গতকাল প্রথমআলোয় যশোরের পালবাড়ি-দড়াটানা-মনিহার-মড়ুলি জাতীয় মহাসড়কের যে সচিত্র প্রতিবেদন ছাপা হয়েছে, তাতে দেখা যায় পিচ উঠে যাওয়া রাস্তায় যাত্রী ও পণ্যবাহী যানবাহনগুলোকে রীতিমতো যুদ্ধ করতে হচ্ছে। এটি বিচ্ছিন্ন ঘটনা নয়। দু-চারটি ব্যতিক্রম ছাড়া দেশের অধিকাংশ সড়ক-মহাসড়কের অবস্থা নাজুক। খোদ রাজধানীও এ থেকে মুক্ত নয়।
আরও উদ্বেগের বিষয় হলো, পৌনে সাত কোটি টাকা ব্যয়ে যশোরের ওই সড়কটি সংস্কারের ছয় মাসের মাথায় যে অবস্থা তৈরি হয়েছে, তাতে এ ধারণা অমূলক নয় যে সেখানে সংস্কারের নামে অর্থ লুটপাট হয়েছে। না হলে ছয় মাসের ব্যবধানে সড়কটি যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়বে কেন? যেনতেন প্রকারে সড়কের সংস্কারকাজের অভিযোগ নতুন নয়। সংস্কারকাজ শেষ করার এক বছর না যেতেই কাহালু-বগুড়া সংযোগ সড়কের প্রায় পাঁচ কিলোমিটারজুড়ে বেহাল অবস্থা দেখা দিয়েছে বলে পত্রিকান্তরে আরেকটি খবর প্রকাশিত হয়েছে।
প্রথমআলোর প্রতিবেদন অনুযায়ী, বকচর এলাকা থেকে মড়ুলি মোড়ের আগ পর্যন্ত অন্তত এক কিলোমিটারের মধ্যে রাস্তা দেবে গেছে। বিটুমিনের রাস্তার এক ফুটের মতো টানা লম্বা গর্ত। এ ছাড়া মনিহার প্রেক্ষাগৃহ-সংলগ্ন এলাকার সড়কেও ফাটল দেখা দিয়েছে। ফলে প্রায়ই যানবাহন দুর্ঘটনার শিকার হচ্ছে।
এ ব্যাপারে সওজ কর্তৃপক্ষ ও ঠিকাদারি প্রতিষ্ঠান একে অপরের ওপর দায় চাপিয়ে পার পাওয়ার চেষ্টা করছে। সওজ বলেছে, সংস্কারকাজে ব্যবহৃত ইট-বালু-পাথর নিম্নমানের ছিল। আর ঠিকাদারি প্রতিষ্ঠান বলেছে, ওই এলাকার মাটি খারাপ বলে এ অবস্থার সৃষ্টি হয়েছে এবং বিষয়টি তারা নাকি কর্তৃপক্ষকে আগেই জানিয়েছিল। আসলে এর দায় কেউ এড়াতে পারে না। ঠিকাদারি প্রতিষ্ঠান ঠিকমতো কাজ না করে থাকলে সওজ কী ব্যবস্থা নিয়েছে, তা জানার অধিকার জনগণের আছে। আমরা এ ব্যাপারে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন এবং দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানাই।
ঈদের আগেই বিভিন্ন স্থানের বেহাল সড়কগুলো মেরামতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক। তাতে যাত্রীসাধারণের ঈদযাত্রার ভোগান্তি কিছুটা হলেও কমবে।