হরতাল থেকে কি মুক্তি নেই?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সংবাদ সম্মেলনে দেওয়া বক্তব্যে কিছু নমনীয়তার আভাস থেকে এমন প্রত্যাশা জেগেছিল যে, তাঁর জোট সম্ভবত এবার হরতালের মতো ক্ষতিকর কর্মসূচিতে বিরতি টানবে। কিন্তু রোববার থেকে মঙ্গলবার পর্যন্ত টানা হরতাল শেষ না হতেই বুধবার ভোর ছয়টা থেকে শুক্রবার ভোর ছয়টা পর্যন্ত হরতালের মেয়াদ বাড়িয়ে দেওয়ার ঘোষণায় দেশবাসী হতাশ হয়েছে। প্রশ্ন জাগছে, প্রাণহানি, বিপুল ক্ষয়ক্ষতি ও জনভোগান্তির এই বিরামহীন চক্র থেকে কবে মুক্তি পাবে বাংলাদেশ। কবে বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোট জনসাধারণের প্রতি সদয় হবে, কবে তারা রাজনৈতিক আন্দোলনের শান্তিপূর্ণ পন্থা অবলম্বন করবে।
ভিন্ন কিছুর চিন্তা করেও হরতালই দিল বিএনপিবিএনপির সর্বশেষ হরতালের কারণ হিসেবে যুক্ত হয়েছে দলটির অন্যতম যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমদের নিখোঁজ হওয়ার বিষয়টি। নিখোঁজ হওয়ার আট দিন পরেও তাঁর কোনো খবর না পাওয়া অত্যন্ত গুরুতর একটি বিষয়, এতে কোনো সন্দেহ নেই। তবে এ জন্য হরতাল দিয়ে কতটা সুফল পাওয়া যাবে, তা–ও একটি বড় প্রশ্ন। কারণ দেখা যাচ্ছে, হরতাল-অবরোধে সরকারের তেমন ভ্রুক্ষেপ নেই, বরং এই ধ্বংসাত্মক কর্মসূচির লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে নিরীহ জনসাধারণ ও দেশের অর্থনীতি। পেট্রলবোমাসহ যাবতীয় সহিংসতার শিকার হচ্ছে সাধারণ মানুষ; ব্যবসা-বাণিজ্য, শিক্ষাজীবনসহ জনজীবনের প্রতিটি ক্ষেত্র ক্ষতিগ্রস্ত হচ্ছে হরতালের কারণে। অর্থাৎ হরতালের মধ্য দিয়ে ২০-দলীয় জোট যে জনস্বার্থের প্রতিপক্ষ হিসেবে নিজেকে দাঁড় করিয়েছে; এর কোনো রাজনৈতিক সুফল তারা পাচ্ছে না। বরং জনভোগান্তির ব্যাপারে বিরোধী জোটের অসংবেদনশীলতাই প্রকাশ পাচ্ছে, মুখে যতই তারা শান্তিপূর্ণ কর্মসূচির কথা বলুক না কেন।
অন্যদিকে, বিরোধী জোটের এই অভিযোগও সত্য যে তাদের স্বাভাবিক রাজনৈতিক ও সাংগঠনিক কর্মকাণ্ডের পথগুলো সরকার রুদ্ধ করেছে। সরকারের এই অগণতান্ত্রিক আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বিরোধী রাজনৈতিক দলগুলোকে তাদের সাংবিধানিক গণতান্ত্রিক অধিকারগুলো প্রয়োগের সুযোগ দিতে হবে। আর বিরোধী দলগুলোকে অবশ্যই অনতিবিলম্বে হরতালসহ সব ধরনের জবরদস্তিমূলক, সহিংস রাজনৈতিক পন্থা পরিহার করতে হবে।