বাংলাদেশে প্রতিবছর সড়ক দুর্ঘটনায় কত মানুষের মৃত্যু ঘটে, কত মানুষ আহত হয়ে কর্মক্ষমতা বা চলৎ–শক্তি হারায়, তার কোনো নির্ভরযোগ্য পরিসংখ্যান নেই। সরকারি হিসাবে প্রাণহানির সংখ্যা যেখানে বছরে আড়াই হাজারের কম, সেখানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাবে তা প্রায় ২১ হাজার। আর যাত্রী কল্যাণ সমিতি নামে একটি বেসরকারি সংগঠন সংবাদমাধ্যমে
প্রকাশিত খবরের ভিত্তিতে হিসাব দেয়, সংখ্যাটি প্রায় সাড়ে ৮ হাজার। হিসাবের এই অবিশ্বাস্য তারতম্য থেকে অনুমান হয়, সড়ক দুর্ঘটনা যে বাংলাদেশের একটা গুরুতর জাতীয় সমস্যা এবং এ সমস্যা সমাধানের দায়িত্ব সম্পর্কে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলো যথাযথভাবে উপলব্ধি করতে ব্যর্থ হচ্ছে।
সড়ক হয়ে উঠছে প্রাণঘাতীকোনো সমস্যা সমাধান করতে হলে প্রথমেই সে সমস্যা সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য-উপাত্ত সংগ্রহ করে প্রকৃত চিত্রটি পরিষ্কারভাবে পেতে হয়। কিন্তু সরকারি কোনো কর্তৃপক্ষ সড়ক দুর্ঘটনার তথ্য নিয়মিতভাবে সংগ্রহ ও নথিভুক্ত করে না। সরকারি হিসাবে বছরে আড়াই হাজারের কম মানুষ সড়ক দুর্ঘটনায় মারা যায়—এই পরিসংখ্যানের উৎস থানা-পুলিশ এবং হিসাবটি একেবারেই অসম্পূর্ণ। কারণ, অধিকাংশ সড়ক দুর্ঘটনায় মামলা হয় না, ফলে সেগুলো পুলিশের নথিভুক্ত হয় না। এভাবে সরকারি হিসাবের বাইরে থেকে যায়। এমনকি সংবাদমাধ্যমে প্রকাশিত খবরগুলোও যদি পুলিশ আমলে নেয়, তাহলে সড়ক দুর্ঘটনায় হতাহত মানুষের সংখ্যার একটা মোটামুটি বিশ্বাসযোগ্য হিসাব তারা পেতে পারে। তথ্য সংগ্রহে এমন অনীহা কিংবা অবহেলা সড়ক দুর্ঘটনা কমানোর পক্ষে ভালো ভালো কথাবার্তার সঙ্গে একেবারেই সংগতিপূর্ণ নয়।
সড়ক দুর্ঘটনা সব দেশেই ঘটে। এটা সম্পূর্ণভাবে বন্ধ করা সম্ভব নয়। কিন্তু কমানো অবশ্যই সম্ভব। সড়ক দুর্ঘটনার প্রধান কারণগুলো বিশেষজ্ঞরা চিহ্নিত করেছেন। কীভাবে সড়ক দুর্ঘটনা কমানো যাবে, সে ব্যাপারেও প্রচুর বিশেষজ্ঞ পরামর্শ ও সুপারিশ রয়েছে। সুতরাং কী করতে হবে তা আমাদের অজানা নেই। কিন্তু সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলো কার্যকর কোনো উদ্যোগ নেয় না। এ ব্যাপারে কারও কোনো দায়িত্বশীলতা ও জবাবদিহি আছে বলে মনে হয় না।
কিন্তু এভাবে আর চলতে দেওয়া যায় না। সমস্যাটা গুরুতর। এটা লাঘব করার উদ্যোগ নিতেই হবে। যোগাযোগ মন্ত্রণালয়, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ, হাইওয়ে পুলিশসহ সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষকে আন্তরিকভাবে তৎপর হতে হবে। বিশেষত যানবাহনের চালকদের বেপরোয়া ও প্রশিক্ষণহীন অংশের রাশ টেনে ধরতে হবে।