বাংলাদেশের হজযাত্রীদের জন্য প্রথমবারের মতো চালু হওয়া সৌদি ই-ভিসা পদ্ধতি হজযাত্রীদের জন্য বড় দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। দ্রুত পরিস্থিতি সামাল না দিতে পারলে এবারের হজযাত্রায় বড় বিপর্যয় হতে পারে। গত রোববার হজ ফ্লাইট শুরু হয়েছে কিন্তু এই ফ্লাইটে যাঁদের যাওয়ার কথা, তাঁদের অনেকেই তখনো ভিসা পাননি। ভিসা না পাওয়ায় নির্ধারিত ৪১৯ জন যাত্রীর যাত্রা বাতিল করতে হয়েছে। নতুন ভিসা-ব্যবস্থায় ছবি ও ভিসা-সংক্রান্ত তথ্য পূরণে ত্রুটির কারণেই এই জটিলতা বলে জানা যাচ্ছে। কিন্তু আমাদের প্রশ্ন, নতুন ভিসা-ব্যবস্থার ব্যাপারে আগাম সতর্কতা, সচেতনতা এবং সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়নি কেন?
সৌদি কর্তৃপক্ষ ভিসা-ব্যবস্থা কড়াকড়ি করার পাশাপাশি এবার হজযাত্রীদের জন্য ই-ভিসা পদ্ধতি চালু করেছে। অতীতে বিভিন্ন এজেন্সির মাধ্যমে হজ করতে গিয়ে কেউ কেউ ফেরত না আসায় সৌদি কর্তৃপক্ষ নতুন এই ব্যবস্থা নেয়। এ জন্য অনেক এজেন্সির লাইসেন্স বাতিলও হয়েছে। অনলাইনে ভিসা আবেদন করার ক্ষেত্রে যথাযথ পদ্ধতি অনুসরণ না করায় যেমন ভিসা পাওয়ার ক্ষেত্রে সমস্যা হচ্ছে, তেমনি লাইসেন্স বাতিল হওয়া এজেন্সির মাধ্যমে ভিসার আবেদন করেও অনেকে বিপদে পড়েছেন।
এবার ই–ভিসা নিয়ে জটিলতাভিসার আবেদনের পদ্ধতিটি বিবেচনায় নিয়ে ধর্ম মন্ত্রণালয়ের উচিত ছিল ফরম কীভাবে পূরণ করতে হবে, সে ব্যাপারে আগেভাগেই নির্দেশনা, প্রচার-প্রচারণা চালানো। হজ ফ্লাইট শুরু হওয়ার পর ধর্ম মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এখন যেসব নির্দেশনা দেওয়া হচ্ছে, সেগুলো আগে থেকেই দিলে এই সমস্যা হতো না। বর্তমান পরিস্থিতির দায় তাই মন্ত্রণালয়কেই নিতে হবে।
আমাদের দেশের হজযাত্রীরা সাধারণভাবে বয়স্ক। ফলে তাঁদের জন্য বিড়ম্বনাটা আরও বেশি। ভিসা সমস্যা ও হজ ফ্লাইট শুরু হয়ে যাওয়ায় একই সঙ্গে যাঁদের যাওয়ার কথা, যেমন মা ও ছেলে বা স্বামী-স্ত্রী—তাঁদেরও যাওয়া অনিশ্চিত হয়ে পড়েছে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী বলেছেন, বিমানের ফ্লাইট শিডিউল একবার নষ্ট হলে পুরো প্রক্রিয়াটি ব্যাহত হবে।
ভিসা-বিষয়ক এই জটিলতা দূর করতে ধর্ম মন্ত্রণালয়সহ সরকারের শীর্ষ পর্যায়ের বিশেষ উদ্যোগ জরুরি হয়ে পড়েছে।