আড়িয়ল বিলে নতুন বিমানবন্দর নির্মাণ নিয়ে যে সংকটের সৃষ্টি হয়েছিল, সরকার তা মোটামুটি সামাল দিয়েছে। যদিও একজন পুলিশ কর্মকর্তাকে জীবন দিতে হয়েছে। পক্ষকাল ধরে বিল এলাকায় ছিল টানটান উত্তেজনা। আশা করি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণার পর সেই উত্তেজনারও অবসান ঘটবে। বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করে প্রধানমন্ত্রী বলেছেন, সরকার আড়িয়ল বিলে বিমানবন্দর স্থাপন করবে না; বিমানবন্দর হবে পদ্মার ওপারে। এই প্রসঙ্গে তিনি বিরোধী দলের নেত্রী খালেদা জিয়ার দাবি মেনে নেওয়ার কথাও বলেন। খালেদা জিয়া বলেছিলেন, কোনোভাবেই আড়িয়ল বিলে বিমানবন্দর প্রতিষ্ঠা করতে দেওয়া হবে না।একই সঙ্গে প্রধানমন্ত্রী আরেকটি ঘোষণা দিতে পারতেন, আড়িয়ল বিলের ঘটনা নিয়ে বিরোধীদলীয় নেত্রীসহ যে হাজার হাজার এলাকাবাসীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে, তাও প্রত্যাহার করা হলো। পুলিশের আইজি খন্দকার মাহমুদ হাসান বলেছেন, পুলিশ খালেদা জিয়ার বিরুদ্ধে কোনো মামলা দায়ের করেনি। কে মামলা করলেন? আওয়ামী লীগের স্থানীয় একজন নেতা ও মুন্সিগঞ্জ জেলা জজ আদালতের সরকারি আইনজীবী। আইজিপির বক্তব্যে পুলিশ দায়িত্বমুক্ত হলেও সরকার দায় এড়াতে পারছে না। সংসদীয় গণতন্ত্রে বিরোধীদলীয় নেত্রীকে ছায়া প্রধানমন্ত্রী হিসেবে বিবেচনা করা হয়। সংবিধানমতেও তিনি কেবিনেট মন্ত্রীর পদমর্যাদা পেয়ে থাকেন। তাঁর বিরুদ্ধে সরাসরি হত্যা মামলা দায়ের উসকানি ছাড়া কিছু নয়। আইন প্রতিমন্ত্রী বলেছেন, তিনি সরকারি আইনজীবী হিসেবে মামলা করেননি, করেছেন আওয়ামী লীগের নেতা হিসেবে। ক্ষমতাসীন দলের অতি উৎসাহী নেতার এহেন কর্মের দায় কি শেষ পর্যন্ত সরকারের ওপরই বর্তায় না? বিএনপি বহুদিন ধরেই হরতালের অজুহাত খুঁজছিল। মুন্সিগঞ্জের আওয়ামী লীগের নেতা সেই অজুহাতটি তাদের হাতে তুলে দিলেন। এ ধরনের নেতা আওয়ামী লীগে থাকলে সরকারকে ডোবানোর জন্য আর বিরোধী দলকে আন্দোলন করতে হবে না। সদ্য সমাপ্ত পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগকে কে ডুবিয়েছে? বিএনপি বা বিরোধী দল নয়, আওয়ামী লীগ নিজেই। কোনো কোনো পৌরসভায় দলের তিন থেকে পাঁচজন পর্যন্ত প্রার্থী দাঁড়িয়েছিলেন। স্বভাবতই কর্মীরা বিভ্রান্ত ও হতাশ হয়েছেন। ভোটের ফল গেছে বিএনপির ঘরে।২.প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রায়ই একটি কথা বলেন, তাঁর সরকার দেশ ও জনগণের কল্যাণে কাজ করছে। জনগণের সমস্যা সমাধানেও তারা সাধ্যমতো চেষ্টা চালাচ্ছে। এই কথাটি প্রধানমন্ত্রীর জন্য সত্য হলেও তাঁর অনেক সহকর্মীর জন্যই প্রযোজ্য নয়। তাঁদের কেউ কেউ দুুদিনের মন্ত্রিত্বের চেয়ে স্থায়ী ব্যবসা-বাণিজ্য নিয়েই বেশি ব্যস্ত থাকেন। মন্ত্রণালয়ের কাজে মনোযোগ কম। অথবা সেই খাতে মনোযোগ আছে, যেই খাতে কমিশন বেশি। বিরোধী দল সংসদে উপস্থিত থাকলে তাঁরা টের পেতেন, কত ধানে কত চাল।