বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মুক্তির দাবিতে বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট আজ আবার আধা বেলা হরতাল ডেকেছে। গত রোববার ঢাকায় অবরোধ ও মঙ্গলবার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতালে মোট চারজনের প্রাণহানি ঘটেছে, পুলিশসহ শতাধিক মানুষ আহত হয়েছেন, কয়েক শ যানবাহনে ভাঙচুর-অগ্নিসংযোগ করা হয়েছে। এসবের সঙ্গে আজকের হরতালের সম্ভাব্য ক্ষয়ক্ষতি যোগ হলে গত রোববার থেকে আজ বৃহস্পতিবার পর্যন্ত—পাঁচ দিনে দেশকে যে মাশুল গুনতে হয়, তাকে বলতে হয় অকারণে বড্ড বেশি মূল্য দেওয়া। যেসব রাজনৈতিক দল হরতাল ডাকে, তারা দাবি করে, এটি তাদের গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার, যা সংবিধানে নিশ্চিত করা হয়েছে। কিন্তু হরতালের ডাক দিয়ে তারা জনসাধারণের স্বতঃস্ফূর্ত সাড়ার অপেক্ষায় না থেকে হরতাল ‘সফল’ করার উদ্দেশ্যে রাস্তায় নেমে যা করে, তাকে সোজা ভাষায় বলা যায় দুর্বৃত্তপনা। জনসাধারণের চলাফেরায় ও ব্যবসা-বাণিজ্যসহ জীবিকা-অন্বেষণে বাধা দেওয়া, যানবাহনে ভাঙচুর-অগ্নিসংযোগ করা, ককটেল-বোমার বিস্ফোরণ ঘটানো এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ওপর আক্রমণ চালানোসহ নাশকতা-নৈরাজ্য-সন্ত্রাস সৃষ্টি করাকেই তারা হরতাল সফল করার পন্থা হিসেবে ব্যবহার করে।আইন-সংবিধান অমান্য করা, নাগরিকদের শান্তি ও নিরাপত্তা বিপন্ন করা, তাদের স্বাধীনভাবে চলাফেরা করার অধিকার লঙ্ঘন করা এবং সর্বোপরি দেশজুড়ে একটি সন্ত্রস্ত পরিবেশ সৃষ্টি করাই যেন হরতাল আহ্বানকারী দলগুলোর প্রধান কৌশলে পরিণত হয়েছে। আবার, তাদের এই দুর্বৃত্তপনা প্রতিহত করতে ক্ষমতাসীন দলের কর্মী-সমর্থকেরা যে পাল্টা দুর্বৃত্তপনা চালান, তা কতটা হিংস্র রূপ ধারণ করতে পারে, তা দেশবাসী প্রত্যক্ষ করল রোববারের বিএনপির অবরোধ কর্মসূচির সময় পুরান ঢাকায় বিশ্বজিৎ দাস নামের নিরীহ তরুণের নৃশংস হত্যাদৃশ্যে।আইন, সংবিধান, মানুষের অধিকার, দেশের শান্তি-শৃঙ্খলা ও জননিরাপত্তার প্রতি অবজ্ঞা ও অশ্রদ্ধা প্রদর্শনের এই সহিংস প্রতিযোগিতায় ক্লিষ্ট-জর্জরিত হয়ে পড়েছে আমাদের রাজনৈতিক সংস্কৃতি। এভাবে আর চলতে পারে না, এসব আর চলতে দেওয়া উচিত নয়। সবকিছুর আগে এই উপলব্ধি জাগা প্রয়োজন রাজনৈতিক দলগুলোর মধ্যেই। সামনের দিনগুলোতে বাংলাদেশ হরতাল-অবরোধের নামে নৈরাজ্য-নাশকতা, রক্তপাত-প্রাণহানি দেখতে চায় না।