সড়কে অবৈধ বাজার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একদিকে ঢাকা উত্তর সিটি করপোরেশন ফুটপাত দখলমুক্ত করার চেষ্টা করছে, সড়ক থেকে বাসস্ট্যান্ড সরিয়ে নিচ্ছে, অন্যদিকে সেই করপোরেশনেরই ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কাজী জহিরুল ইসলাম সড়কে বাজার বসালেন। সড়কে বাজার বসলে মানুষের চলাচলের অসুবিধা হয়। সবচেয়ে বড় কথা রাস্তায় বাজার বসানোর ক্ষমতা কাউন্সিলরকে কোন আইন বা কে দিয়েছে! অথচ তাঁর মুখের কথায় এই বাজারটি বসল।
পুরো ঢাকা শহরটাই যেন বাজার হয়ে গেছে। পাড়ার মোড়ে, গলির সামনে—কোথায় নেই বাজার। শহরে মানুষ বেড়েছে, ফলে এসব বাজারের ক্রেতার কমতি নেই। মানুষও ঘরের সামনে সদাই পেয়ে একরকম খুশি, কষ্ট করে বাজারে যেতে হচ্ছে না। তখন আমাদেরও খেয়াল থাকে না, এ কারণে সড়কে যান চলাচলে বিঘ্ন ঘটছে।
এর আগে আমরা দেখেছি, এজিবি কলোনির রাস্তায় ইট সিমেন্টের দেয়াল তুলে কাঁচাবাজার তৈরি হয়েছিল। সে কারণে ওখানকার ৭৮ ফুট চওড়া সড়ক ৪০ ফুটে নেমে আসে। বিস্ময়কর ব্যাপার হচ্ছে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনই রাস্তার ওপর এই বাজার তৈরির অনুমতি দিয়েছিল।
কথা হচ্ছে, একটি শহরের যেখানে-সেখানে খেয়ালখুশিমতো স্থাপনা নির্মাণ বা বাজার বসানো যায় না। কোথায় সেগুলো করা যাবে, তার কিছু নিয়মনীতি আছে। নাগরিক হিসেবে সে আইন আমাদের মেনে চলতে হবে। অবৈধভাবে বাজার বসিয়ে জনপ্রতিনিধি ভাড়া আদায় করবেন, সেটা হতে পারে না।
৩ নম্বর ওয়ার্ডে আর কোনো কাঁচাবাজার না থাকায় সেখানে একটি বাজারের প্রয়োজন আছে বলে মনে করেন স্থানীয় বাসিন্দারা। কিন্তু তাই বলে এই কায়দায় ওয়ার্ড কাউন্সিলরের কথায় রাস্তায় বাজার বসতে পারে না। সিটি করপোরেশনের উচিত একটি উপযুক্ত জায়গা নির্ধারণ করে সেখানে বাজার বসানো। এই ওয়ার্ড কাউন্সিলরের বিরুদ্ধে কী ব্যবস্থা নেয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, সেটাই এখন দেখার বিষয়।