উদাহরণ হিসেবে যোগাযোগ ও বাণিজ্য মন্ত্রণালয়ের কথা বলতে পারি। বাণিজ্যমন্ত্রী ফারুক খান প্রায় প্রতিদিনই পণ্যের দাম বাড়তে দেওয়া হবে না বলে গগনবিদারী আওয়াজ তোলেন, ব্যবসায়ীদের ডেকে হুমকি-ধমকি দেন। কিন্তু তাতে কোনো কাজ হয় না। ব্যবসায়ীরা তাঁদের মতো করেই পণ্যের দাম ঠিক করেন। একইভাবে যোগাযোগমন্ত্রীও দুই বছর ধরে দেশবাসীকে উড়ালরেল-পাতালরেলের গল্প শুনিয়ে যাচ্ছেন। পুরো দেশের যোগাযোগব্যবস্থাকে ঢেলে সাজানোর স্বপ্ন দেখাচ্ছেন। এখন অবস্থা এমন দাঁড়িয়েছে, বিপদে না পড়লে কেউ ট্রেনে চড়ে না। গত দুই বছরে নতুন ট্রেনলাইন চালু হবে কি, পুরোনোগুলোই তো বন্ধ হয়ে যাচ্ছে। মহাসড়কগুলো মহা দুর্যোগে পড়েছে। বৃহস্পতিবার সংসদে প্রশ্নোত্তর পর্বে আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা তোফায়েল আহমেদ বলেছেন, ‘গত দুই বছরে যোগাযোগ মন্ত্রণালয়ে কাজের কাজ কিছুই হয়নি। সারা দেশে রাস্তাঘাট সব ভেঙে আছে, কোনো সংস্কার নেই। দুই বছর আগে ঢাকা-চট্টগ্রাম রাস্তা চার লেনে উন্নীত করার দরপত্র দেওয়ার কথা মন্ত্রী বললেও কোনো কাজ এখনো শুরু হয়নি। দুই বছর পার হয়ে গেলেও পদ্মা সেতুরও কোনো খবর নেই।...গত উপনির্বাচনের সময় ব্রাহ্মণবাড়িয়ায় গিয়ে রাস্তাঘাটের বেহাল দশা দেখে এসেছি। রাস্তার এমনই দুর্দশা যে ৪০ মাইল ঘুরে ঢাকায় ফিরতে হয়েছে। সারা দেশের কোথাও গত দুই বছরে রাস্তাঘাটের কোনো সংস্কারকাজ হয়নি।’পদ্মা সেতু ও এলিভেটেড রেলওয়ের ব্যাপারে মন্ত্রীর সদিচ্ছা আছে কি না, সে ব্যাপারেও প্রশ্ন তুলেছেন তোফায়েল আহমেদ।এসব প্রশ্ন সাংবাদিকেরা রাখলে সরকারের মন্ত্রীরা, আওয়ামী লীগের নেতারা নির্ঘাত ষড়যন্ত্র খুঁজতেন। বলতেন, ব্যাটারা আওয়ামী লীগের ভালো চায় না বলেই সরকারের সমালোচনা করছে। কিন্তু খোদ আওয়ামী লীগের একজন জ্যেষ্ঠ নেতা যখন সংসদে দাঁড়িয়ে ওই সমালোচনা করেন এবং সংসদের প্রায় সব সদস্য টেবিল চাপড়ে তাঁকে সমর্থন জানান, তখন কিছুই বলার থাকে না। ডেপুটি স্পিকার কর্নেল (অব.) শওকত আলী বলেছেন, ‘এটি শুধু তোফায়েল আহমেদের কথা নয়, গোটা সংসদেরই বক্তব্য।’রাস্তার দুরবস্থার জন্য যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন বরাদ্দ না পাওয়ার অজুহাত দিয়েছেন। বিশাল বিশাল উন্নয়ন-বাজেট থেকেও যদি তিনি প্রয়োজনীয় বরাদ্দ আদায় করতে না পারেন, সেটি তাঁরই ব্যর্থতা। আসলে তিনি দায়িত্ব নেওয়ার পর থেকে যোগাযোগ নিয়ে যত কথা বলেছেন, তার এক শতাংশ কাজে দেখালেও রাস্তাঘাটের এই দুরবস্থা হতো না। বিএনপির আমলে উন্নয়নকাজ হয়নি বলে সরকারের নীতিনির্ধারকেরা অভিযোগ করেন। এখন দেখা যাচ্ছে, এই সরকারের আমলে এ খাতের অবস্থা সবচেয়ে খারাপ। সরকার ভাবছে, পদ্মা সেতু নির্মাণ করতে পারলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। পদ্মা সেতু জরুরি। কিন্তু এক পদ্মা সেতু দিয়ে তো সারা দেশের যোগাযোগ-সমস্যার সমাধান হবে না।