গত মঙ্গলবার মালিবাগের চৌধুরীপাড়া এলাকায় বাসের নিচে চাপা পড়ে দুই নারীর মৃত্যু, বাসে আগুন ও ভাঙচুরের ঘটনা সড়কপথে সার্বিক নৈরাজ্য ও বিশৃঙ্খলার একটি উদাহরণ মাত্র। সড়ক দুর্ঘটনায় একই দিনে ব্যাংক কর্মকর্তা ও শিক্ষকসহ সারা দেশে আরও ছয়জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
প্রকাশিত খবর অনুযায়ী, মালিবাগের একটি কারখানার শ্রমিক পারভিন পলি তাঁর সঙ্গে থাকা কিশোরী মিম আক্তারকে নিয়ে কারখানা থেকে দুপুরের খাবার খাওয়ার পর বাসা থেকে কর্মস্থলে যাওয়ার জন্য রাস্তা পার হচ্ছিলেন। এ সময় সুপ্রভাত পরিবহনের একটি বাস তাঁদের চাপা দিয়ে চলে যায়। এতে মিম ঘটনাস্থলে নিহত হয় এবং পলিকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। বাসটি চাপা দেওয়ার আগে মিম ও পলি বাসের দিকে হাত তুলে চিৎকার করে সেটি থামানোর চেষ্টা করেছিলেন। একজন প্রত্যক্ষদর্শী বলেছেন, বাসটি তুরাগ পরিবহনের আরেকটি বাসের সঙ্গে পাল্লা দিয়ে চলছিল। তদুপরি যেই দূরত্বে বাসটি ছিল, তাতে চালকের পক্ষে থামিয়ে দুর্ঘটনা এড়ানো কঠিন ছিল না।
এই খবর ছড়িয়ে পড়লে আশপাশের কারখানা থেকে শত শত শ্রমিক এসে রাস্তায় বিক্ষোভ ও অবরোধ করেন। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকদের হাতে শতাধিক যানবাহন ভাঙচুর হয় এবং দুটি বাস পুড়ে যায়। শ্রমিক বিক্ষোভের কারণে কয়েক ঘণ্টা সেখানে যানবাহন চলাচল বন্ধ থাকে। বাসচালককে আটকের পর পুলিশ কর্মকর্তাদের সঙ্গে আলোচনার পরিপ্রেক্ষিতে শ্রমিকেরা অবরোধ তুলে নেন।
এই যে সড়ক অবরোধ, মানুষের জানমালের ক্ষতি, দুর্ভোগ—সবকিছুর পেছনে সড়ক দুর্ঘটনা। যাত্রীদের নিরাপত্তাহীনতা। এক গবেষণার তথ্য অনুযায়ী, বাংলাদেশে প্রতিবছর ২৪ হাজারের বেশি মানুষ মারা যায় সড়ক দুর্ঘটনায়। গত বছর বিমানবন্দর সড়কেও দুই বাসের মধ্যে অসুস্থ প্রতিযোগিতার কারণে দুই কলেজশিক্ষার্থীকে জীবন দিতে হয়েছিল। সেই দুর্ঘটনার পর শিক্ষার্থীরা নিরাপদ সড়কের দাবিতে রাস্তায় নেমে আসে এবং দেশব্যাপী আন্দোলন গড়ে তোলে। তাদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে সরকার সড়ক নিরাপত্তা আইন পাস করে, যাতে সড়ক দুর্ঘটনার জন্য শাস্তির মেয়াদ তিন বছর থেকে বাড়িয়ে পাঁচ বছর করা হয়। আইনটিকে সবাই স্বাগত জানালেও পরিবহন শ্রমিক ফেডারেশন বিরোধিতা করে। এই আইন বাতিলের দাবিতে তারা ধর্মঘটও পালন করেছে। কিন্তু তারা এটি বুঝতে চাইছে না যে নিরাপদ সড়ক আন্দোলন কিংবা সড়ক নিরাপত্তা আইন পরিবহনশ্রমিক বা চালকদের বিরুদ্ধে নয়, বরং এই আইন যাত্রীদের পাশাপাশি তাদেরও নিরাপত্তা দেবে।
পরিবহন বিশেষজ্ঞদের মতে, সড়ক নিরাপদ রাখতে হলে পরিবহনশ্রমিকদের যথাযথ প্রশিক্ষণ দিতে হবে। তাঁদের উপযুক্ত মজুরি, কর্মপরিবেশ ও চাকরির নিশ্চয়তা দিতে হবে। অনেক সময় দেখা যায়, দূরপাল্লার বাসে একনাগাড়ে ১৭–১৮ ঘণ্টা পর্যন্ত চালকদের কাজ করতে হয়। এটি অবিলম্বে বন্ধ করা প্রয়োজন। এ ব্যাপারে সরকারের পক্ষ থেকে যেসব নির্দেশনা দেওয়া হয়েছিল, সেটি কার্যকর করা জরুরি।
পরিবহন খাতে নৈরাজ্য ও বিশৃঙ্খলার অন্যতম কারণ চাঁদাবাজি। শ্রমিক সংগঠনের নামে স্বার্থান্বেষী মহল অপ্রশিক্ষিত ও অদক্ষ চালকদের দিয়ে কাজ করাতে উৎসাহী। এতে কথিত শ্রমিক সংগঠন লাভবান হলেও ক্ষতিগ্রস্ত হচ্ছে পরিবহন খাত। একটি দুর্ঘটনা পুরো পরিবারকে কাঁদায় ও নিঃস্ব করে দেয়।
মালিবাগের দুর্ঘটনায় দায়ী ব্যক্তিদের উপযুক্ত শাস্তি দাবি করছি। সেই সঙ্গে নিহত ব্যক্তিদের পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ দেওয়া হোক, যদিও মানুষের জীবনের ক্ষতি কোনো কিছুতেই পুষিয়ে নেওয়ার নয়।