গত বৃহস্পতিবার রাতে রাজধানীর বাড্ডা এলাকায় অজ্ঞাতপরিচয় কজন বন্দুকধারীর গুলিতে তিন ব্যক্তির মৃত্যু ও একজনের আহত হওয়ার ঘটনাটি বলিউড সিনেমার মতো। রাত নয়টায় রাস্তার পাশে উন্মুক্ত স্থানে অনেক লোকজনের উপস্থিতিতে সিনেমার স্টাইলে গুলি চালিয়ে মানুষ হত্যা করে ফাঁকা গুলি করতে করতে বন্দুকধারীরা চলে গেছে।
লক্ষণীয় বিষয়, গুলিতে নিহত তিনজনের একজন ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৬ নম্বর ওয়ার্ডের সহসভাপতি, আরেকজন স্বেচ্ছাসেবক লীগের নেতা। আহত ব্যক্তিও যুবলীগের নেতা বলে নিজে ও তাঁর স্বজনেরা দাবি করেছেন। ক্ষমতাসীন দল ও তার অঙ্গসংগঠনগুলোর নেতা-কর্মীদের সাধারণত নিজেদের মধ্যে খুনোখুনি করতে দেখা যায়। আধিপত্য বিস্তার, চাঁদাবাজি-টেন্ডারবাজিসহ বিভিন্ন অনৈতিক আর্থিক কর্মকাণ্ডের নিয়ন্ত্রণ ও আরও যেসব কারণে তাঁরা রক্তক্ষয়ী দ্বন্দ্ব-সংঘাতে লিপ্ত হন, সেগুলো বাড্ডা এলাকায় রয়েছে। গুলিতে নিহত স্বেচ্ছাসেবক লীগের নেতা মাহবুবুর রহমান ওরফে গামা বাড্ডা এলাকায় ঝুট ব্যবসাসহ বিভিন্ন বিষয়ের নিয়ন্ত্রণ নিজের হাতে নেওয়ার চেষ্টা করছিলেন। কারণ, ওই এলাকায় বাউল সুমন নামে যুবলীগের যে নেতা এসব নিয়ন্ত্রণ করতেন, তিনি গত ঈদুল ফিতরের আগে মারা গেছেন।
ক্ষমতাসীনদের মধ্যে এ ধরনের খুনোখুনি কেবল বাড্ডা এলাকায় সীমাবদ্ধ নয়; এটা দেশের একটা সাধারণ চিত্র। এবং এ ব্যাপারে লক্ষণীয় বিষয় হচ্ছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ক্ষমতাসীনদের নিজেদের ব্যাপার মনে করে অনেকটা নিষ্ক্রিয় থেকে যায়। বাড্ডার ঘটনায় পুলিশ এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি, গ্রেপ্তারে তৎপর হয়েছে কি না, তা নিয়েও সংশয় জাগে, কারণ এমন অজস্র হত্যাকাণ্ডের ঘটনায় হত্যাকারীদের ধরাছোঁয়ার বাইরে থাকতে দেখা যায়।
কিন্তু এসব হত্যাকাণ্ড ক্ষমতাসীন দল ও তার অঙ্গসংগঠনগুলোর নিজস্ব বিষয় বলে সরকারের নির্বিকার থাকা চলে না। দেশটা মগের মুলুক নয়, এখানে আইন আছে, সে আইনের ঊর্ধ্বে কেউ নয়, ক্ষমতাসীন হোক বা না হোক, সব অপরাধীর বিরুদ্ধে আইন প্রয়োগ করা সরকারের দায়িত্ব। বাড্ডার ওই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করা হোক।