হত্যার আগে ও পরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হত্যার পর পুলিশ অনেক কিছু ‘ধারণা’ করে, সেই ধারণাভিত্তিক সংবাদ প্রচারিতও হয়; কিন্তু কূলকিনারা হয় কতটি খুনের? বাসার ভেতরে মর্মান্তিকভাবে খুন হয়েছে দুই শিশুসহ চারজন। কিছুদিন আগে একজন ধর্মীয় নেতাও ঘরের মধ্যে পরিবারের সামনে জবাই হলেন। সাংবাদিক দম্পতি সাগর-রুনির নৃশংস হত্যার পর ঘরের ভেতরেও সাধারণ মানুষের নিরাপত্তাহীনতাও উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। ঘরে খুন, বাইরে গুম মিলিয়ে এক দমবন্ধ করা পরিস্থিতি। প্রতিকার না করুক, সরকার অন্তত পরিস্থিতির ভয়াবহতা আমলে নিয়ে উদ্বিগ্ন দেশবাসীর সঙ্গে একাত্ম হোক!
খুনের শিকার ব্যক্তিরা বলতে পারবেন না, কী কারণে কাদের হাতে তাঁরা খুন হয়েছেন। কিন্তু নিরাপত্তার স্বার্থেই জীবিতদের খুনিদের হদিস করতে হবে। ছাড় পাওয়া বা চিহ্নিত না হওয়া খুনিদের থেকে বিপজ্জনক আর কেউ নয়। পেশাদার খুনিরা এ রকম ‘সফল’ হত্যাকাণ্ডে উৎসাহিত হয়ে আরও খুনের ভাড়া খাটবে। শাস্তিহীন হত্যাকারীরা যে সমাজে ধরাছোঁয়ার বাইরে থাকে, সেই সমাজ ভয়ের সমাজ হয়ে ওঠে।
বাসার ভেতরে দুই শিশুসহ ৪ জন খুনরাষ্ট্রীয় বাহিনীর বিপথগামী সদস্যই হোক, কিংবা হোক অন্য ধরনের হত্যাকারী, হত্যার নৃশংসতা থেকে তাদের মনোবৃত্তিটা ধরা পড়ে। নারায়ণগঞ্জে আলোচিত সাত খুন কিংবা কেরানীগঞ্জের এই চার খুনের খুনিরা প্রমাণ করেছে, খুনি মানসিকতার মানুষের সংখ্যা সবখানেই বেড়ে যাচ্ছে। এটা গভীর সামাজিক বিপর্যয়ের ইঙ্গিত দেয়। পুলিশের কাজ তদন্ত করে অপরাধীদের শনাক্ত করে অভিযোগপত্র দাখিল করা, আদালতের কাজ তার বিচার করা। কিন্তু সরকারের সংশ্লিষ্ট দপ্তরের উচিত অপরাধবিজ্ঞানী ও সমাজবিজ্ঞানীদের সহায়তা নিয়ে হত্যাকাণ্ডের ব্যাপকতার সমাজ-মনস্তাত্ত্বিক কারণ বের করে তার প্রতিকারের পদক্ষেপ নেওয়া।
অপরাধ নির্মূলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকাই প্রধান। কিন্তু পুলিশে দলীয় নিয়োগ, রাজনৈতিক পদায়ন এবং দুর্নীতির ব্যাপকতা থাকলে সেই বাহিনী রক্ষক না হয়ে ভক্ষকের হাতিয়ার হয়ে উঠবে; যা কোনো সভ্য সমাজেই কাম্য হতে পারে না।