হরতাল না থাকলেও পেট্রলবোমা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শনিবার হরতাল ছিল না। তবু মাগুরায় একটি ট্রাকে পেট্রলবোমা ছুড়ে মারা হয়। চালকসহ নয়জন ট্রাকশ্রমিকের শরীর আগুনে পুড়ে যায়। তাঁদের মধ্যে দুজন রোববার মারা যান। অন্যদের অবস্থা আশঙ্কাজনক। পেটের দায়ে তাঁরা বালুর ট্রাকে কাজ করতে গিয়েছিলেন। কিন্তু বিবেকহীন একদল লোক তাঁদের ওপর হামলা চালায়। নয়টি পরিবার আজ অনিশ্চিত ভবিষ্যতের মুখে। পরিবারগুলোর একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিরা আর সংসার টানতে পারবেন না। এর চেয়ে বড় দুঃখজনক ঘটনা আর কী হতে পারে?
মাগুরায় পেট্রলবোমায় দগ্ধ ৯এর আগের দিন শুক্রবারও হরতাল ছিল না। সেদিনও ফেনীতে মাছের ট্রাকে ছোড়া পেট্রলবোমায় আহত এক ব্যক্তি শনিবার মারা গেছেন। বেছে বেছে যেন নিরীহ সাধারণ মানুষকে মারা হচ্ছে। হরতাল না থাকলেও চলছে অবিরাম অবরোধ, সেই অজুহাতে পেট্রলবোমা হামলা চলছে। কিন্তু জীবন তো থেমে থাকে না। সংসারের ঘানি টানতে তাঁদের কাজে বেরোতে হবেই। আর তাই বুঝি সহিংসতায় মৃত্যু তাঁদের কপালের লিখন হয়ে দাঁড়িয়েছে।
টানা অবরোধের ৭৫তম দিনে প্রাণহানি ১২৪ জনে ঠেকেছে। তাঁদের মধ্যে ৩৩ জন মারা গেছেন ‘ক্রসফায়ারে’। কিছু লোক মরছেন পেট্রলবোমায়। আর কিছু লোককে পুলিশ ধরছে নাশকতার অভিযোগে। তারপর তাঁদের কেউ কেউ মারা যাচ্ছেন ‘ক্রসফায়ারে’। মানুষের জীবনে এর চেয়ে বড় সংকট আগে আর দেখা যায়নি।
সিটি করপোরেশন নির্বাচনের ব্যাপারে বিএনপির ইতিবাচক মনোভাব সত্ত্বেও হরতাল–অবরোধ প্রত্যাহার না করা দুর্ভাগ্যজনক। তাদের উচিত এসব ধ্বংসাত্মক কর্মসূচি প্রত্যাহার করে নির্বাচনী প্রক্রিয়ায় নিজেদের সম্পৃক্ত করা। সবাই যখন ভাবছিলেন টানা অবরোধ-হরতালে বিরতি আসবে, ঠিক তখনই যেন আরও তেজি হয়ে উঠল সহিংস হামলা। রাজনৈতিক কর্মসূচি যখন রাজনীতির পরিমণ্ডলের বাইরে চলে যায়, তখন তা ভয়াবহ হয়ে উঠতে বাধ্য।
এই আবর্ত থেকে বেরিয়ে আসা রাজনৈতিক নেতৃত্বেরই দায়িত্ব। আমরা আশা করব পেট্রলবোমা ও মানুষ মারার রাজনীতি চিরতরে বন্ধ হবে।