হতাশার ইউপি নির্বাচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথমবারের মতো দলীয় প্রতীকে ইউনিয়ন পরিষদ নির্বাচনের নামে গত মঙ্গলবার যা ঘটল, তা হতাশারই জন্ম দেয়। অথচ এই নির্বাচন নিয়ে জনমনে বাড়তি প্রত্যাশা ও আগ্রহ ছিল। পুরো নির্বাচন প্রক্রিয়ায় নির্বাচন কমিশনের (ইসি) অদক্ষতা ও দায়িত্বহীনতাই পরিলক্ষিত হয়েছে। নির্বাচন ঘিরে আগে থেকে বিভিন্ন এলাকায় সহিংসতার ঘটনা ঘটলেও ইসির পক্ষ থেকে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। ইউপি নির্বাচনকেন্দ্রিক সহিংসতায় এ পর্যন্ত ২১ জনের প্রাণহানি ছাড়াও বহু মানুষ আহত হয়েছেন।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও তাঁর সহযোগীরা নির্বাচন নিয়ে যেসব লাগামহীন বক্তব্য দিয়েছেন, তা ভোটারদের আশ্বস্ত করেনি, বরং শঙ্কা ও উদ্বেগ বাড়িয়েছে। বহু নির্বাচনী কেন্দ্রে সাধারণ ভোটাররা শুধু তাঁদের ভোটাধিকার প্রয়োগ থেকেই বঞ্চিত হননি, সহিংসতারও শিকার হয়েছেন। এসব ঘটনায় প্রমাণিত হয় যে ইসির কর্তাব্যক্তিরা ইউপি নির্বাচন নিয়ে গালভরা বুলি আওড়ালেও বিশৃঙ্খলা ও সহিংসতা রোধে চরমভাবে ব্যর্থ হয়েছেন। তঁাদের অদক্ষতা ও নিষ্ক্রিয়তার সুযোগে সন্ত্রাসী চক্রের হাতে গোটা নির্বাচনী ব্যবস্থাই হয়ে পড়েছে জিম্মি। এর দায় ইসি কীভাবে এড়াবে?
যেকোনো মৃত্যুই বেদনাদায়ক। কিন্তু মঠবাড়িয়ার একটি কেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে পাঁচজনের প্রাণহানির ঘটনা যে সত্য আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়, তা আরও নির্মম। মঠবাড়িয়ার মতো বহু স্থানে ক্ষমতাসীন দলের একশ্রেণির নেতা-কর্মী নির্বাচনের ফল নিজেদের পক্ষে নিতে এ রকম জবরদস্তি চালিয়েছেন। কিন্তু যেখানে নির্বাচনের দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সেই জবরদস্তি মুখ বুজে হজম করেছেন, সেখানে সবকিছু ‘স্বাভাবিক’ বলে চালানো সম্ভব হয়েছে। আর যেখানে তাঁরা প্রতিরোধের চেষ্টা করেছেন, সেখানেই রক্তারক্তির ঘটনা ঘটেছে। কোথাও কোথাও সন্ত্রাসীদের হাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও আহত হয়েছেন।
ইউপি নির্বাচনের পাঁচটি পর্ব এখনো সামনে রয়েছে। অতীতকে ফিরিয়ে আনতে না পারলেও ইসি পরবর্তী নির্বাচনগুলোতে শান্তি ও শৃঙ্খলা এবং ভোটারদের নিরাপত্তা রক্ষায় সর্বাত্মক চেষ্টা নিক; দেরিতে হলেও নির্বাচন কমিশনের বোধোদয় ঘটুক, এটাই প্রত্যাশিত।