সড়কে মৃত্যুর মিছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদের ছুটিতে বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় প্রায় অর্ধশত মানুষের নিহত হওয়ার খবর আমাদের উদ্বিগ্ন করে। এটি ছিল চার দিনের হিসাব। এখনো পর্যন্ত ঈদের ছুটিতে যাওয়া সব মানুষ ফিরে আসেনি। সময়ের সঙ্গে সঙ্গে দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যাও আরও বাড়তে পারে—এমন আশঙ্কা অমূলক নয়। গত ঈদে ১৩ দিনে চার শতাধিক মানুষ মারা যায় বলে যাত্রী কল্যাণ সমিতি দাবি করেছিল। যদিও সরকারের পক্ষ থেকে সেই সংখ্যাকে অতিরঞ্জিত বলে জানানো হয়েছিল।

এখানে সংখ্যার কম-বেশির চেয়েও যে বিষয়টি জরুরি, তা হলো দুর্ঘটনার কারণ খুঁজে বের করা। সংবাদমাধ্যমে যেসব খবর এসেছে, তাতে দেখা যায়, চালকদের বেপরোয়া গাড়ি চালানোর কারণেই বেশির ভাগ দুর্ঘটনা হয়ে থাকে। এ ছাড়া ভাঙাচোরা সড়ক, একই সড়কে বিভিন্ন গতির যানবাহন চলাচল, সড়কবাতি না থাকার কারণেও দুর্ঘটনা ঘটে থাকে।

ঈদের আগে চালকের বেপরোয়া বাস চালনার কারণেই বিমানবন্দর সড়কে শহীদ রমিজ উদ্দিন কলেজের দুই শিক্ষার্থীকে অকালে জীবন দিতে হলো। জাবালে নূরের এক বাসচালক একই কোম্পানির আরেকটি বাসের সঙ্গে পাল্লা দিতে গিয়ে রাস্তার পাশে অপেক্ষমাণ শিক্ষার্থীদের ওপর বাসটি উঠিয়ে দেওয়ায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। এরপর নিরাপদ সড়কের দাবিতে স্কুল-কলেজের শিক্ষার্থীরা সপ্তাহব্যাপী যে আন্দোলন করেছিল, তা সর্বমহলের প্রশংসা পেয়েছে। কিন্তু তাদের এই আন্দোলনও যে কোনো কার্যকর ফল দিতে পারেনি এবং সংশ্লিষ্টদের যে চৈতন্যোদয় হয়নি, ঈদের ছুটিতে সড়কে মৃত্যুর মিছিলই তার প্রমাণ।   

বিভিন্ন স্থান থেকে প্রথম আলোর প্রতিনিধিদের পাঠানো খবরে দেখা গেছে, চালকদের বেপরোয়া যান চালানোর কারণে বেশি দুর্ঘটনা ঘটেছে। নাটোরে বাস ও লেগুনার সংঘর্ষে প্রাণ গেছে ১০ জনের। ফেনীতে একটি অটোরিকশাকে পুলিশ ধাওয়া করলে চালক পালিয়ে যেতে চেষ্টা করেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি বাস অটোরিকশাটিকে চাপা দিলে চালকসহ ৬ জন মারা যান। এ ছাড়া গাছের সঙ্গে বাসের ধাক্কা, বাস খাদে পড়ে যাওয়ার ঘটনার পেছনেও আছে চালকের বেপরোয়া চালনা। এবারের সড়ক দুর্ঘটনায় উল্লেখযোগ্যসংখ্যক মোটরসাইকেল আরোহী মারা গেছেন। অন্যদিকে মহাসড়কে অটোরিকশা, ইজিবাইক, লেগুনা, নছিমন, করিমন তথা ব্যাটারিচালিত হালকা বাহনের ওপর নিষেধাজ্ঞা থাকলেও দেখা যাচ্ছে কেউ তা মানে না। প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও এসব বন্ধ করতে ব্যর্থ হচ্ছে। আইন কার্যকর না হওয়া এবং আইন না মানার  প্রবণতা সড়ক দুর্ঘটনার সংখ্যা অনেক গুণ বাড়িয়ে দিয়েছে।

শিক্ষার্থীরা শুধু নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনই করেনি, তারা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে কীভাবে আইন মেনে চলতে হয়। কিন্তু বয়স্করা চোখ থাকতেও অন্ধের ভূমিকায় অভিনয় করে চলেছেন, যার ফলে সড়কে হরহামেশাই মানুষ মারা যাচ্ছে। বিভিন্ন যানবাহনে একটি বহুল প্রচারিত বিজ্ঞাপন দেখা যায় যে, একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। অনেক সময় একটি দুর্ঘটনা বহু পরিবারের কান্নার কারণ হয়ে দাঁড়ায়।

সড়ক দুর্ঘটনা রোধে কেবল চালক ও যাত্রীকে সচেতন হলে হবে না, পথচারীদেরও সচেতন হতে হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মাঝেমধ্যে ট্রাফিক সপ্তাহ পালন করেই দায়িত্ব শেষ করেন। কিন্তু এই সচেতনতার কাজটি জারি রাখতে হবে সারা বছর, সারাক্ষণই। কারও সামান্য অসচেতনতায় যাতে দুর্ঘটনা না ঘটে, সে বিষয়ে সজাগ থাকতে হবে। সবাইকে আইন মানাতে বাধ্য করতে হবে।