ঢাকা শহরের রাস্তাঘাটের বেহাল দশার জন্য সরকার মেয়র সাদেক হোসেন খোকাকে দোষারোপ করছে। কিন্তু সারা দেশের বেহাল দশার জন্য তারা কাকে দায়ী করবে? আসলে সব সরকারের আমলেই কতিপয় মন্ত্রী কাজের চেয়ে কথা বলতে বেশি পছন্দ করেন। এঁদের সংখ্যা বেশি হলেই বিপদ। সরকারের ২৫ মাস চলে গেছে। এখন আর বিএনপি-জামায়াত জোটের গিবত মানুষ শুনতে চাইবে না। গত ২৫ মাসে সরকার কী করেছে, তাতে জনগণের লাভ কতটা হয়েছে, সেটাই দেখতে চাইবে। সাদেক হোসেন খোকার জন্য ঢাকা শহরের উন্নয়ন আটকে থাকলে সরকার ঢাকা সিটি করপোরেশনের নির্বাচন দিচ্ছে না কেন? নির্বাচন না করে তো তাঁকে সরানো যাবে না, উন্নয়নও হবে না। তাহলে কি জনগণ ধরে নেবে, এর মধ্যে ‘কিন্তু’ আছে—‘চোরে চোরে মাসতুতো ভাই’!৩.বিশ্বকাপ ক্রিকেট নিয়ে এখন বাংলাদেশ মাতোয়ারা। বাংলাদেশ প্রথমবারের মতো বিশ্বকাপ ক্রিকেটের অন্যতম স্বাগতিক দেশ হতে পেরেছে, সেটি একমাত্র কৃতিত্ব নয়। বাংলাদেশ ক্রিকেট দলও অতীতের যেকোনো সময়ের চেয়ে ভালো ফর্মে আছে। বিশ্বকাপ ক্রিকেটকে বরণ করতে দেশের সব শ্রেণী ও পেশার মানুষ অধীর অপেক্ষায় আছে। কদিন আগে টিকিটের জন্য ব্যাংকগুলোর সামনে নারী-পুরুষের লম্বা লাইন দেখেছি। বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষে ঢাকা ও চট্টগ্রাম শহরকে নবসাজে সজ্জিত করা হচ্ছে। ফুটপাতগুলো পরিষ্কার করা হচ্ছে। বড় বড় সড়কের পাশের ঘরবাড়িতে রং করার নির্দেশ দেওয়া হয়েছে। ১০ ফেব্রুয়ারির মধ্যে লক্কড়-ঝক্কড় মার্কা গাড়ি রাস্তা থেকে সরিয়ে ফেলতে বলা হয়েছে। প্রয়োজনে কিছুদিন সেগুলো গ্যারেজেই থাকবে। শহরে টহল বাড়ানো হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক রাখা হয়েছে। বিদেশি মেহমানদের যাতে কোনো অসুবিধা না হয়, সে ব্যাপারেও সজাগ রয়েছে কর্তৃপক্ষ।দেশের ভাবমূর্তি উজ্জ্বল করার জন্যই এতসব উদ্যোগ-আয়োজন। বিশ্ব ক্রিকেটের ট্রফিটি ইতিমধ্যে বাংলাদেশে চলে এসেছে। এখান থেকে যাবে ভারতে এবং সে দেশের আটটি শহর ঘুরে ফের বাংলাদেশে আসবে, থাকবে খেলা চলা পর্যন্ত।উদ্বোধনী অনুষ্ঠান কেমন হবে, তা নিয়ে চলছে ব্যাপক জল্পনা। দেশের শিল্পী-সংস্কৃতিসেবীরা চাইছেন এই সুযোগে আমাদের জাতীয় সংস্কৃতি বিশ্বের কাছে তুলে ধরতে। অনুষ্ঠানে যেন বিদেশি অনুকরণে বেখাপ্পা নাচ-গান বা বেলেল্লাপনা প্রদর্শিত না হয়। বিশ্বকাপ ক্রিকেটকে সামনে রেখে কেউ কেউ বাণিজ্য করারও তালে আছেন। তাঁরা চাইছেন ভিনভাষী ও ভিনদেশিদের নাচাবেন, গাওয়াবেন। বাঙালি সংস্কৃতি এতটা দেউলিয়া নয় যে ভাষার মাসে ভিন ভাষার শিল্পীদের এখানে এনে শোরগোল তুলতে হবে। আশা করি, আয়োজকেরা বিষয়টির প্রতি নজর দেবেন।