কর্মদিবসগুলোতে গুলিস্তান, পল্টন, মতিঝিল ও আশপাশের এলাকার ফুটপাত ও সড়কে সন্ধ্যা সাড়ে ছয়টার আগে হকাররা পণ্য নিয়ে বসতে পারবেন না বলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) যে সিদ্ধান্ত নিয়েছে, তাকে আমরা স্বাগত জানাই। বুধবার বিভিন্ন হকার সমিতির নেতা, স্থানীয় জনপ্রতিনিধি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে এক মতবিনিময় সভায় ডিএসসিসির মেয়র সাঈদ খোকন এ সিদ্ধান্ত জানান। নগরবাসীর সড়কে চলাচল নির্বিঘ্ন করতে ডিএসসিসির এই উদ্যোগ কার্যকর হবে বলে আমরা আশাবাদী।
যানজট ও জনদুর্ভোগ কমাতে ডিএসসিসি কর্তৃপক্ষ এর আগেও ফুটপাত ও সড়ক থেকে হকারদের উচ্ছেদে নানা পদক্ষেপ নিয়েছিল। সাপ্তাহিক ছুটির দিনে হলিডে মার্কেট চালু করা হয়েছিল বেশ কয়েক বছর আগেই। এ ছাড়া সরাসরি দোকান ভেঙে দিয়ে হকারদের উচ্ছেদ করা হয়েছিল কয়েক দফা। কিন্তু কিছুদিন না যেতেই পরিস্থিতি আবার আগের অবস্থায় ফিরে গেছে। হকাররা আবার ফুটপাত ও সড়ক দখল করে পণ্যের পসরা নিয়ে বসে যান। সম্ভবত হকারদের পুনর্বাসনের ব্যবস্থা না করে উচ্ছেদ করায় এমনটি ঘটেছে। তবে আমরা এবার আশা করছি, ডিএসসিসির মেয়রের এই ঘোষণার পর গুলিস্তান, পল্টন ও মতিঝিলসহ দক্ষিণ সিটি করপোরেশনের অন্যান্য এলাকার ফুটপাত ও সড়কগুলো দিয়ে চলাচলকারী লোকজনকে আর দুর্ভোগ পোহাতে হবে না। সৃষ্টি হবে না আর দীর্ঘ যানজটের।
বুধবারের মতবিনিময় সভায় ডিএসসিসির মেয়র বলেছেন, সন্ধ্যা সাড়ে ছয়টার আগে কেউ পণ্য নিয়ে বসলে তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া মেয়র তালিকাভুক্ত হকারদের কেউ যদি পেশা পরিবর্তন করে চাকরি করতে বা বিদেশে যেতে চান, তাঁদের সহযোগিতার আশ্বাস দেন। তিনি হকারদের কাছ থেকে চাঁদা আদায়কারী লাইনম্যানদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
আমরা আশা করছি মেয়র তাঁর কথা রাখবেন। তবে এ ক্ষেত্রে পুলিশ প্রশাসনের সহযোগিতা খুব প্রয়োজন। পুলিশ প্রশাসনের সহায়তায় হকারদের নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হবে, পাশাপাশি তঁাদের জন্য বিকল্প জায়গারও ব্যবস্থা করতে হবে। তা না হলে ডিএসসিসির এ উদ্যোগও মুখ থুবড়ে পড়বে।