হবিগঞ্জ শহর প্রতিরক্ষা বাঁধে ফাটল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 বুধবার প্রথমআলোয় প্রকাশিত খবর অনুযায়ী, টানা তিন দিনের বৃষ্টিপাত ও ভারতের ত্রিপুরা রাজ্য থেকে আসা পাহাড়ি ঢলে খোয়াই নদের পানি বেড়ে যাওয়ায় গত দুই দিনে শহর প্রতিরক্ষা বাঁধের চারটি স্থানে ফাটল দেখা দেয়।

গত মঙ্গলবার ভোরে একটি ফাটল দিয়ে শহরে পানি ঢোকা শুরু করলে স্থানীয় লোকজন মাটি ও বালুর বস্তা ফেলে তা বন্ধ করেন। কিন্তু এটি সাময়িক ব্যবস্থা। ফের বৃষ্টি হলে এবং পানি বেড়ে গেলে মাটি ও বালুর বস্তা হয়তো শহরের সুরক্ষা নিশ্চিত করবে না। ফাটল স্থায়ীভাবে বন্ধ করতে দ্রুত পদক্ষেপ নিতে হবে।

শুধু ফাটল বন্ধ করলেই হবে না। ভবিষ্যতে যাতে আর বাঁধে ফাটলের সৃষ্টি না হয়, সেটাও নিশ্চিত করা দরকার। স্থানীয় লোকজনের অভিযোগ, খোয়াই নদের যত্রতত্র খননযন্ত্র বসিয়ে অবৈধভাবে বালু তোলার কারণে প্রতিরক্ষা বাঁধে ফাটল
দেখা দিয়েছে। তা ছাড়া, বাঁধটি দীর্ঘদিন সংস্কার করা হয়নি বলে দুর্বল হয়ে গেছে। ফাটল সৃষ্টির এটিও একটি কারণ।

হবিগঞ্জ শহরের চৌধুরীবাজার থেকে চুনারুঘাট উপজেলার পাল্লার সীমান্ত পর্যন্ত খোয়াই নদের দুই পাশে ৯৪ কিলোমিটার প্রতিরক্ষা বাঁধের দুটি স্থানেও ফাটল দেখা দিয়েছে। বাঁধটি পর্যাপ্ত উঁচু নয় এবং তা দীর্ঘদিন সংস্কার করা হয়নি।

দীর্ঘদিন ধরে খনন না করার কারণে নদের পানি বেড়ে বাঁধ ছুঁইছুঁই করছে। নদের পানিতে শহরটি প্লাবিত হতে পারে। এটা রোধ করতে জেলা প্রশাসন ও স্থানীয় পানি উন্নয়ন বোর্ডকে উদ্যোগী হতে হবে। বাঁধ সংস্কারের পাশাপাশি খোয়াই নদ থেকে কেউ যাতে অবৈধভাবে বালু তুলতে না পারে, তা নিশ্চিত করতে হবে।