হরতাল ও শিক্ষা কার্যক্রম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক দিন হরতালে ক্ষতির পরিমাণ কত? বা এ ধরনের রাজনৈতিক কর্মসূচিতে দেশের অর্থনীতির কী পরিমাণ ক্ষতি করছে—এমন নানা হিসাব-নিকাশ নানা সূত্র থেকে প্রকাশিত হয়। কিন্তু এই কর্মসূচিগুলো স্কুল পর্যায় থেকে বিশ্ববিদ্যালয় পর্যায় পর্যন্ত শিক্ষার্থীদের যে ক্ষতি করছে, তার অর্থনৈতিক মূল্য কত? বা আদৌ আর্থিক বিচারে তা মাপা যাবে কি? গত শনিবার এক অভিভাবকের চিঠি প্রকাশিত হয়েছে প্রথম আলোয়। তাঁর উদ্বেগ ১৩ মে থেকে শুরু হতে যাওয়া ‘ও’ লেভেল পরীক্ষা নিয়ে। ১ এপ্রিল থেকে শুরু হওয়া দেশের এইচএসসি পরীক্ষা এরই মধ্যে হরতালে হরতালে জর্জরিত। হরতালের কারণে কিছু পরীক্ষা স্থগিত করতে হয়েছে, তারিখ পরিবর্তন করতে হয়েছে। দেশের শিক্ষা বোর্ড না হয় বাস্তব পরিস্থিতি বিবেচনায় নিয়ে তাৎক্ষণিকভাবে পরীক্ষা স্থগিত করে নতুন তারিখ ও সময় ঘোষণা করতে পারছে, কিন্তু ‘এ’ লেভেল বা ‘ও’ লেভেলের শিক্ষার্থীদের ক্ষেত্রে তো তেমন সুযোগ নেই। কারণ, এই পরীক্ষা সব দেশে একই সঙ্গে অনুষ্ঠিত হয়। সামনে আরও রাজনৈতিক কর্মসূচির আশঙ্কায় শঙ্কিত ওই অভিভাবক লিখেছেন, ‘শিক্ষার্থীরা চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে। কারণ, তারা জানে না, আদৌ পরীক্ষা দিতে পারবে কি না? এত দিনের শ্রম, চেষ্টা আর ব্যয়বহুল একটি পরীক্ষা কি এভাবে বন্ধ হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে বহু মেধাবী ছাত্রছাত্রীর একটি বছর?’ শুধু পরীক্ষা নিয়ে অনিশ্চয়তা নয়, দিনের পর দিন হরতাল, টানা হরতাল—এসব কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত ক্লাস হতে পারছে না। পরীক্ষার নির্ধারিত সময়, পাঠ্যসূচি ও শ্রেণীকক্ষে পড়ানো—এই সবগুলোর মধ্যে একটি ধারাবাহিকতা রয়েছে। নির্ধারিত ক্লাসগুলো না হওয়া মানে পুরো প্রক্রিয়াটি ব্যাহত হওয়া। শিক্ষাপ্রতিষ্ঠানগুলো এখন শুক্র ও শনিবার ক্লাস নিয়ে তা পুষিয়ে নেওয়ার চেষ্টা করছে। কিন্তু গত কয়েক মাসে শিক্ষার্থীদের যে ক্ষতি হয়েছে, তা কি এর মাধ্যমে পূরণ করা সম্ভব? সন্দেহ নেই যে দায়সারাভাবেই বিষয়টি সামলাতে হচ্ছে। শিক্ষার মান নিয়ে এই আপস জাতি হিসেবে আমাদের কতটুকু ক্ষতি করছে, তা কি কারোরই বিবেচনার বিষয় নয়?