জাতীয় সংসদের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটি এবারের হজ ব্যবস্থাপনায় অনিয়মের সঙ্গে জড়িত হজ এজেন্সিগুলোর লাইসেন্স বাতিল ও জরিমানা করার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কাছে যে সুপারিশ করেছে, তার প্রতি আমাদের সমর্থন রয়েছে।
এসব হজ এজেন্সির কারণে হাজার হাজার হজযাত্রীর সৌদি আরবে যাওয়া অনিশ্চিত হয়ে পড়েছিল। শেষমেশ বাংলাদেশ বিমানের তৎপরতায় সবাই যেতে পারলেও ৯৮ জন হজযাত্রী যেতে পারেননি। এ ক্ষোভ তাঁরা কোথায় রাখবেন?
ভিসা পেয়েও হজে যেতে না পারা এই যাত্রীরা ১৮টি হজ এজেন্সির বিরুদ্ধে অভিযোগ করেছেন। এখন বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়ের উচিত এসব অভিযোগ আমলে নিয়ে হজ এজেন্সিগুলোর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া। তবে শুধু লাইসেন্স বাতিল ও জরিমানা করাই যথেষ্ট নয়, আরও কঠোর শাস্তি দিতে হবে।
প্রথমআলোর এক প্রতিবেদন অনুযায়ী, ২০১৬ সালে হজে প্রতারণা, অনিয়ম ও অব্যবস্থাপনার দায়ে মোট ৮৪টি এজেন্সির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয় ধর্ম মন্ত্রণালয়। শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে হজ এজেন্সিগুলোর লাইসেন্স বাতিল, লাইসেন্স স্থগিত, জামানত বাজেয়াপ্ত এবং বিভিন্ন পরিমাণ অর্থ জরিমানা করা হয়।
কিন্তু শাস্তি পাওয়া এজেন্সিগুলোর মধ্যে ২৬টি এজেন্সি এবারও হজযাত্রায় সংকট তৈরি করেছে। তার মানে বোঝা গেল, লাইসেন্স বাতিল বা স্থগিত কিংবা অর্থ জরিমানাকে খুব একটা গুরুত্ব দেয়নি তারা। এ জন্য প্রয়োজন আরও কঠোর শাস্তির, যা অন্য এজেন্সিগুলোর জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।
আবার শুধু এজেন্সিগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিলেই হবে না, যে ব্যক্তি বা যারা এসব অব্যবস্থাপনা ও অনিয়মের সঙ্গে জড়িত, তাদের চিহ্নিত করে কঠোর শাস্তি দিতে হবে। ভবিষ্যতে এরা যাতে অন্য নামে লাইসেন্স নিয়ে আবার হজ এজেন্সি খুলে বসতে না পারে, সেটা দেখতে হবে।
এ জন্য সরকারকে অবশ্যই ভূমিকা রাখতে হবে। সরকারকে সঠিক ও দায়িত্বশীল হজ এজেন্সি বাছাই করে নিয়োগ করতে হবে। এসব এজেন্সির যেন জবাবদিহি থাকে, কাজের স্বচ্ছতা থাকে, এমন ব্যবস্থা করতে হবে।