সড়ক দুর্ঘটনা কিংবা সড়কে বিশৃঙ্খলার পরিণতিতে যাঁরা নিহত ও পঙ্গুত্ব বরণ করছেন, তাঁদের ক্ষতিপূরণ প্রদানসংক্রান্ত আইন ও বিধিবিধান সুস্পষ্টীকরণের প্রয়োজন দেখা দিয়েছে। এ বিষয়ে নির্বাহী বিভাগের অব্যাহত ঔদাসীন্যের প্রেক্ষাপটে একটি উপযুক্ত বিচার বিভাগীয় হস্তক্ষেপ এখন জরুরি বলেই প্রতীয়মান হয়। ২০১৮ সালের আইনের আগে বাংলাদেশের প্রতিটি জেলায় জেলা ও দায়রা জজের নেতৃত্বাধীন ক্লেইম ট্রাইব্যুনাল গঠনের বিধান ছিল। কিন্তু সরকার ও মালিক এবং পরিবহন সমিতিগুলোর ঔদাসীন্য ও অসহযোগিতার ফলে ভুক্তভোগীরা তার সুফল পাননি। এরপর দেশব্যাপী নিরাপদ সড়কের দাবিতে ছাত্র আন্দোলনের পটভূমিতে ২০১৮ সালে আইন তৈরির পরে আশা করা হয়েছিল, ক্ষতিপূরণে একটি বড় অগ্রগতি ঘটবে। কিন্তু দিন যতই যাচ্ছে, তাতে এই আশঙ্কা অমূলক নয় যে অতীতের দুর্ভাগ্যজনক অভিজ্ঞতার পুনরাবৃত্তি অনির্দিষ্টকাল ধরে আমাদের দেখতে হবে কি না।
ক্লেইম ট্রাইব্যুনাল ব্যবস্থা বিলোপ করে ক্ষতিপূরণ নির্ধারণে বিআরটিএ চেয়ারম্যানের নেতৃত্বে ট্রাস্টি বোর্ড গঠনের যে নতুন বিধান করা হয়েছে, তা কবে কার্যকর হবে, তা জানা যায় না। প্রতিদিন যে দেশে সড়কে গড়ে প্রায় ২০ জন প্রাণ হারাচ্ছেন, সেই দেশে সড়ক দুর্ঘটনায় ক্ষতিপূরণ–সংক্রান্ত বিষয় দেখার কোনো কর্তৃপক্ষ থাকবে না, কোনো ধরনের দিকনির্দেশনা থাকবে না, সেটা আমাদের ভাবতেও অবাক লাগে। কিন্তু অপ্রিয় হলেও সেটাই দুর্ভাগ্যজনক বাস্তবতা। আমরা দ্রুত এ অচলাবস্থার অবসান চাই।
সাম্প্রতিক কালে হাইকোর্টের ক্ষতিপূরণ–সংক্রান্ত কয়েকটি রিট দায়ের এবং তার মাধ্যমে বিশেষ প্রতিকার প্রদানের বিচার বিভাগীয় প্রচেষ্টা জনগণের মনোযোগ কাড়ছে। এ বিষয়ে জনস্বার্থে যাঁরা মামলা করছেন, তাঁদের আমরা সাধুবাদ জানাই। কিন্তু এ বাস্তবতা অস্বীকার করা যাবে না, যে হারে দুর্ঘটনায় মানুষের প্রাণহানি ও অঙ্গহানি ঘটছে, তাতে ক্ষতিপূরণের দাবি এবং তা নিষ্পত্তি করতে সার্বক্ষণিক একটি কর্তৃপক্ষকে সক্রিয় ভূমিকা পালন করতে হবে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে ভুক্তভোগীরা যাতে দ্রুত তাঁদের ক্ষতিপূরণের দরখাস্ত করতে পারেন, সে রকম একটি বিধিবদ্ধ ব্যবস্থা গড়ে তোলা সময়ের দাবি। সুতরাং আইনজীবীদের মধ্যে যাঁরা জনস্বার্থে মামলা দায়েরে অগ্রণী ভূমিকা পালন করছেন, আমরা তাঁদের কাছে ২০১৮ সালের আইন কার্যকর করা বিষয়ে একটি যথাযথ বিচার বিভাগীয় তৎপরতা (জুডিশিয়াল অ্যাকটিভিজম) আশা করব।
আমরা উদ্বেগের সঙ্গে এটাও লক্ষ করি যে হাইকোর্টের ক্ষতিপূরণ–সংক্রান্ত আদেশগুলো কার্যকর হওয়ার ক্ষেত্রে প্রত্যাশিত গতি নেই। ১৯৮৯ সালে সড়ক দুর্ঘটনায় নিহত সাংবাদিক মোজাম্মেল হোসেন মন্টুর পরিবারকে দেওয়া সোয়া কোটি টাকার ক্ষতিপূরণ আপিল বিভাগের চূড়ান্ত রায়ের পরেও বছরের বছর কেটে যাচ্ছে। তারেক মাসুদ ও মিশুক মুনীরের পরিবারের প্রত্যেককে দেওয়া চার কোটি টাকার ক্ষতিপূরণ পরিশোধের কোনো লক্ষণ নেই।
রাজধানীর কারওয়ান বাজারে দুই বাসের চাপায় সরকারি তিতুমীর কলেজের ছাত্র রাজীব হোসেনের হাত হারানোর দুই দিনের মাথায় বাসের চাপায় মেরুদণ্ডের হাড় ভেঙে গিয়েছিল গৃহবধূ আয়েশা খাতুনের। এসব পরিবারের ক্ষতিপূরণ পাওয়ার বিষয়ে হাইকোর্টের প্রচেষ্টায় এখনো সাফল্য আসেনি।
সবশেষ বাসের চাকায় পা হারানো রাসেল সরকারকে গ্রিন লাইন কর্তৃপক্ষ যে প্রক্রিয়ায় পাঁচ লাখ টাকা ক্ষতিপূরণ দিল, তা নিশ্চয় একটি ইতিবাচক ঘটনা। কিন্তু এ বিষয়ে সন্তোষ প্রকাশ করা সহজ নয়। গ্রিন লাইন কর্তৃপক্ষ রাসেলের সুচিকিৎসায় কোনো ধরনের মানবিক উদাহরণ তৈরি করেনি। পরিবহন খাতের যাঁরা কর্ণধার, তাঁরা নিজেরা রাসেলের পাশে দাঁড়াননি, গ্রিন লাইনকেও কোনো চাপ দেননি। এর মধ্য দিয়ে দুর্ঘটনায় ক্ষতিপূরণ দিতে পরিবহনমালিকদের দৃষ্টিভঙ্গির পরিচয় মেলে। আগামী এক মাসের মধ্যে গ্রিন লাইন বাকি ৪৫ লাখ টাকা দেবে কি না, সেটাই এখন দেখার বিষয়।
আমরা ক্ষতিপূরণ প্রদানের স্থায়ী বিধিবদ্ধ ব্যবস্থা চালুর বিষয়ে ত্বরিত উচ্চপর্যায়ের রাজনৈতিক নির্দেশনার দাবি জানাই।