দেশজুড়ে শুরু হয়েছে এইচএসসি পরীক্ষা। আগামী ১৩ মে শুরু হতে যাচ্ছে ‘ও’ লেভেল পরীক্ষা। কিন্তু দুঃখের বিষয়, বিরোধী দল ঘোষণা দিয়েছে, সেই সময়ও হরতাল চলবে। সরকার হরতাল বন্ধের ব্যাপারে কোনো পদক্ষেপ নিতে পারেনি। তবে কি শিক্ষার কোনো মূল্যই নেই কারও কাছে? স্বয়ং শিক্ষামন্ত্রী বললেন এইচএসসি পরীক্ষার সময় হরতাল না দিতে। কিন্তু ‘ও’ লেভেল পরীক্ষার ব্যাপারে কোনো কথাই বললেন না। কেন? কেন এই বিমাতাসুলভ আচরণ? ‘ও’ লেভেল পরীক্ষার্থীরা কি এ দেশের সন্তান নয়? বরং পরীক্ষার দিন হরতাল থাকলে এইচএসসি পরীক্ষা অন্য কোনো দিন নেওয়া যাবে কিন্তু যেহেতু ‘ও’ লেভেল পরীক্ষা অন্যান্য দেশে হয়ে যাবে, তাই ২৪ ঘণ্টার মধ্যে বাংলাদেশে ‘ও’ লেভেল পরীক্ষা অনুষ্ঠিত না হলে তা বাতিল হয়ে যাবে। এমতাবস্থায় ‘ও’ লেভেল পরীক্ষার্থীরা চরম দুশ্চিন্তায় দিন কাটাচ্ছে। কারণ, তারা জানে না, আদৌ পরীক্ষা দিতে পারবে কি না? এত দিনের শ্রম, চেষ্টা আর ব্যয়বহুল একেকটি পরীক্ষা (প্রতিটি বিষয়ের জন্য রেজিস্ট্রেশন ফি আট হাজার ২০০ টাকা) কি এভাবেই বন্ধ হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে বহু মেধাবী ছাত্রছাত্রীর একটি বছর? কারণ, এবার পরীক্ষা দিতে না পারলে সেই পরীক্ষা আগামী বছরের জানুয়ারি মাসে নতুন করে টাকা দিয়ে রেজিস্ট্রেশন করে দিতে হবে। টাকা, শ্রম আর মেধার এই বিপুল অপচয় আমার মতো নিরীহ অভিভাবককে বিনা দোষে সহ্য করতে হবে, যদিও এখানে আমাদের কোনো দোষই ছিল না। নষ্ট হবে বহু মেধাবী ছাত্রছাত্রীর একটি বছর। নষ্ট হবে সামনের বছরের কোনো ভালো বৃত্তি। তাই বিরোধী দলের নেতাদের কাছে অন্তত মে-জুন এ দুই মাস হরতাল না দেওয়ার অনুরোধ জানাচ্ছি। ডা. জেসমীন চৌধুরী, ঢাকা।