সড়ক-মহাসড়কে মৃত্যুর মিছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত মঙ্গল ও বুধবার সারা দেশে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে অন্তত ২৮ জন। সাধারণভাবে দুর্ঘটনা আমরা তাকেই বলতে পারি, যার ওপর কারও হাত থাকে না। কিন্তু এসব দুর্ঘটনায় মানুষের হাত ছিল না, তা বলা যাবে না। অধিকাংশ দুর্ঘটনার কারণ চালকের অদক্ষতা, নিয়ম না মেনে চলাচল এবং সড়ক ব্যবস্থাপনাগত ত্রুটি।
টাঙ্গাইলের মধুপুরে ট্রাক-টেম্পোর মুখোমুখি সংঘর্ষে তিন শিশুসহ ১০ জনের প্রাণহানির পেছনের মূল কারণ ট্রাকটির বেপরোয়া গতি বলে জানিয়েছেন প্রত্যক্ষ্যদর্শীরা। বেপরোয়া গতিতে গাড়ি চালানোর কারণে কোনো যানবাহন বা এর চালকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে এমন নজির নেই বললেই চলে। নৌমন্ত্রী আগে বলেছিলেন, গরু–ছাগল চিনলেই নাকি ড্রাইভিং লাইসেন্স দেওয়া যায়। এখন তিনি কী বলবেন? এসব দুর্ঘটনার দায় কীভাবে এড়াবে রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)?
নির্মাণাধীন সেতুর ওপর চালিয়ে বাস খাদে!নওগাঁ-রাজশাহী মহাসড়কে ট্রাকের ধাক্কায় নিহত হয়েছে এক শিশুসহ চার ভ্যানযাত্রী। যে সড়কে দ্রুতগতির যান্ত্রিক যানবাহন চলে, সেখানে এ ধরনের ভ্যান চলাচল নিষিদ্ধ থাকাই বাঞ্ছনীয়। কাগজপত্রে হয়তো আছেও। কিন্তু সেটি কার্যকর হলো কি না, তা দেখার কেউ নেই। ফলে করিমন, নছিমন, ভটভটির মতো যানবাহন দিব্যি চলাচল করছে ব্যস্ততম এসব সড়কে। এর আগে ঝালকাঠির বরিশাল-খুলনা আঞ্চলিক সড়কে নির্মাণাধীন সেতুতে বাস চালিয়ে আটজনের প্রাণহানির ঘটনাটিকেও দুর্ঘটনা বলা যায় না। নির্ধারিত বিকল্প রাস্তার জন্য যে একটি সতর্কতামূলক নির্দেশনার প্রয়োজন ছিল, তা কেন সেখানে ছিল না? কর্তৃপক্ষ এর কী জবাব দেবে?
সড়ক ও সেতুমন্ত্রীকে মাঝেমধ্যেই বিভিন্ন সড়ক পরিদর্শন করে সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্দেশ–উপদেশ দিতে দেখা যায়। কিন্তু সেই নির্দেশ–উপদেশের কিছুটা বাস্তবায়ন হলে সড়ক–মহাসড়কগুলোতে এভাবে বেঘোরে মানুষ মারা যেত না।
মৃত্যুর মিছিল আরও কত দীর্ঘ হলে কর্তৃপক্ষের টনক নড়বে?