মহাসড়কের নির্মাণ-প্রকৌশলগত ত্রুটি দূর করার মধ্য দিয়ে সড়ক দুর্ঘটনার ঝুঁকি যে উল্লেখযোগ্য মাত্রায় কমিয়ে আনা সম্ভব, তা বাস্তবে প্রমাণিত হয়েছে। কিন্তু তা সত্ত্বেও কেন বিষয়টিকে গুরুত্ব দেওয়া হচ্ছে না, তা একটা বড় প্রশ্ন।
ঢাকা-আরিচা মহাসড়কের ১১টি বাঁক প্রশস্ত করার ফলে ওই এলাকায় সড়ক দুর্ঘটনা ও প্রাণহানির সংখ্যা নাটকীয়ভাবে কমেছে—এই তথ্য সড়ক ও জনপথ অধিদপ্তরের। সুতরাং একই উদ্যোগ সারা দেশে নেওয়া হলে যে মহাসড়কগুলোতে দুর্ঘটনায় প্রাণহানির সংখ্যা কমে আসবে, এটা নিশ্চিতভাবেই বলা যায়।
বুয়েটের সড়ক দুর্ঘটনা ইনস্টিটিউট সারা দেশের মোট তিন হাজার ৫৮০ কিলোমিটার মহাসড়কে ২০৯টি স্থানকে অতি-দুর্ঘটনাপ্রবণ ‘ব্ল্যাক স্পট’ হিসেবে চিহ্নিত করেছে। মোট সড়ক দুর্ঘটনার ৩৫ শতাংশ এবং মোট মৃত্যুর ৯০ শতাংশ ঘটেই এই স্থানগুলোতে। এই ‘ব্ল্যাক স্পট’গুলো ছড়িয়ে আছে মোট মহাসড়কের মাত্র ৫৫ কিলোমিটারজুড়ে। এগুলোতে রয়েছে সরু বাঁক ও নির্মাণ প্রকৌশলগত অন্যান্য ত্রুটি। আবার বেশ কিছু স্থানে রয়েছে অবৈধ হাটবাজার, বাসস্ট্যান্ড ও অন্যান্য স্থাপনা, যেখানে লোকসমাগম ঘটে, কিন্তু ট্রাফিক ব্যবস্থা নেই।
বাঁক প্রশস্ত, সোজা করাসহ অন্যান্য নির্মাণ প্রকৌশলগত উদ্যোগ নিয়ে ‘ব্ল্যাক স্পট’গুলোর দুর্ঘটনা-ঝুঁকি উল্লেখযোগ্য মাত্রায় কমানো যায়, এটা ইতিমধ্যে প্রমাণিত। কিন্তু যোগাযোগ মন্ত্রণালয় কিংবা সওজের এ বিষয়ে আগ্রহ কম। সওজ ২০০৯ সালে একটি প্রকল্প প্রস্তাব জমা দিয়েছে এবং অনুমোদনের জন্য সেটি পরিকল্পনা কমিশনে পড়ে আছে দীর্ঘ ছয় বছর ধরে। এ নিয়ে সওজের কোনো তাগিদ নেই, কারণ প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় মাত্র ১৬৫ কোটি টাকা। যোগাযোগ মন্ত্রণালয় ও সওজের আগ্রহ সম্ভবত হাজার হাজার কোটি টাকার বড় প্রকল্পের প্রতি!
এই প্রকল্প দ্রুত বাস্তবায়ন করা এবং বাকি ‘ব্ল্যাক স্পট’গুলোর ঝুঁকি কমাতে আরও প্রকল্প গ্রহণ করা হোক। মহাসড়কে দুর্ঘটনায় প্রাণহানির ঝুঁকি কমানোর উপায় থাকতে সরকারের উদ্যোগ নিতে নিরুৎসাহ বা নিষ্ক্রিয়তা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।