রাজশাহী-নওগাঁ মহাসড়কে একটি হিউম্যান হলার চালাচ্ছিল এক কিশোর হেলপার (চালকের সহকারী) আর চালক ভাড়া আদায় করছিলেন। এ অবস্থায় বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে শনিবার ১০টি প্রাণ ঝরে গেল। আহত আরও কয়েকজনের মৃত্যুর আশঙ্কা রয়েছে। গাড়ির প্রকৃত চালক যখন হেলপারকে চালকের আসনে বসান, জেনেশুনে যাত্রীদের মৃত্যুর মুখে ঠেলে দেন, তখন বলতে হয় এ দেশে সড়কে নৈরাজ্য চরম পর্যায়ে পৌঁছেছে। এখানে চালকেরা কোনো নিয়মকানুনের তোয়াক্কা করেন না। তাঁরা আইনকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে চলেছেন। সরকার বা কর্তৃপক্ষ বলতে গেলে নীরব।একই ধরনের মারাত্মক আরেকটি ঘটনা ঘটেছে ঢাকা-খুলনা মহাসড়কে। দুটি ট্রাক পাল্লা দিয়ে চলার সময় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা লোকজনকে চাপা দিয়ে পাঁচজনকে মেরে ফেলেছে। এ তো একেবারে ঠান্ডা মাথায় খুন! সড়কে বেপরোয়া যান চলাচলের জন্য এক দিনে যদি ১৫ জনের প্রাণ যায়, তা হলে সড়কপথে যাতায়াতে যাত্রীদের নিরাপত্তা বলতে কি কিছু অবশিষ্ট থাকে? এর আগে বেপরোয়া যান চলাচলে একের পর এক প্রাণ ঝরেছে তারেক মাসুদ, মিশুক মুনীরসহ অনেক তারকাব্যক্তি, সাংবাদিক, সরকারের উচ্চপদস্থ কর্মকর্তার। চট্টগ্রামের মিরসরাইয়ে লাইসেন্সবিহীন চালক ট্রাকবোঝাই তরুণ শিক্ষার্থীদের প্রাণ কেড়ে নিলেন। সড়কে মৃত্যুর মিছিল চলছেই। সরকারকে প্রথমে ঠিক করতে হবে, তারা সড়কে নৈরাজ্য বন্ধ করতে চায় কি না। যদি তারা সেটা চায়, তা হলে বাস-ট্রাকচালকদের সামান্যতম অনিয়মের জন্য কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে। বিশ্বের কোনো দেশেই গাড়িচালকদের অনিয়মের প্রতি এত উদাসীনতা দেখানো হয় না। যান চলাচলের সামান্য নিয়ম ভঙ্গের জন্য চালকের দৃষ্টান্তমূলক শাস্তি হয়। কোনো অজুহাতেই শাস্তি এড়ানো সম্ভব নয়। কিন্তু বাংলাদেশে চালকেরা ভুয়া ছাড়পত্র নিয়ে বাস-ট্রাক চালান, মানুষ মারেন আর কোনো কোনো মন্ত্রী বাসচালকদের পক্ষে ওকালতি শুরু করেন। বলেন, দুর্ঘটনা তো হতেই পারে। কিন্তু হেলপার যখন বাস চালান, ট্রাকচালকেরা যখন সড়কে কে কার আগে যাবেন তার প্রতিযোগিতায় পথচারী চাপা দিয়ে মারেন, তখন কি তাকে দুর্ঘটনা বলা চলে?মন্ত্রীরা যখন ঘাতক চালকদের পক্ষে সাফাই গান, তখন অদক্ষ চালকেরা উৎসাহিত হয়ে ওঠেন। তাঁদের আইনের আওতায় আনা কঠিন হয়ে পড়ে।বাসশ্রমিকদের ইউনিয়ন আছে। সড়কে নৈরাজ্য বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করাই তাদের একটি বড় দায়িত্ব হওয়া উচিত। কিন্তু এটা দুঃখজনক যে তারা তাদের ইউনিয়নের জন্য চাঁদা তুলতে এত ব্যস্ত যে অন্যদিকে মনোযোগ দেওয়ার সময় তাদের নেই। তা ছাড়া পুরো সড়ক পরিবহনব্যবস্থাটাই একশ্রেণীর অসাধু চক্রের হাতে বন্দী হয়ে পড়েছে। তাদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একশ্রেণীর অসাধু সদস্যের যোগসাজশে সড়কে নৈরাজ্য দুর্দমনীয় হয়ে উঠেছে।সরকারকে এদিকে নজর দিতে হবে। অদক্ষ ও লাইসেন্সবিহীন চালকদের বিরুদ্ধে কঠোর অভিযান চালানো এখন জরুরি।