রোববার প্রথম আলোয় নিউইয়র্ক টাইমস ও গার্ডিয়ান থেকে যে দুটি প্রতিবেদনের ভাষান্তর ছাপা হয়েছে, তাতে বাংলাদেশের সড়ক ব্যবস্থাপনার বেহাল ও নৈরাজ্যকর চিত্রই ফুটে উঠেছে। নিউইয়র্ক টাইমস-এর প্রতিবেদনে যে ঢাকা নগরের অসহনীয় যানজটের সরস বর্ণনা দেওয়া হয়েছে, নগরের বাসিন্দামাত্রই তার সঙ্গে পরিচিত। কিন্তু এই সংকট থেকে উত্তরণে যেসব সাহসী ও দূরদর্শী পদক্ষেপ নেওয়া প্রয়োজন, বাস্তবে তা দেখা যাচ্ছে না। ফলে ঢাকার যানজট ভয়াবহ রূপ নিয়েছে।
তবে গার্ডিয়ান-এর প্রতিবেদনে ঢাকা-সিলেট মহাসড়কের সমস্যা তুলে ধরার পাশাপাশি একটি আশাজাগানিয়া সুসংবাদও রয়েছে। এতে বলা হয়, নেদারল্যান্ডসের সেফ ক্রসিংস ২০১৪ সালে সেন্টার ফর ইনজুরি, প্রিভেনশন, হেলথ ডেভেলপমেন্ট অ্যান্ড রিসার্চের (সিআইপিআরবি) সঙ্গে মিলে এই সড়কের দুর্ঘটনাপ্রবণ তিনটি স্থানে সড়ক নিরাপত্তার কাজ শুরু করেছে এবং এতে সফলতাও পেয়েছে। প্রথম বছরেই দুর্ঘটনায় মৃত্যুর হার ৬০ শতাংশের বেশি হ্রাস পায়। এ ব্যাপারে সেফ ক্রসিংসের অন্যতম প্রতিষ্ঠাতা ইয়াসপার ভেতের মন্তব্যটি গুরুত্বপূর্ণ। তিনি বলেছেন, ‘এই ফলাফল সরকার, ব্যাংক ও উন্নয়নদাতাদের এই বার্তা দেয় যে সড়ক নিরাপত্তার জন্য ছোট ছোট কিছু বিনিয়োগ প্রতিবছর শত শত মানুষের জীবন বাঁচাতে পারে।’
দুর্ঘটনা প্রতিরোধে সেফ ক্রসিংস মহাসড়কের কিছু স্থানে রাম্বল স্ট্রিপ নির্মাণ করে, যাতে চালকেরা বুঝতে পারেন তাঁরা গ্রামের পাশ দিয়ে চলে যাওয়া সড়কে ঢুকছেন এবং তাঁদের গাড়ির গতি কমাতে হবে। যেসব স্থান দিয়ে লোকজন বেশি রাস্তা পার হয়, সেখানে আঁকা হয়েছে পথচারী পারাপারের চিহ্ন। মহাসড়কের যত্রতত্র বাস থামানোর অভ্যাস বন্ধ করতে নির্মাণ করা হয়েছে বাসস্টপ। গ্রামের কাছাকাছি সড়কের অংশে আলোর প্রতিফলন হয় এমন রেখা টেনে দেওয়া হয়েছে, যাতে চালকেরা আগেই সতর্ক হতে পারেন।
এসব পদক্ষেপ নিতে বেশি অর্থ ব্যয় হয়নি বলে ইয়াসপার বলেছেন, ‘ছোট ছোট বিনিয়োগ।’ কেবল ঢাকা-সিলেট সড়ক নয়, অন্যান্য সড়ক-মহাসড়কেও অনুরূপ কর্মসূচি নেওয়া প্রয়োজন। ছোট্ট একটি উদ্যোগই অনেক জীবন বাঁচাতে পারে।