সড়ক দুর্ঘটনা কি বেড়েই চলবে?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শনিবার সকালে গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে একটি হিউম্যান হলারের (লেগুনা) মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ছয় ব্যক্তি প্রাণ হারান, আহত হন নয়জন। পরদিন সকালে গাজীপুরেরই এক পিকআপ ভ্যান উল্টে গিয়ে চারজনের মৃত্যু ঘটে এবং আহত হন ১৪ জন। একই এলাকায় দুই দিনে সড়ক দুর্ঘটনায় মোট ১০ জন মানুষের মারা যাওয়া এবং ২৩ জনের আহত হওয়া বড় রকমের দুঃসংবাদ। কিন্তু আমাদের জাতীয় সংবাদমাধ্যমে সংবাদ দুটি বিশেষ গুরুত্ব পায়নি।
কারণ, সড়ক দুর্ঘটনায় মানুষের প্রাণহানি এ দেশে এখন এমনই নৈমিত্তিক বিষয়ে পরিণত হয়েছে যে তার সংবাদমূল্য কমে গেছে। যে ঘটনা হরহামেশাই ঘটে, প্রথাগত সাংবাদিকতায় তা সংবাদ হিসেবে গুরুত্ব হারায়। কিন্তু মানুষের মৃত্যু এমনই এক গুরুতর বিষয় যে কোনো পরিস্থিতিতেই তার গুরুত্ব কমে না। সমস্যাটি ক্রমেই প্রকটতর হচ্ছে, কিন্তু এর সমাধানের লক্ষ্যে যে বিশেষভাবে তৎপর হওয়া উচিত, সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মধ্যে তেমন তাগিদ দৃশ্যমান নয়। বরং মনে হয়, প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনায় প্রচুরসংখ্যক মানুষের মৃত্যু ও অঙ্গপ্রত্যঙ্গ হারিয়ে চিরতরে অচল-অক্ষম হয়ে পড়া সমাধানের অতীত এক সমস্যা বলে ধরে নেওয়া হচ্ছে।
বিশ্বব্যাংকের হিসাবে বাংলাদেশে প্রতিবছর গড়ে ২১-২২ হাজার মানুষ মারা যায়। কিন্তু আমাদের সরকারি হিসাবে বলা হয়, সড়ক দুর্ঘটনায় বছরে নিহত মানুষের সংখ্যা গড়ে আড়াই থেকে তিন হাজার। অবশ্য বুয়েটের দুর্ঘটনা গবেষণা ইনস্টিটিউট বলে, সংখ্যাটি ১২-১৩ হাজার। সরকারি হিসাবে কম দেখানোর মধ্যে সড়ক দুর্ঘটনার সমস্যাকে খাটো করে দেখানোর প্রবণতা কাজ করে। কিন্তু এটা কোনোভাবে খাটো করে দেখার সুযোগ নেই। সড়ক দুর্ঘটনায় নিহত মানুষের মধ্যে ৮০ শতাংশের বয়স ৫ থেকে ৪৫ বছরের মধ্যে। তাঁদের অধিকাংশই উপার্জন করেন, কেউ কেউ পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। আর যাঁরা আহত হন তাঁদের একটা বড় অংশ কর্মক্ষমতা হারিয়ে ফেলেন। বিশ্বব্যাংক হিসাব দিয়েছে, সড়ক দুর্ঘটনার কারণে বাংলাদেশে ক্ষতির পরিমাণ জিডিপির ১ দশমিক ৬ শতাংশের সমান।
সুতরাং এই সমস্যাকে সমাধানের অতীত ভেবে নিষ্ক্রিয় থাকলে চলবে না। কী কী কারণে সড়ক দুর্ঘটনা ঘটে, দুর্ঘটনা কমাতে হলে কী কী করতে হবে, তা বিশেষজ্ঞরা অবিরাম বলে চলেছেন। প্রয়োজন বিআরটিএ, যোগাযোগ মন্ত্রণালয় ও ট্রাফিক পুলিশ কর্তৃপক্ষের আন্তরিক ও কার্যকর উদ্যোগ।