হাইকোর্টের আদেশে সড়ক দুর্ঘটনায় হতাহত ব্যক্তিদের ক্ষতিপূরণ দেওয়া এবং ২০১৮ সালের সড়ক পরিবহন আইনের আওতায় ক্ষতিপূরণ দেওয়া দুটি আলাদা বিষয়। হাইকোর্ট নিহত রাজীব হোসেনের পরিবারকে আগামী দুই মাসের মধ্যে ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে বলেছেন। আশা করব, এই টাকা দিতে ওজর-আপত্তি আমরা দেখব না। কিন্তু জাতীয় বাজেট পাসের উপলক্ষ সামনে রেখে আমরা সবচেয়ে বেশি আশা করব সরকার যাতে ২০১৮ সালের সড়ক পরিবহন আইনে বর্ণিত ক্ষতিপূরণ প্রদানের নিয়মতান্ত্রিক বিধান বাস্তবায়নে উদ্যোগী হয়।
গত ১০ বছরে সড়কে ২৫ হাজার মানুষের প্রাণ হারানোর ভয়াবহ তথ্য বাজেট অধিবেশনেই প্রকাশ করা হয়েছে। ঈদুল ফিতরের দিনসহ এর আগে-পরে দেড় শতাধিক মানুষ প্রাণ হারিয়েছে। অথচ স্বজন হারানো পরিবারগুলোর পাশে দাঁড়াতে রাষ্ট্রের কোনো অঙ্গীকার নেই; এমনকি যেন কোনো অনুভূতি নেই। প্রতিদিন হতাহতের ঘটনা ঘটছে। রাষ্ট্র সড়ক নিরাপদ রাখতে ব্যর্থ। সড়কে নিহত ব্যক্তিদের স্বজনদের প্রতি আর্থিক সহায়তার হাত বাড়িয়ে দেবে, তাতেও তাদের ভীষণ কার্পণ্য। আসলে রাষ্ট্রের এই ঔদাসীন্য, এই যান্ত্রিক মনোভাব কোনোভাবেই মার্জনা করা যায় না।
হাইকোর্ট ২০১৬ থেকে ২০১৯ সালের মধ্যে অনধিক ১০টি পরিবারকে অনধিক ১০ কোটি টাকা ক্ষতিপূরণ প্রদানের নির্দেশ দিলেও তার বাস্তবায়নের হার মোটেই সন্তোষজনক নয়। ক্ষতিপূরণের বেশির ভাগ মামলাই নিম্ন আদালতে বিচারাধীন। যত দূর জানা যায়, দেশের ইতিহাসে এ পর্যন্ত দীর্ঘ লড়াই শেষে মাত্র দুটি মামলায় ক্ষতিপূরণ পেয়েছে নিহত ব্যক্তির পরিবার। সম্প্রতি পা হারানো একজনকে দেওয়া ৫০ লাখ টাকা ক্ষতিপূরণের মধ্যে মাত্র ৫ লাখ টাকা আদালতকক্ষেই উশুল করা হয়েছে। বাকি অর্থ আদায় নিয়ে বাহ্যত অনিশ্চয়তা দেখা দিয়েছে। এসবই নির্দেশ করে ক্ষতিপূরণদানের সংস্কৃতি দেশে অনুপস্থিত। এটা বেসরকারি খাতে গ্রহণযোগ্য করতে হলে আগে রাষ্ট্রকে এগিয়ে আসতে হবে।
সড়ক পরিবহন আইনের ৫২ ধারা বলেছে, কোনো ব্যক্তি আঘাতপ্রাপ্ত, ক্ষতিগ্রস্ত বা আঘাতপ্রাপ্ত হয়ে মারা গেলে ক্ষতিগ্রস্ত ব্যক্তি বা ক্ষেত্রমত, তার উত্তরাধিকারীগণ ক্ষতিপূরণ পাবেন। সরকারের অধীনে গঠিত আর্থিক সহায়তা তহবিল থেকে একটি ট্রাস্টি বোর্ড কর্তৃক নির্ধারিত হারে ক্ষতিপূরণ বা চিকিৎসার খরচ দেওয়া হবে। টাকার পরিমাণ বিধি দ্বারা নির্ধারিত হারে ও পদ্ধতিতে ঠিক হবে। আইন আরও বলেছে, মোটরযানের মালিক বা প্রতিষ্ঠান থেকে মোটরযানের শ্রেণিবিন্যাস বিবেচনাক্রমে প্রত্যেক মোটরযানের বিপরীতে আর্থিক সহায়তা তহবিলের জন্য বার্ষিক বা এককালীন চাঁদা আদায় করা হবে। সুতরাং এটা পরিষ্কার যে আইনে শুধু গাড়িমালিকদের চাঁদার টাকায় তহবিল করার কথাই বলা আছে। কিন্তু আমরা মনে করি, ক্ষতিপূরণের তহবিলে রাষ্ট্রের একটা অংশ থাকতে হবে। কারণ, সড়ক দুর্ঘটনায় শাসনগত ব্যর্থতার বিষয় রয়েছে। তহবিল গঠনের বিষয়টি পুরোপুরি মালিকদের কাছ থেকে চাঁদা আদায়নির্ভর রাখা হয়েছে। সে কারণে মালিকেরা তা ঠেকিয়ে রাখবেন। সরকার তঁাদের চাপের কাছে আত্মসমর্পণ করছে বলেই প্রতীয়মান হয়। এটা তাই পরিতাপের বিষয়, কর্তৃপক্ষ সংশ্লিষ্ট বিধি কার্যকর করতে ধীরে চলো নীতি অনুসরণ করে কার্যত রাজনৈতিকভাবে শক্তিশালী পরিবহন খাতকে দায়মুক্তি দেওয়ার নীতিই অনুসরণ করছে। স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত আমরা দুঃখজনকভাবে মালিকপক্ষকে দায়মুক্তি দেওয়ার নীতিই সব কটি সরকারকে মানতে দেখলাম। আগের আইনে ক্ষতিপূরণ নির্ধারণের এখতিয়ার ছিল ক্লেইমস ট্রাইব্যুনালের। কিন্তু কোনো সরকারই সেই বিধান কার্যকর করেনি।
বিআরটিএর চেয়ারম্যান সম্প্রতি আমাদের দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, বিধির খসড়া হয়েছে। দুই মাসের মধ্যে তা কার্যকর হবে। তবে বিধি হলেই যে সুষ্ঠুভাবে তহবিল গঠন হবে, তা অনিশ্চিত। সুতরাং বাজেটে অর্থ বরাদ্দ রাখাই সমীচীন।