তীব্র যাত্রীসংকটের কারণে বাংলাদেশ বিমান ও সৌদি এয়ারলাইনসের ৩৩টি ফ্লাইট বাতিল করতে হয়েছে এবং তারিখ পেছানো হয়েছে। অনেক হজ ফ্লাইট সৌদি আরবে গেছে ফাঁকা আসন নিয়ে। আর এখন যখন হজের সময় এগিয়ে আসছে, তখন দেখা যাচ্ছে উড়োজাহাজে আসনসংকটের কারণে প্রায় চার হাজার হজযাত্রীর হজ অনিশ্চিত হয়ে পড়েছে।
কিন্তু এই পরিস্থিতি অনিবার্য ছিল না। এর জন্য দায়ী হজ এজেন্সিগুলোর একটা বড় অংশ। তারা সৌদি আরবে হাজিদের জন্য বাড়িভাড়া নিতে দেরি করার কারণে এই সমস্যার সৃষ্টি হয়েছে। কতিপয় হজ এজেন্সি ইচ্ছা করেই দেরিতে বাড়িভাড়া নেয়, কারণ তার ফলে তাদের বেশি লাভ হয়। লাভটা হয় দুভাবে; প্রথমত দেরিতে বাড়িভাড়া নিলে ওই বাড়িতে অবস্থানকারী হাজিদের সৌদি আরবে অবস্থানের সময় কম হয়, দ্বিতীয়ত হজের সময় যতই এগিয়ে আসে, বাড়িভাড়া ততই কমতে থাকে। ফলে হাজিদের পেছনে হজ এজেন্সিগুলোর খরচ কমে এবং লাভ বাড়ে। কিন্তু তার ফলে ভিসাপ্রক্রিয়া বিলম্বিত হয়, কারণ বাড়িভাড়ার চুক্তিপত্রের কপি ছাড়া ঢাকার সৌদি দূতাবাস হজযাত্রীদের ভিসা দেয় না।
এসব বিলম্বের কারণে প্রথম দিকের হজ ফ্লাইটগুলোতে যাত্রীসংকট দেখা দিয়েছিল; যাত্রীসংকটই ছিল এতগুলো ফ্লাইট বাতিল করা ও ফ্লাইটের তারিখ পেছানোর কারণ। কিন্তু এখন, অল্প সময়ে অনেক বেশিসংখ্যক হজযাত্রী পরিবহন করতে হবে। ২৬ মার্চ বিমান বাংলাদেশের শেষ হজ ফ্লাইট, সৌদি এয়ারলাইনসের শেষ হজ ফ্লাইট ২৭ আগস্ট। পাঠাতে হবে ৩৭ হাজার ৯৯৬ হন হজযাত্রীকে। ফলে অন্তত চার হাজার হজযাত্রীর আসনসংকট দেখা দিয়েছে।
কিছু হজ এজেন্সির কারণে এ রকম সমস্যা প্রতিবছরই সৃষ্টি হয়। গত দুই বছর যেসব এজেন্সিকে প্রতারণা, অনিয়ম ও অব্যবস্থাপনার দায়ে শাস্তি (জরিমানা) দেওয়া হয়েছে, এ বছরও তারা একই কাজ করেছে বলে অভিযোগ উঠেছে। তা ছাড়া লাইসেন্স বাতিল হওয়া এজেন্সির মালিক ভিন্ন নামে অন্য এজেন্সি খুলে একই কাজ বছরের পর বছর ধরে করে চলেছেন। তাঁদের দমন করতে অত্যন্ত কঠোর পদক্ষেপ নেওয়া জরুরি হয়ে পড়েছে। আর যেসব হজযাত্রীর যাত্রা অনিশ্চিত হয়ে পড়েছে, তাঁদের জন্য সরকারের বিশেষ ব্যবস্থা নেওয়া উচিত; অন্য যেসব এয়ারলাইনসের জেদ্দায় ফ্লাইট আছে, তাদের সহায়তাও নেওয়া যেতে পারে।