সড়কের ওপর বাজার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গতকাল বুধবার প্রথম আলোয় প্রকাশিত খবর অনুযায়ী, এই বাজারের কারণে দিনের অর্ধেক সময় রাস্তাটি বন্ধ থাকে। ফলে পাশের রাস্তায় যানজট লেগে থাকে প্রতিনিয়ত। রাস্তার ওপর বাজার বসায় প্রতিদিন সকাল থেকে দুপুর পর্যন্ত আকুরটাকুর বটতলা মোড় থেকে তালতলা মোড় পর্যন্ত প্রায় আড়াই শ মিটার অংশ বন্ধ থাকে। ফলে শহরের দক্ষিণ অংশের মানুষ রাস্তাটি ব্যবহার করতে পারে না। তাদের জেলা আদালত, জেলা প্রশাসকের কার্যালয়, পুলিশ কার্যালয়সহ জেলা পর্যায়ের গুরুত্বপূর্ণ সব কার্যালয়ে যাতায়াতে জেলা সদর রোডটি ব্যবহার করতে হয়। ফলে অতিরিক্ত যানবাহনের চাপ পড়ে জেলা সদর রোডের ওপর। এতে ব্যাপক যানজটের সৃষ্টি হয় এবং জনসাধারণ দুর্ভোগের শিকার হচ্ছে। শুধু তা-ই নয়, বাজারের বিভিন্ন দোকানের বর্জ্য ও ময়লা-আবর্জনার দুর্গন্ধে সেখানে নাকে রুমাল চেপে চলতে হয়।

পৌরসভার দায়িত্ব হচ্ছে পৌর এলাকার লোকজনের নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করা। অথচ টাঙ্গাইল পৌরসভা তা না করে রাস্তায় বাজার বসিয়ে উল্টো জনগণের চলার পথে বাধা সৃষ্টি করছে। রাস্তার ওপরের এই বাজারটি এখান থেকে স্থানান্তরের জন্য টাঙ্গাইলের ট্রাফিক পুলিশের পক্ষ থেকে একাধিকবার পৌরসভাকে অনুরোধ করা হয়েছে। জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় বাজার সরানোর ব্যাপারে সিদ্ধান্তও হয়েছে। কিন্তু কোনো কাজ হয়নি। টাঙ্গাইল পৌরসভার এ ধরনের দায়িত্বজ্ঞানহীন আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

প্রথম আলোর খবর অনুযায়ী, টাঙ্গাইল পৌরসভা বাজারটি প্রতিবছর ইজারা দেয় এবং এ থেকে বেশ ভালো পরিমাণ অর্থ আয় করে। প্রশ্ন হচ্ছে অর্থ আয়ের জন্য পৌরসভা কি যা খুশি তাই করতে পারবে? অবিলম্বে এই বাজার অন্য কোনো ফাঁকা জায়গায় স্থানান্তর করতে হবে। এ ব্যাপারে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনকেও তৎপর হতে হবে। আমরা আশা করছি, সড়কের ওপর থেকে দ্রুত বাজারটি সরিয়ে নেওয়া হবে।