আবার সেই অগ্রহণযোগ্য হরতাল। সাবেক তথ্যপ্রযুক্তিমন্ত্রী লতিফ সিদ্দিকীকে ইন্টারপোলের সাহায্যে গ্রেপ্তারের দাবিতে ২৬ অক্টোবর হরতাল ডেকেছে কয়েকটি ইসলামি দল। লতিফ সিদ্দিকীর উসকানিমূলক ও দায়িত্বহীন মন্তব্য সর্বমহলে নিন্দিত ও প্রত্যাখ্যাত হয়েছে। রাষ্ট্রপতি তাঁকে মন্ত্রিসভা থেকে অপসারণ করেছেন এবং ক্ষমতাসীন আওয়ামী লীগও সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে। তাঁর বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া অব্যাহতও রয়েছে। এসব পদক্ষেপ জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন বলেই আমরা মনে করি।
এ অবস্থায় হরতাল আহ্বানের কোনো যুক্তি থাকতে পারে না। বিদেশে অবস্থানকারী কোনো ব্যক্তি যদি স্বেচ্ছায় না আসেন, তাঁকে দেশে ফিরিয়ে আনার আইনানুগ প্রক্রিয়াটি হলো ইন্টারপোলের সহায়তা নেওয়া। এটি সময়সাপেক্ষ। তাদের নিশ্চয়ই জানা আছে যে লতিফ সিদ্দিকী বিদেশে; সেখানে দেশের আইন প্রযোজ্য হবে না। তাই সরকার চাইলেই তাঁকে গ্রেপ্তার করতে পারে না।
লতিফকে গ্রেপ্তারের দাবিতে ২৬ অক্টোবর হরতাল বিভিন্ন স্থানে মামলার পরিপ্রেক্ষিতে আদালত ইতিমধ্যে লতিফ সিদ্দিকীর প্রতি গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। এখন আইনকে নিজস্ব গতিতে চলতে দিতে হবে এবং আদালতের প্রতি সবাইকে আস্থাশীল থাকতে হবে। কিন্তু আদালতের প্রতি আস্থা না রেখে হরতালের মতো ধ্বংসাত্মক কর্মসূচি দেওয়া হয়েছে।
এ কারণেই প্রশ্ন উঠেছে, এই হরতাল আহ্বানের উদ্দেশ্য কি লতিফ সিদ্দিকীর গ্রেপ্তার, না ঘোলা জলে মাছ শিকার? হরতালে সরকারের ক্ষতি হয় না। ক্ষতি হয় দেশের অর্থনীতির। হরতালে জনগণের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়। সেটি কখনোই কাম্য হতে পারে না।
অতএব, উল্লিখিত রাজনৈতিক দলগুলোর কাছে আমাদের আহ্বান থাকবে, তারা যেন রোববারের হরতাল প্রত্যাহার করে নেয়। লতিফ সিদ্দিকীর গ্রেপ্তারের ব্যাপারে তাদের কোনো আইনি পরামর্শ থাকলে তা সরকারকে দিতে পারে। কিন্তু হরতাল ডেকে জনগণকে জিম্মি করার অধিকার তাদের নেই।