সড়ক কি বাজার বসানোর জায়গা? কিশোরগঞ্জ পৌরসভার শোলাকিয়া এলাকা থেকে মহিনন্দ ইউনিয়নের হাজরাদী এলাকা পর্যন্ত সড়কে নিয়ম করে তা–ই হচ্ছে। প্রায় দুই কিলোমিটারজুড়ে সপ্তাহের চার দিন সেখানে কাঠের বাজার বসছে। সড়কে বাজার বসলে যা হওয়ার তা–ই হচ্ছে, দুর্ভোগ পোহাচ্ছে সেই পথে চলাচলকারী জনগণ।
সোমবার প্রথম আলোয় প্রকাশিত খবরে বলা হয়, সপ্তাহের শনি, রবি, বুধ ও বৃহস্পতিবার সড়কের দুই কিলোমিটার অংশজুড়ে কাঠের বাজার বসে। কিশোরগঞ্জ জেলা গাছ ও কাঠ ব্যবসায়ী সমবায় সমিতি কাঠের এই বাজার বসাচ্ছে। এই চার দিনের প্রতিদিন তারা কাঠ বহনকারী প্রতিটি গাড়ি থেকে ১০ টাকা করে আদায় করে। জেলার বিভিন্ন এলাকা থেকে ৫০০ থেকে ৭০০ কাঠবাহী টমটম, ভ্যান, ঠেলাগাড়ি, গরু-মহিষের গাড়ি এখানে আসে। সড়কের ওপর এলোমেলোভাবে এসব গাড়ি রাখায় সৃষ্টি হয় যানজট। ফলে সড়কটি দিয়ে চলাচল করতে গিয়ে দুর্ভোগ পোহাতে হয় আশপাশের সাত গ্রামের লক্ষাধিক মানুষকে। যানজটের কারণে অনেক সময় মুমূর্ষু রোগী নিয়ে সড়কের ওপর আটকে থাকতে হয়।
এই যে দিনের পর দিন এভাবে চলছে, তাতে এই প্রশ্ন খুব স্বাভাবিক যে স্থানীয় প্রশাসন বলে আদৌ কিছু আছে এখানে? পৌরসভা কর্তৃপক্ষই বা কী করছে? মানুষের দুর্ভোগ নিয়ে তাদের আদৌ কোনো মাথাব্যথা আছে কি? পৌর এলাকার লোকজনের চলাচলের সুবিধা নিশ্চিত করতে ট্রাফিক ব্যবস্থাপনা পরিকল্পনা করার কথা তাদেরই। আর কিশোরগঞ্জ জেলা গাছ ও কাঠ ব্যবসায়ী সমবায় সমিতি কোন এখতিয়ারে রাস্তার ওপর বাজার বসানোর মতো অবৈধ কাজ করতে পারে? কাঠ পরিবহনকারী গাড়ি থেকে টাকা নেওয়ার অধিকারই বা তাদের কে দিয়েছে? সংগঠনটি যে আইনবহির্ভূত কাজ করছে, তাতে তাদের রেজিস্ট্রেশন থাকে কীভাবে?
পৌর কর্তৃপক্ষ এ ব্যাপারে কোনো উদ্যোগ না নেওয়ায় এই সন্দেহ খুবই স্বাভাবিক যে এখানে কোনো স্বার্থ বা ভাগ-বাঁটোয়ারার সম্পর্ক রয়েছে। পৌর কর্তৃপক্ষকে এর জবাবদিহি করতে হবে। পৌর মেয়র বাজারটি সড়ক থেকে সরিয়ে নেওয়ার আশ্বাস দিয়েছেন। আমরা অবিলম্বে রাস্তাটি কাঠের বাজারমুক্ত দেখতে চাই।