গত শনিবার ঢাকায় এক প্রকাশককে হত্যা, আরেক প্রকাশক ও দুই কবি-ব্লগারকে গুরুতর আহত করার ঘটনা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, সব দেশেই এ রকম বিচ্ছিন্ন ঘটনা ঘটে থাকে। কিন্তু তিনি এ কথা বলেননি যে, সব দেশে এমন ‘বিচ্ছিন্ন ঘটনা’ ঘটিয়ে কেউ পার পায় না, যেমন পায় বাংলাদেশে।
এ বছরের ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত একই ধরনের পাঁচটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটল। আগের চারটি ঘটনার কোনো কূলকিনারা করতে পারেনি সরকার। একের পর এক এ ধরনের ঘটনা ঘটে যাওয়া, তা ঠেকাতে না পারা স্পষ্টতই সরকারের ব্যর্থতা। শনিবারের ঘটনার পর সরকারের তরফে যেন এসব নৃশংস হত্যাকাণ্ড ও হামলার ব্যাপারে আগের মতো সেই নির্বিকার মনোভাবেরই প্রকাশ ঘটল।
হত্যার শিকার প্রকাশক ফয়সল আরেফিন দীপনের বাবা অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক বলেছেন, তিনি সন্তান হত্যার বিচার চান না। সদ্য সন্তানহারা একজন বাবা কোন পরিস্থিতিতে এমন কথা বলতে পারেন, তা সরকারের উপলব্ধি করা উচিত। হত্যাকারী ও হত্যাচেষ্টার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের শিগগিরই গ্রেপ্তার করবে—সরকারের তরফে এ ধরনের আশ্বাসবাণী অতিশয় গৎবাঁধা। প্রতিটি হত্যাকাণ্ডের পরেই আমরা এমন আশ্বাস শুনে আসছি, কিন্তু হত্যাকারীদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তার করে তাদের বিচার ও শাস্তি দেওয়ার ক্ষেত্রে সরকারের ধারাবাহিক ব্যর্থতায় সব আশ্বাস অর্থহীন হয়ে যাচ্ছে।
আইন প্রয়োগে সরকারের ব্যর্থতার ফলে বিচারহীনতার যে পরিবেশ সৃষ্টি হয়েছে, তার ফলেই একের পর এক এ ধরনের নৃশংস হত্যাকাণ্ড সংঘটিত হতে পারছে। হত্যাকারীরা ক্রমেই আরও বেপরোয়া হয়ে উঠছে। আর আশ্বাসবাণী শুনতে চাই না। শনিবারের জোড়া হামলাকারী ও তাদের নেপথ্যের শক্তিকে সঠিকভাবে চিহ্নিত করে অবিলম্বে গ্রেপ্তার ও বিচার করুন। এর আগের সব হত্যাকাণ্ডেরও দ্রুত বিচার নিশ্চিত করা হোক।