হুমায়ূন আহমেদ আমাদের ছেড়ে চলে গেলেন বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ১১টা ২০ মিনিটে। অন্য সব সংবাদমাধ্যমের মতো প্রথম আলোর অনলাইন (prothom-alo.com) ও পত্রিকায় তাৎক্ষণিকভাবে সে খবর প্রকাশিত হয়। পরে বরেণ্য এই লেখককে নিয়ে প্রকাশিত হয় একাধিক প্রতিবেদন, বিশিষ্টজনদের লেখা। অনলাইনে মতামত জানান শোকাহত পাঠকেরা। পাঠকদের সেসব মন্তব্য নিয়ে আমাদের এবারের আয়োজন। প্রয়াত লেখকের প্রতি প্রথম আলোর পাঠকদের শ্রদ্ধার্ঘ্য। চলে গেলেন হুমায়ূন আহমেদতাঁর এই চলে যাওয়ার খবরটি প্রথম আলোর অনলাইনে প্রকাশিত হয় গত বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে। এই খবর পাঠকদের বিস্ময়ে হতবাক করে দেয়, যদিও তাঁরা এই নন্দিত লেখকের অসুস্থতার কথা জানতেন। শোকস্তব্ধ পাঠকদের তাৎক্ষণিক মন্তব্যে তারই কিছু প্রকাশ। বদরুদ্দোজা: আমাদের এত না-পাওয়ার মাঝে তুমি একটু শান্তি দিতে। সেই তুমিও চলে গেলে! মিনহাজুল হক: হুমায়ূন আহমেদ মারা যাবেন বা মারা যেতে পারেন, এটা বিশ্বাস করতে কষ্ট হচ্ছে! আতিকুর রহমান: হুমায়ূন আহমেদ আর নেই—ভাবতেই কান্নায় দুই চোখ ভিজে আসছে। ভেবেছিলাম, তিনি সুস্থ হয়ে ফিরে এলে তাঁর কাছ থেকে লেখালেখি সম্পর্কে বিশদ জানতে যাব। তা আর হলো না। বাংলা সাহিত্যের এমন অসাধারণ একজন গল্পলেখকের মৃত্যু নিঃসন্দেহে হিমু ও মিসির আলিদের কাঁদাবে, আমি নিশ্চিত। জাহিদ ইসলাম: আগে বুঝতে পারিনি ওনার তিরোধানে এত কষ্ট পাব...। ফয়সাল খান: আমার জীবনে পড়া শ্রেষ্ঠ একটি বই হচ্ছে জোছনা ও জননীর গল্প। হুমায়ূনের এই সৃষ্টি আমাকে বুঝিয়েছে, আমিও একজন মানুষ—আমি হাসতে জানি, কাঁদতে জানি, রাগ করতে জানি, ভালোবাসতে জানি, ঘৃণা করতে জানি। এ সবই আমি বুঝেছি জোছনা ও জননীর গল্প পড়ে। অথচ আজ, শ্রাবণমেঘের দিনের কথা বলা লোকটি শ্রাবণমেঘের রাতে নিঃশব্দে পাড়ি জমালেন অজানার এক পথে। বিশ্বাস করতে কষ্ট হয়, আমার প্রিয় জোছনা ও জননীর গল্প বলা মানুষটি আর এই পৃথিবীতে নেই। শুধু আছে তাঁর স্মৃতি—জীবন্ত হয়ে আমাদের বুকে। জানি না, কোন সে অভিমানে তুমি পাড়ি জমালে অন্য ভুবনে। শুধু এটুকু চাওয়া, বারবার ফিরে এসো বাংলার বুকে, আমাদের মাঝে। মো. শাহবুল আলম: বুকটা কষ্টে ফেটে যাচ্ছে, কাঁদতে পারছি না। আমি আজ থেকে স্যারের কোনো খবর রাখব না, দেখব না। আমি যত দিন বেঁচে থাকব, তত দিন উনি বেঁচে থাকবেন আমার কাছে। আমি যে হুমায়ূন স্যারের বই ছাড়া আর কোনো লেখকের বই পড়ি না, আর পড়তেও চাই না।