হজযাত্রা নিয়ে অনাকাঙ্ক্ষিত জটিলতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিমান বাংলাদেশ এয়ারলাইনস ও সৌদি এয়ারলাইনসের উড়োজাহাজ হজযাত্রী পরিবহনের জন্য প্রস্তুত, কিন্তু তারা পর্যাপ্ত যাত্রী পাচ্ছে না। গত বুধবার দুপুর পর্যন্ত এ দুটি এয়ারলাইনস হজযাত্রীর অভাবে মোট ১৫টি ফ্লাইট বাতিল করতে বাধ্য হয়েছে। ফলে প্রায় পাঁচ হাজার হজযাত্রী জেদ্দা যেতে পারেননি, যাঁদের এই সময়ের মধ্যে সেখানে পৌঁছার কথা ছিল।
হজযাত্রীর অভাবে ফ্লাইট বাতিল হওয়ার ফলে যে সমস্যার সৃষ্টি হয়েছে, তা সামনের দিনগুলোতে আরও জটিল হবে। কারণ, বাতিল ফ্লাইটের হজযাত্রীদের পরিবহনের চাপ জমে উঠবে। হজের সময় যতই এগিয়ে আসবে, যাত্রীর চাপ ততই বাড়বে এবং দুটি এয়ারলাইনসের পক্ষে একসঙ্গে অধিকসংখ্যক হজযাত্রী পরিবহন করা সম্ভব না-ও হতে পারে। এ ছাড়া জেদ্দা বিমানবন্দরে উড়োজাহাজ অবতরণের জন্য যে নির্দিষ্টসংখ্যক স্লট বরাদ্দ থাকে, ফ্লাইট বাতিল হলে সেসব স্লট নষ্ট হয়ে যায়। ফলে উড়োজাহাজ অবতরণের ক্ষেত্রে সমস্যা হতে পারে, যেটাকে বাংলাদেশ বিমানের কর্মকর্তারা ‘বড় ধরনের সংকট’ বলে বর্ণনা করছেন।
হজযাত্রীরা উড়োজাহাজে উঠে বসতে উদ্গ্রীব, তাঁদের জন্য উড়োজাহাজও প্রস্তুত; কিন্তু হজযাত্রীর অভাবে ফ্লাইট বাতিল—এই পরিস্থিতি কী করে সৃষ্টি হলো? প্রথমত, হজ এজেন্সিগুলো বেশি লাভ করার লোভে হাজিদের জন্য ঘরভাড়া করতে সময়ক্ষেপণ করেছে, এদিকে ফ্লাইটের সময় এগিয়ে এসেছে। কিন্তু ঘরভাড়ার প্রমাণপত্র ছাড়া সৌদি দূতাবাস হাজিদের ভিসা দেয় না। দ্বিতীয়ত, মোয়াল্লেম বা হাজিদের গাইড ছাড়া সৌদি আরবে ঘরভাড়ার চুক্তি করা যায় না। সুযোগ বুঝে মোয়াল্লেমরা হজ এজেন্সিগুলোর কাছে বর্ধিত হারে ফি দাবি করে বসেছেন। ফলে পুরো প্রক্রিয়াটিই একধরনের লেজেগোবরে অবস্থায় পড়েছে—মোয়াল্লেম ঠিক না হওয়ায় ঘরভাড়ার চুক্তি হয়নি, আর ঘরভাড়ার চুক্তির প্রমাণপত্র বা বারকোড ছাড়া সৌদি দূতাবাস হাজিদের ভিসা দিতে রাজি নয়।
আসলে মতলববাজ মোয়াল্লেম আর লোভী হজ এজেন্সিগুলোর দুরভিসন্ধির কারণেই হজযাত্রীরা এই সমস্যার মুখে পড়েছেন। এরা মিলিতভাবে একটা পক্ষ, যাদের একমাত্র উদ্দেশ্য কিছু টাকা বেশি আয় করা। সততার সঙ্গে টাকা আয় করা দোষের কিছু নয়, কিন্তু হজযাত্রীদের অনেকটা জিম্মিদশায় ফেলে বাড়তি লাভের চেষ্টা করা অত্যন্ত অন্যায় ও হীন মানসিকতার পরিচায়ক। তাই হজ এজেন্সিগুলোর ওপর সরকারের নজরদারি বাড়ানো উচিত, মোয়াল্লেমদের ফি নির্ধারণ করে দেওয়া উচিত, যেন তাঁরা তা ইচ্ছেমতো বাড়াতে না পারেন। ভিসাপ্রক্রিয়া জটিলতামুক্ত করতে যথেষ্ট সময় হাতে রেখে মোয়াল্লেম নিযুক্ত করা ও সৌদি আরবে ঘরভাড়ার চুক্তি করা নিশ্চিত করা প্রয়োজন।