রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় হঠাৎ হামের প্রকোপ বেড়ে যাওয়া, বিশেষ করে শিশুদের মৃত্যুর ঘটনা কিছুটা বিস্ময়কর। কারণ, আজকাল আর হামের প্রকোপ ততটা দেখা যায় না, হামে আক্রান্ত হয়ে মারা যাওয়ার ঘটনা আরও বিরল।
রাজধানীর সংক্রামক ব্যাধি হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, গত ১ জানুয়ারি থেকে ২১ মে পর্যন্ত ৪৬৫ জন মানুষ হামে আক্রান্ত হয়ে ওই হাসপাতালে ভর্তি হয়েছেন। রোগীদের মধ্যে সব বয়সী মানুষই আছেন, তবে ১ বছর থেকে ১০ বছর বয়সী শিশু রোগী মারা গেছে ১০ জন। এটা শুধু রাজধানীর হিসাব। কয়েকটি জেলা থেকেও হামে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। কিন্তু এই সময়ে গোটা দেশে মোট কতজন হামে আক্রান্ত হয়েছেন, কতজনের মৃত্যু হয়েছে—এ সম্পর্কে কোনো তথ্য কেন্দ্রীয়ভাবে নেই।
সম্প্রসারিত টিকাদান কর্মসূচির আওতায় সারা দেশের শিশুদের টিকা দেওয়া হয়। ৯ মাস ও ১৫ মাস বয়সে প্রথম ও দ্বিতীয় ডোজ টিকা দেওয়া হয়। মোট ৯০ দশমিক ১ শতাংশ শিশু টিকা নেয়, বাকিরা টিকার বাইরে থেকে যায়। তা ছাড়া টিকা নেওয়ার পরেও ১৫ শতাংশ শিশুর হামপ্রতিরোধী ক্ষমতা সম্পূর্ণভাবে গড়ে ওঠে না, তারা হামে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে থেকে যায়। অর্থাৎ হামে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে রয়ে যাওয়া শিশুর সংখ্যা নেহাত কম নয়। কিন্তু তাই বলে দেশে হামের প্রকোপ এ রকম ছিল না, যে রকম এই মুহূর্তে দেখা যাচ্ছে। হঠাৎ হামের প্রকোপ বেড়ে যাওয়ার কারণ অনুসন্ধান করা দরকার।
দ্বিতীয়ত, টিকাদান কর্মসূচি আরও জোরদার করা প্রয়োজন, যেন শতভাগ শিশুকেই এর আওতায় নেওয়া যায়। গ্রামাঞ্চলের তুলনায় শহরাঞ্চলে হামের টিকা গ্রহণকারী শিশুর সংখ্যা প্রায় ৫ শতাংশ কম। এটা অবশ্যই দূর করতে হবে। এ জন্য শহরের বস্তিবাসী, দরিদ্র ও অসচেতন জনগোষ্ঠীর মধ্যে ব্যাপক সচেতনতা সৃষ্টির উদ্যোগ নেওয়া দরকার।
তৃতীয়ত, টিকাদান কর্মসূচিটি পর্যালোচনা করা দরকার। বর্তমানে শিশুদের হামের টিকার প্রথম ডোজ দেওয়া হয় শিশুর বয়স ৯ মাস হওয়ার পর। কিন্তু দেখা যাচ্ছে, ৯ মাসের কম বয়সী শিশুরাও হামে আক্রান্ত হচ্ছে।
শিশুরা হামে আক্রান্ত হলে সময়ক্ষেপণ না করে দ্রুত হাসপাতালে নেওয়া উচিত, যেন তাদের মৃত্যু ঠেকানো যায়।