হত্যার বিচার চাওয়া কি অপরাধ?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাত খুনের আগে নারায়ণগঞ্জে ২০১৩ সালের ৬ মার্চ যে ঘটনাটি চাঞ্চল্য সৃষ্টি করেছিল, সেটি হলো তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা। ২১ মাস পার হলেও হত্যাকাণ্ডের বিচার হয়নি। প্রভাবশালীদের হস্তক্ষেপে তদন্তকাজও থমকে আছে। এমনকি বিচার চাইতে গিয়ে ত্বকীর স্বজন ও ন্যায়বিচারকামী মানুষ নানাভাবে লাঞ্ছনা ও নিপীড়নের শিকার হচ্ছেন। এই প্রভাবশালীদের রোষানল থেকে বাদ যাননি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নির্বাচিত মেয়রও। 
ত্বকী হত্যার পর নারায়ণগঞ্জের সব প্রগতিশীল সংগঠনের নেতা-কর্মীরা গড়ে তুলেছিলেন সন্ত্রাসবিরোধী ত্বকী মঞ্চ। ত্বকী হত্যার বিচারের দাবিতে এই মঞ্চের ব্যানারে নিয়মিত সভা-সমাবেশ করে আসছিলেন তাঁরা। ৫ ডিসেম্বর এ রকম একটি সমাবেশে মঞ্চের সদস্যসচিব হালিম আজাদের বক্তব্য নিয়ে স্বার্থান্বেষী মহল নানা অপতৎপরতা চালাচ্ছে, যার অংশ হিসেবে প্রথমে তাঁকে চাকরিচ্যুতির হুমকি ও পরে মানহানির মামলা দায়ের করে। হালিম আজাদ বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) উপপ্রধান বার্তা সম্পাদক ও নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি। তিনি যদি চাকরিবিধি ভঙ্গ করেন, সেটি দেখার দায়িত্ব কর্তৃপক্ষের; কোনো সাংসদের নয়।
৫ ডিসেম্বর সমাবেশের পর স্থানীয় সাংসদ প্রথমে দাবি করলেন, ত্বকী মঞ্চ থেকে প্রধানমন্ত্রীর প্রতি অপমানজনক বক্তব্য দেওয়া হয়েছে। পরে সেই অবস্থান থেকে সরে এসে বললেন, প্রধানমন্ত্রী নন, তাঁর বিশেষ দূত হুসেইন মুহম্মদ এরশাদকে অপমান করা হয়েছে। ইতিমধ্যে এই অভিযোগে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে মানহানির মামলা করা হয়েছে।
এসব হুমকি ও মামলার উদ্দেশ্য যাঁরা ত্বকী হত্যার দাবিতে আন্দোলন-সংগ্রাম করছেন, তাঁদের নিবৃত্ত করা। আমরা উদ্বেগের সঙ্গে লক্ষ করছি, নারায়ণগঞ্জে এসব অপতৎপরতায় লিপ্ত ব্যক্তিদের সম্পর্কে সরকার নীরব। বরং ত্বকী হত্যার বিচারপ্রার্থীদেরই নানাভাবে হয়রানি করা হচ্ছে। তাহলে কি গডফাদারদের এলাকা বলে খ্যাত নারায়ণগঞ্জের মানুষ হত্যার বিচারও চাইতে পারবে না?