ঈদের বাড়ি ফেরা বলতে যা বোঝায়, তা এখনো শুরু হয়নি। কিন্তু সড়ক-মহাসড়কে যানবাহনের সাধারণ যে চাপ, তাতেই মাইলের পর মাইল দীর্ঘ যানজট তৈরি হচ্ছে। দেশের ছয়টি মহাসড়কের ৫৩৭ কিলোমিটার রাস্তা যদি বেহাল হয়, তবে পরিস্থিতি যা হওয়ার তা–ই হচ্ছে। ঈদের চাপ শুরু হলে অবস্থা কী দাঁড়াতে পারে, তা ভেবে কার্যত এক আতঙ্কের পরিস্থিতি তৈরি হয়েছে।
প্রতিবছরই ঈদের সময় বাড়ি ফেরা মানুষের বাড়তি চাপ থাকে। বিষয়টি হুট করে তৈরি হওয়া কোনো সমস্যা নয়। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে প্রতিবছরই পরিস্থিতি মোকাবিলায় ব্যর্থতার বিষয়টি প্রকট হয়ে ওঠে। সেতু বিভাগের হিসাব অনুযায়ী, উত্তরবঙ্গে যাওয়ার জন্য সাধারণভাবে গড়ে প্রতিদিন বঙ্গবন্ধু সেতু হয়ে ১৬ হাজার যানবাহন চলাচল করে। ঈদের সময় এর সঙ্গে বাড়তি আরও দুই হাজার যানবাহন যুক্ত হয়। এই হিসাবকে বিবেচনায় নিয়ে বলা যায়, দেশের সব সড়ক–মহাসড়কেই কম–বেশি একই মাত্রায় চাপ বাড়ে। ফলে এই সময়ে যানবাহনের বাড়তি চাপ মোকাবিলায় বাড়তি কিছু তৎপরতা, নজরদারি ও ব্যবস্থাপনাগত নানা উদ্যোগ দরকারি হয়ে পড়ে। কিন্তু মহাসড়কগুলো যদি নিরবচ্ছিন্ন চলাচলের অনুপযোগী বা বিভিন্ন স্থানে খানা-খন্দকে ভরে যায়, তবে পরিস্থিতি সামাল দেওয়ার সুযোগ থাকে কি?
এটা খুবই হতাশার যে প্রতিবছর ঈদের ঠিক আগে আগে এ নিয়ে সংশ্লিষ্টদের বা মন্ত্রীর দৌড়ঝাঁপ লক্ষ করা যায়। আমরা এটা বুঝতে পারি না যে কাজটি আগে থেকে শুরু করলে কী হয়? সেপ্টেম্বরের শুরুতে ঈদ হবে, এটা কি আগে জানা ছিল না? মানুষ আগস্টের শেষে বাড়ি যেতে শুরু করবে—এটি নতুন তথ্য? অথবা এই সময়টি বর্ষার এবং তখন রাস্তাঘাট এমনিতেই ক্ষতিগ্রস্ত হয়।
ঈদের সময়ে যানবাহনের চাপের কারণে যাত্রায় বাড়তি কিছু সময় লাগবে, এটা প্রত্যাশিত। কিন্তু ঈদ ও বাড়তি যানবাহনের চাপ বিবেচনায় রেখে যদি সড়ক-মহাসড়কগুলো আগেভাগেই মেরামত ও নিরবচ্ছিন্ন রাখার উদ্যোগ নেওয়া হতো, তবে পরিস্থিতি এতটা শোচনীয় হওয়ার কথা নয়। যাত্রীকল্যাণ সমিতির তরফে অভিযোগ, ঈদের আগে তড়িঘড়ি সড়ক মেরামত আসলে লুটপাটের সুযোগ করে দেয়। আর এসব মেরামত কোনো কাজেও দেয় না। রোজার ঈদের আগেও এ ধরনের মেরামত হয়েছিল, সেগুলো যদি কাজে দিত, তবে রাস্তার দশা মাস দুয়েকের মধ্যেই এতটা বেহাল হয়ে পড়ত না।
ঈদযাত্রা বা মানুষের বাড়ি ফেরার মূল যাত্রা শুরু না হলেও মহাসড়কগুলোর কোথাও ৫ কিলোমিটার, কোথাও ১০ কিলোমিটার, এমনকি ৪২ কিলোমিটার পর্যন্ত যানজটের তৈরি হয়েছে। সরকার এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও কর্তৃপক্ষের যথাসময়ে যথাযথ উদ্যোগ গ্রহণে ব্যর্থতা ও অদক্ষতার কারণে প্রতিবছরই ঈদে ঘরমুখী যাত্রীদের চরম দুর্ভোগের মুখোমুখি হতে হয়। এবারও তার ব্যতিক্রম হবে বলে মনে হয় না।