চাঁদহীন রাতে কেন চলে যাবেন, হুমায়ূন আহমেদ!হুমায়ূন আহমেদের মৃত্যুসংবাদ শোনার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এই লেখাটি লেখেন আনিসুল হক। ছাপা হয় পরদিন প্রথম আলো পত্রিকায়। এ প্রসঙ্গে আলী রেজা লিখেছেন: এ কী শুনলাম! অনেক সময় ইচ্ছে করে, পৃথিবীটা ভেঙেচুরে দেখি। আজ আবার ইচ্ছে হচ্ছে। খুব বেশি ইচ্ছে করছে, তাঁর হারিয়ে যাওয়ার পথে পথে যদি আমি পূর্ণিমার চাঁদখানা নিয়ে তাঁকে পথ দেখাতে পারতাম! সে যে বড় অচেনা জগৎ। নাকি তিনি না বলে চাঁদের পূর্ণিমাঞ্চলে চলে গেলেন, যেখানে কোনো অমাবস্যা নেই, শুধুই চাঁদনিপসর রাত! ফারিনা: স্বপ্ন দেখেছিলাম, বাংলাদেশে একটা বিশ্বমানের ক্যানসার হাসপাতাল তৈরি হবে...আর হলো না...! কোথাও কেউ নেই। নাম প্রকাশে অনিচ্ছুক এক পাঠক: হুমায়ূন আহমেদ আমাদের মনন ও চেতনায় এতটাই জড়িয়ে আছেন যে তাঁকে হারানোর বেদনা ভাষায় প্রকাশের এত সাহসী প্রয়াসটাও নগণ্য মনে হচ্ছে। এ ব্যথা না হয় মুছে যাবে সময়ের সঙ্গে, কিন্তু এ শূন্যতা কখনোই পূরণীয় নয়। ছোটবেলা থেকে কখনো নজরুল হতে চাইনি, জয়নুল হতে চাইনি; হতে চেয়েছি হিমু। সচেতনে, সংগোপনে। আমি জানি, এ শুধু আমি নই, আমার মতো বাংলার অজস্র তরুণও। আদর্শ আর স্বপ্ন বুনে দেওয়ার এমন ক্ষমতা নিয়ে আর কেউ কি আসবে? তাহসিন হোসেন: গলার কাছে দলা দলা কষ্ট। কেমন এক অসহায় শূন্যতা। সব শূন্য করে এক ভীষণ কাছের জন, আপনজন চলে গেলেন। শৈশব-কৈশোর-তারুণ্য পেরিয়ে পরিণতির কাল। আমার ও আমার প্রজন্মের বেড়ে ওঠা, আমাদের চেতনজগতের রহস্যময় বিকাশ, আমাদের বইমেলায় কেনা বইয়ের তালিকা—সবকিছুতে হুমায়ূন আহমেদ। অদেখা ভুবনে অচেনা পথে যাত্রা করলেন বটে, কিন্তু লক্ষ-কোটি মনন ও বোধে তাঁর নিরবধি গভীরতর বসবাস। এরপর আকাশ-পাতাল মাতাল করা আলোর রেণু নিয়ে যত জোছনা আসবে, প্রবল বর্ষণে কাচকাটা পানির নিক্বণে ঘন ছায়ায় ছেয়ে বর্ষা, ঝড়ের মত্ত পৌরুষ সুন্দর আমরা যতবার দেখব—অন্তত এ প্রজন্ম আমাদের চোখ দিয়ে দেখবেন হুমায়ুন আহমেদও। অমাবস্যায় ছেড়ে গেলেন এ ভুবন, কিন্তু অন্য ভুবন যেন আপনাকে জোছনায় স্নান করিয়ে বরণ করে নেয়। আজন্ম খুঁজতে থাকা অলীক হাহাকারের অপরূপ উত্তর যেন আপনাকে আলিঙ্গন করে মহৎ সৌন্দর্যে।