সারা দেশ যখন বিশ্বকাপ ক্রিকেটের জন্য উন্মুখ, তখন দেশের প্রধান বিরোধী দল মাত্র দেড় সপ্তাহ আগে আরেকটি হরতাল ডেকে বসে আছে। ৭ ফেব্রুয়ারি সোমবার তারা সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল পালন করবে। ১৭ ফেব্রুয়ারি খেলার উদ্বোধন। বিশ্বকাপ ক্রিকেট সামনে রেখে কেন এই হরতাল? বিএনপির নেতারা বলেছেন, খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা প্রত্যাহারসহ বিভিন্ন জনস্বার্থ-সংশ্লিষ্ট দাবি আদায়ই তাঁদের লক্ষ্য। হরতাল করে কখনো জনস্বার্থ আদায় হয় না, জনগণকে দুর্ভোগে ঠেলে দেওয়া হয়। বিএনপির নেতারা বলবেন, তাঁদের আমলে আওয়ামী লীগও হরতাল করেছে। আওয়ামী লীগ ভুল করলে বিএনপিও করবে? তারা পরস্পরের কাছে ভালো শিক্ষা না নিয়ে কুশিক্ষা নিচ্ছে কেন?আর যে দাবি বিএনপির মূল দাবি, তা তো সরকার মেনেই নিয়েছে। বিরোধী দলের নেতা খালেদা জিয়া বলেছিলেন আড়িয়ল বিলে বিমানবন্দর করতে দেওয়া হবে না। সরকার বলেছে, সেখানে বিমানবন্দর হবে না।খালেদা জিয়ার বিরুদ্ধে সরকারি দলের এক নেতা মামলা করায় বিএনপি ক্ষুব্ধ। আমরাও এ ধরনের হয়রানিমূলক মামলার তীব্র নিন্দা করি। কিন্তু একটি মামলার জন্য কি সারা দেশে হরতাল হতে পারে? বিএনপি বলেছে, তাদের আরও দাবি আছে। একদিকে তারা শেয়ারবাজার কেলেঙ্কারির হোতাদের খুঁজে বের করার কথা বলছে, অন্যদিকে এ ব্যাপারে গঠিত তদন্ত কমিটি মানতে চাইছে না। কেন এই স্ববিরোধিতা? বিএনপি বলেছে দ্রব্যমূল্য কমাতে হবে। এই কাজটি যে ৭২ ঘণ্টার মধ্যে সম্ভব নয়, সেটি তারাও ভালো জানে।আমাদের দেশে সরকারের কাজ হলো আগপাছ না ভেবে কিছু করা। কোন সিদ্ধান্তে কী প্রতিক্রিয়া হতে পারে, সে নিয়ে তাদের মাথাব্যথা নেই, যেমন প্রস্তাবিত বিমানবন্দর নিয়ে যা হলো। আর বিরোধী দলের কাজ হলো সবকিছুতে বাগড়া দেওয়া। না হলে বিশ্বকাপ ক্রিকেটের ১০ দিন আগে তারা হরতাল ডাকত না। এই হরতাল সম্পূর্ণ অন্যায় ও অযৌক্তিক। বিশ্বকাপ ক্রিকেটের মহাযজ্ঞ সামনে রেখে এ ধরনের কর্মসূচি কেবল গণবিরোধী নয়, দেশের ভাবমূর্তির জন্যও ক্ষতিকর।এখন বিএনপির নেতাদেরই সিদ্ধান্ত নিতে হবে, তাঁরা ৭ ফেব্রুয়ারি আহূত হরতাল প্রত্যাহার করবেন কি না। প্রত্যাহার করলে ভাবব, তাঁরাও জনমতের প্রতি শ্রদ্ধাশীল; দলীয় স্বার্থের চেয়ে জাতীয় স্বার্থকেই বড় করে দেখেন। আর হরতালের সিদ্ধান্তে অনড় থাকলে ভাবব, এবারের বিশ্বকাপ ক্রিকেটের জন্য এটি বিএনপির অনাকাঙ্ক্ষিত আগাম উপহার।সোহরাব হাসান: কবি, সাংবাদিক।[email protected]