপাট উচ্ছেদে ডিএনসিসি খুব দ্রুত পদক্ষেপ নিক। এ ব্যাপারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও তৎপর হতে হবে। তবে শুধু বাজার উচ্ছেদ করলেই হবে না, এভাবে সড়ক দখল করে যাতে আর বাজার বসতে না পারে, সেটাও দেখতে হবে।