আবদুল মজিদ কাজী: আমি বই-পুস্তকের পাঠক নই। অভাবের সংসারে বড় হয়েছি। বই কিনে পড়ার সামর্থ্য দূরে থাক, ছাত্র পড়িয়ে নিজের লেখাপড়া করতে হয়েছে। তাই লাইব্রেরিতে গিয়ে পড়ারও সময় ছিল না। কিন্তু আমার স্ত্রী ওনার বইয়ের পাঠক। বউকে ওনার বই কিনে দিলেও কাজের চাপে পড়া হয়নি। তবে ওনার লেখা নাটক দেখেছি অনেক। তা থেকে ওনার নীরব ভক্ত হয়ে গেছি। ইভান হুসেন: একজন কালজয়ী মানুষ এত দ্রুত চলে যাবেন, এটা মেনে নেওয়া আসলেই অনেক কষ্টের। একটা সময়ে তিনি একাই ধরে রেখেছিলেন বাংলাদেশের সাহিত্য, প্রকাশনা ব্যবসা। তাঁর অনবদ্য উপন্যাসের কারণেই তিনি ছিলেন বাংলা সাহিত্যে অত্যন্ত জনপ্রিয়, বাংলাদেশের গর্ব। উনি আসলে মহাপুরুষনেশায় অভিনেতা, পেশায় চিকিৎসক এজাজুল ইসলাম এভাবেই বর্ণনা করেছেন তাঁর স্যার হুমায়ূন আহমেদকে। তাঁর এই আবেগস্পর্শী লেখা সম্পর্কে সমীর সরকার লিখেছেন: আমাদের নাট্যাঙ্গনে নাটক নাট্যশিল্পীদের নামে বা পরিচয়ে পরিচিত হলেও হুমায়ূন আহমেদের নাটক কেবল নাট্যকারের নামে সবার কাছে পরিচিতি পেত। নাটকে নাট্যকার কত শক্তিশালী তা হুমায়ূনের এ অবস্থান আমাদের খুব সহজে বুঝিয়ে দেয়। তপন: এজাজুল ইসলাম সাহেব, আপনি পরশপাথরের ছোঁয়া পেয়েছিলেন, তাই আপনার জীবন ধন্য হয়েছে। সার্থক, হুমায়ূন আহমেদ জন্মেছিলেন এ দেশে। আজ তিনি মরেও অমর আমাদের কাছে। কবীর চৌধুরী তন্ময়: আমার হূদয় ক্ষতবিক্ষত হয়ে গেছে। আমি নিজেকে আর স্থির রাখতে পারিনি। আমার প্রিয় লেখক এভাবে চলে যাবেন না-ফেরার দেশে, তা যেন মিথ্যে সংবাদ। মৃত্যু সব জীবকে স্পর্শ করবে, তা জানার পরও মানতে পারছি না কেন জানি। নিউইয়র্কে শোকের বৃষ্টিবৃহস্পতিবার নিউইয়র্কের রৌদ্রোজ্জ্বল আকাশ হঠাৎ গুমরে ওঠে। শুরু হয় ঝিরঝিরে বৃষ্টি। বিষয়টি কাকতাল মাত্র। তার পরও মনে হয়, প্রিয় লেখকের মৃত্যুতে গোটা বাংলাদেশের সঙ্গী যেন নিউইয়র্ক। মো. আকতার আলি লিখেছেন: প্রকৃতির নিয়ম অনুযায়ী সবাইকে একদিন চলে যেতে হবে, জানি। তার পরও কেন যেন হুমায়ূন আহমেদ স্যারের চলে যাওয়াটা মানতে পারছি না। প্রকৃতির এ কোন নিয়ম? সম্রাট: তাঁর মতো কোনো লেখক আবার এই বাংলায় কোনো দিন আসবে কি না জানি না, তবে আমি এতটা আশাও করছি না। বাংলা কথাসাহিত্যে তিনি যে যুগের সূচনা করেছেন, তা শেষ হয়ে গেল। নতুন যুগ আদৌ শুরু হবে কি না, কে জানে! স্যার, আপনাকে অনেক অনেক ভালোবাসি—শুধু এটুকুই আজ বলতে পারছি। যেখানেই থাকুন, খুব খুব ভালো থাকুন...। শামীমা আকতার: হুমায়ূন আহমেদ ভুলবার মতো লেখক নন...তিনি তাঁর গল্প-উপন্যাস নিয়ে পাঠকের মনে স্থায়ীভাবে বেঁচে আছেন এবং আজীবন থাকবেন।(পাঠকের মতামত বিস্তারিত পড়তে ও আপনার মতামত জানাতে ভিজিট করুন prothom-alo.com)