দেখা যাচ্ছে, নির্বাচনের বছরে এসে দেশের বেহাল সড়কগুলো নির্বাচিত সাংসদদের টনক নড়িয়ে দিয়েছে। এলাকার মানুষ তথা ভোটারদের কথাও যে তাঁদের স্মরণে রাখা উচিত, তা তাঁরা টের পাচ্ছেন এখন, যখন নির্বাচনের সময় এগিয়ে আসছে। কিন্তু তাঁদের এদিকে দৃষ্টি রাখা উচিত ছিল সংসদের পুরো মেয়াদকালেই। এলাকার রাস্তাঘাটের দুরবস্থার জন্য জনসাধারণের দুর্ভোগ লেগেই রয়েছে, কিন্তু জাতীয় সংসদে এই বিষয়টি আলোচনা হয় না। সাংসদেরা সংসদে প্রশ্ন তোলেন না, কেন একটা সড়ক নির্মাণের পর ছয় মাস না যেতেই ভেঙেচুরে যায়। কেন মেরামত করার পরে অচিরেই আবার ভেঙে যায়, কেন অবিরাম মেরামতির প্রয়োজন দেখা দেয়। রাস্তাঘাট নির্মাণ ও রক্ষণাবেক্ষণের জন্য জনগণের হাজার হাজার কোটি টাকা ব্যয় করা হয়, কিন্তু জনগণ তার সুফল পায় না। এই অবস্থা কেন? সাংসদেরা কি জাতীয় সংসদে এই প্রশ্ন কখনো জোরালোভাবে উত্থাপন করেছেন? জবাবদিহি চান?
গত রোববার পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় সাংসদেরা বলেছেন, বিটুমিনের বদলে সড়ক নির্মাণ করতে হবে ক্রংক্রিট দিয়ে; কারণ, তাঁদের ভাষ্য, বিটুমিনে তৈরি সড়ক টেকসই হয় না, কংক্রিটে টেকসই হয়। সাংসদেরা এই প্রস্তাব দিচ্ছেন, আবার একই সঙ্গে কোন দেশে কী দিয়ে সড়ক তৈরি করা হয়, তা সরেজমিনে দেখার জন্য সদলবলে বিদেশ সফরে যাওয়ার কথা বলছেন। এসব ভালো কথা নয়।
রাস্তাঘাট নির্মাণের উপকরণ ও পদ্ধতি সমস্যা নয়। সমস্যা হলো সততার অভাব। অতি নিম্নমানের বিটুমিন দিয়ে তৈরি রাস্তা টেকসই হয় না। দেশের রাস্তাঘাটের দুরবস্থার মূল ও স্থায়ী কারণ ব্যাপক দুর্নীতি। এই খাতে দুর্নীতি একটা স্থায়ী ব্যবস্থার রূপ নিয়েছে। প্রথম করণীয় হচ্ছে সেই দুর্নীতির ব্যবস্থাটা ভেঙে দেওয়া, পরিপূর্ণ স্বচ্ছতা ও কঠোর জবাবদিহি প্রতিষ্ঠা করা। এ বিষয়ে গুরুত্ব না দিয়ে সড়ক নির্মাণের উপকরণ ও কারিগরি পদ্ধতি বদল করে কাজের কাজ কিছুই হবে না। আর সমস্যাটা শুধু নির্বাচনের বছরের নয়, সব সময়ের।