সড়কে টোল আদায়ের নীতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাণ্ডটা তুঘলকি। সেতু নির্মাণের খরচ উঠে যাওয়ার পর কমার বদলে বুড়িগঙ্গা প্রথম চীন মৈত্রী সেতুর টোল বাড়ানো হয়েছিল দ্বিগুণেরও বেশি। শ্রমিক ও চালকদের আন্দোলন-অবরোধের চাপে টোলের হার পূর্বাবস্থায় ফিরলেও টোল নির্ধারণের প্রশ্নটার মীমাংসা হয়নি। সড়ক, জনপথ ও সেতুর বিষয়ে সরকারের দৃষ্টিভঙ্গি কি বাণিজ্যিক হবে নাকি হবে সেবাভিত্তিক? সড়ক-সেতুতে চলাচল উত্তরোত্তর ব্যয়বহুল করার যে প্রক্রিয়া চলতে দেখা যাচ্ছে, সে পরিপ্রেক্ষিতে এ প্রশ্ন ওঠা স্বাভাবিক।
বুড়িগঙ্গা নদীর ওপর চীন মৈত্রী সেতুটি নির্মাণ করা হয় ১৯৮৮ সালে। নির্মাণের পর থেকেই এখন পর্যন্ত এর ওপর দিয়ে চলাচলকারী সব যান্ত্রিক বাহনে টোল আদায় করা হচ্ছে। কেবল তা-ই নয়, সম্প্রতি সব যানবাহনের টোল আগের হারের চেয়ে আড়াই থেকে তিন গুণ পর্যন্ত বাড়ানো হয়। অথচ ১৯৯৫ সালে চালু হওয়া বুড়িগঙ্গা দ্বিতীয় সেতু ইতিমধ্যে টোলমুক্ত হয়ে গেছে। তৃতীয় সেতুটিও ইতিমধ্যে টোলমুক্ত। তাহলে একযাত্রায় বিপরীত ফল কেন? এ প্রশ্নের কী উত্তর দেবে আমাদের সড়ক ও জনপথ বিভাগ?
দ্বিতীয় দিনের মতো অবরোধ আন্দোলনের চাপে বর্ধিত টোল প্রত্যাহার করা হলেও টোল আদায়ের হার ও সময়সীমা বিষয়ে যুক্তিযুক্ত নীতিমালা ও ব্যবস্থাপনা থাকা প্রয়োজন। বুড়িগঙ্গার প্রথম চীন মৈত্রী সেতু নির্মাণের ব্যয় বহন করেছিল গণপ্রজাতন্ত্রী চীন। যে সেতুতে সরকারকে ঋণ করতে হয়নি, রাষ্ট্রীয় তহবিল ব্যবহার করতে হয়নি, সেই সেতুর জন্য টোল আদায় ন্যায্য নয়। মূল বিষয় হলো, সরকারের মধ্যে সব রকম জনসেবামূলক কর্মসূচিকে বাণিজ্যিক দৃষ্টিভঙ্গিতে দেখা হচ্ছে। জনগণ কর দেন রাষ্ট্রের কাছ থেকে সুবিধা পাবেন বলে।
সে ক্ষেত্রে কোথায় কতটুকু ব্যবহারের জন্য জনগণের কাছ থেকে কতটা অর্থ নেওয়া হবে, তার নিরিখ হওয়া উচিত সেবামূলক। দুঃখের কথা, জনস্বার্থ রক্ষার এ–জাতীয় আলোচনা ও নীতিনির্ধারণ জাতীয় সংসদ থেকেই হওয়া দরকার ছিল। আমরা এ বিষয়ে সরকারি নীতিমালার সংশোধন দাবি করি।