সড়কে মৃত্যুর মহামারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সম্পাদকীয়

সড়ক দুর্ঘটনায় মৃত্যু রীতিমতো মহামারি রূপ নিয়েছে। দেশের সড়ক যোগাযোগ ও পরিবহনে নৈরাজ্যপূর্ণ পরিস্থিতিতে এখন এমনটাই মনে করে নাগরিক সমাজ। প্রথম আলোর প্রতিবেদনে বিদায়ী বছরে সড়কে মৃত্যুর পরিসংখ্যান দেখে বিষয়টি আরও স্পষ্ট হয়ে ওঠে। রোড সেফটি ফাউন্ডেশনের হিসাবে, ২০২১ সালে দেশে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ৬ হাজার ২৮৪ জন। ২০২০ সালের তুলনায় গত বছর সড়কে মৃত্যু বেড়েছে প্রায় ১৭ শতাংশ, সড়ক দুর্ঘটনা বেড়েছে সাড়ে ১৩ শতাংশ। অথচ করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় গত বছর কয়েক ধাপে দেশজুড়ে কঠোর বিধিনিষেধের কারণে মোট ৮৫ দিন গণপরিবহন বন্ধ ছিল। এত দিন গণপরিবহন বন্ধ থাকার পরও সড়ক দুর্ঘটনার সংখ্যা ও মৃত্যু বেড়ে যাওয়ায় বোঝা যাচ্ছে পরিস্থিতি আসলে কতটা ভয়াবহ হয়ে দাঁড়িয়েছে।

সড়ক দুর্ঘটনায় এমন মৃত্যুকে হত্যা বলে মনে করছেন সড়ক পরিবহন বিশেষজ্ঞরা। তাঁরা এ–ও বলছেন, গণমাধ্যমে যে পরিমাণ তথ্য প্রকাশিত হয়, প্রকৃত দুর্ঘটনা তার চেয়ে চার বা পাঁচ গুণ বেশি। সরকারি কোনো প্রতিষ্ঠানও সারা দেশে দুর্ঘটনার তথ্য সংরক্ষণ করে না। ফলে বোঝা যায়, সড়ক দুর্ঘটনা নিয়ে সরকারের নীতিনির্ধারকদের মধ্যে তেমন কোনো উদ্বেগ কাজ করে না। নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের পরও পরিস্থিতির কোনো উন্নতি হয়নি বরং আরও অবনতি হয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, সরকারের দায়িত্বহীনতা ও অব্যবস্থাপনার কারণে সড়কে মৃত্যু কমছে না। পরিবহন খাতের দুর্নীতি, চাঁদাবাজি ও নৈরাজ্য বন্ধ করতে সরকারের রাজনৈতিক সদিচ্ছা নিয়েও প্রশ্ন তুলেছেন তাঁরা। সরকার ও পরিবহনমালিকদের বিরুদ্ধেই বারবার আঙুল উঠছে। যখন যে দল ক্ষমতায় থাকে, পরিবহনমালিকেরা সে দলের আশ্রয়পুষ্ট ও রাজনৈতিক হাতিয়ার হয়ে ওঠেন। ফলে সড়ক দুর্ঘটনা রোধে আইন প্রয়োগও হয় না, বিশেষজ্ঞদের সুপারিশও মানা হয় না। মাঝেমধ্যে দু-একজন চালক-শ্রমিককে গ্রেপ্তার ও শাস্তি দিয়ে সমস্যা সমাধানের বৃথা চেষ্টা করা হয়।

সড়ক পরিবহন আইন-২০১৮ করা হলেও এর কোনো প্রভাব সড়কে পড়েনি। মূলত আইনটির সুষ্ঠু বাস্তবায়ন হয়নি বললেই চলে। সরকারই আইন করে, সেই আইন বাস্তবায়নে তারাই আবার কার্যকর কোনো ভূমিকা রাখে না। দক্ষ চালক তৈরি, চালকের বেতন ও কর্মঘণ্টা নির্ধারণ, বিআরটিএর সক্ষমতা বৃদ্ধি, মহাসড়কে স্বল্পগতির যানবাহন চলাচলের জন্য সার্ভিস রোড নির্মাণ করার বিশেষজ্ঞদের কোনো সুপারিশই মানেনি সরকার। বলা হয়ে থাকে, গণপরিবহনে মালিক-শ্রমিক সমিতি ও পুলিশের চাঁদাবাজি বন্ধ হলেই সড়কের শৃঙ্খলা বহুলাংশে ফিরে আসার কথা। কিন্তু সেটা নিয়েও কোনো ব্যবস্থা বা পদক্ষেপ নিচ্ছে না। অনেকটা সরকারের মৌন সমর্থনেই চলছে এসব চাঁদাবাজি।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অ্যাক্সিডেন্ট রিসার্চ ইনস্টিটিউটের (এআরআই) পরিচালক অধ্যাপক মো. হাদিউজ্জামান বলেন, সড়ক দুর্ঘটনার সমস্যাটি রাজনৈতিক। কারিগরিভাবে এ সমস্যার সমাধান করা সম্ভব নয়। সড়কের পরিস্থিতি এতটাই বিশৃঙ্খল অবস্থায় রয়েছে যে চাইলেই সড়ক নিরাপদ করা এখন খুব কঠিন। যাঁরা সড়কে বিশৃঙ্খলার সুবিধাভোগী, তাঁরাই নীতিনির্ধারণী বিভিন্ন কমিটিতে বসে আছেন। শুধু বক্তব্য দিয়ে দায়িত্ব শেষ করা নয়, সত্যিকার অর্থে সরকারের রাজনৈতিক সদিচ্ছা ছাড়া কোনোভাবেই সড়কে শৃঙ্খলা ফেরানো সম্ভব নয়।

সড়ক দুর্ঘটনার মহামারি থেকে পরিত্রাণের জন্য সরকারকে আগে তার নিজের দায় স্বীকার করে নিতে হবে। এরপর সবচেয়ে জরুরি রাজনৈতিক সদিচ্ছা। সড়ক দুর্ঘটনার দায় জনগণের ওপর চাপিয়ে দিয়ে সেটি কোনোভাবে সম্ভব নয়। যথাযথভাবে আইন প্রয়োগ ও বিশেষজ্ঞদের সুপারিশ মানা ছাড়া কোনো উপায় নেই। এককথায় সড়কে মৃত্যুর মিছিল থামাতে সরকারকেই এগিয়ে আসতে হবে।