হরতাল মোবারক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুশির ঈদ উদ্যাপিত হলো। ঈদ মোবারক। বাংলাদেশে ডবল ঈদ মোবারক। কারণ, দুনিয়ার তামাম দেশেই ঈদ উদ্যাপিত হয়েছে এক দিন। বাংলার মাটিতে মুসলমানেরা ঈদ উদ্যাপন করেছেন দুই দিন। কাজেই ডবল ঈদ মোবারক। জানাতে হলে দুই গ্রুপকেই ঈদ মোবারক জানাতে হয়।ঈদুল ফিতর একটি ধর্মীয় উত্সব। ইসলাম ধর্ম দুটি নয়—একটি। উত্সব দিবসও একটিই হওয়ার কথা। কিন্তু বাংলাদেশে পয়লা ঈদ হলো এক দিন। দোসরা ঈদ হলো তার পরের দিন। আমাদের রাজনীতিতে তৃতীয় ধারা বা তৃতীয় পক্ষের কথা হামেশাই শোনা যায়। বর্তমান দুই ধারার বাইরে খুশির ঈদেরও যদি একটি তৃতীয় ধারা চালু করে কোনো ধর্মপ্রাণ গোত্র, তাতে বাধা দেয় এমন সাধ্য কার? এক মাস সিয়াম সাধনার শেষেই আসে ঈদুল ফিতর। এ দেশে চাঁদ উঠুক না-উঠুক সিয়ামও কেউ শুরু করেন এক দিন আগে। শেষও করেন এক দিন আগে। তাঁদের খুশির ঈদ এক দিন আগেই আসবে। কোনো উত্সবই কেউ ঘরের দরজায় খিল এঁটে একা অথবা রাস্তায় একা একা হাঁটতে হাঁটতে উদ্যাপন করে না। প্রিয়জন, আত্মীয়স্বজন, বন্ধুবান্ধবকে নিয়ে উত্সব করতে হয়। উত্সবের ছুটিতে কর্মস্থল থেকে তাই মানুষ অশেষ কষ্ট সহ্য করে ছুটে যায় প্রিয়জনদের কাছে। অন্যান্য বছরের মতো এবারও শত কষ্ট স্বীকার করেও মানুষ প্রিয়জনের সঙ্গে ঈদ করতে গেছে। ফেরার সময়ও প্রায় একই রকম কষ্ট করে যাতায়াত করতে হয়। কর্মস্থলে যোগ দিয়ে সবাই বিনিময় করেন ‘ঈদ মোবারক’। এবার আল্লাহর আইন প্রতিষ্ঠার দায়িত্ব গ্রহণকারী সংগঠন জামায়াতে ইসলামী ঈদের ছুটির সঙ্গে সমন্বয় করে ডাক দিয়েছে ৪৮ ঘণ্টার হরতাল। হরতাল মানে যানবাহনে আগুন ও ভাঙচুর। ওসব কাজে জামায়াত-শিবির বাহিনীর নৈপুণ্য ইতালির মুসোলিনি ও স্পেনের ফ্রাঙ্কোর বাহিনীর চেয়ে কিছুমাত্র কম নয়। এবার তাই ‘ঘরমুখী বিপন্ন মানুষ’ ঈদ মোবারক ভুলে গেছে জামায়াতের ডাকা হরতাল মোবারকের কারণে। আরবি মোবারক শব্দটির অর্থ শুভ, পবিত্র, কল্যাণময়। জামায়াতের হরতাল অন্যের জন্য যত যন্ত্রণাই হোক, তাদের জন্য নিশ্চয়ই শুভ ও কল্যাণময়। ঈদের উত্সব এবার মোটামুটি কল্যাণময়ই ছিল, শুধু দু-একটি জায়গায় ইমামের পেছনে নামাজ আদায় নিয়ে বিরোধে জামাত পণ্ড হয়েছে। পাল্টাপাল্টি ধাওয়া হয়েছে। জখম হয়েছেন অনেকে। রমজান হলো মুসলমানদের সিয়াম সাধনার মাস। বাকি ১১ মাস অসংযমী আচরণে আপত্তি নেই, রমজানে সংযম অবশ্যপালনীয়। এই সময় মুখ ও জিহ্বা থাকবে সংযত। সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত চর্বচোষ্য ভোগ থেকে বিরত থাকার কথা। সবার না হলেও শারীরিকভাবে সমর্থ মুসলমানদের। শুধু পানাহার নয়। অশ্লীল ও কটু কথা পরিত্যাজ্য। অতিরিক্ত কথা বলা থেকেও বিরত থাকা বাঞ্ছনীয়। হাত ও পায়ের এস্তেমাল তো নয়ই। কিন্তু রাজনীতিসর্বস্ব সমাজে ঠোঁট, স্বরযন্ত্র ও হাত-পায়ের ব্যবহার বন্ধ রাখা সম্ভব নয়। তা সে মাস রমজানই হোক, মহররম হোক বা রবিউল আউয়ালই হোক।রোজার সঙ্গে ইফতারের সম্পর্ক অবিচ্ছেদ্য। ইফতারের সঙ্গে রাজনীতির সম্পর্ক চৌদ্দ শ বছর ছিল না। এখন যোগ হয়েছে। তাই মার্কিন প্রেসিডেন্টও ইফতারের আয়োজন করেন। বাংলাদেশে তাঁর রাষ্ট্রদূতকেও পেঁয়াজু-বেগুনি-ছোলা ভুনা-জিলাপি দিয়ে ইফতারির এন্তেজাম করতে হয়। এক দিন নয়, একাধিক দিন। সেখানে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি ও জামায়াতে ইসলামীর ভাগ্যবানেরা যোগ দেন। ওসব দাওয়াতের মজলিস দলীয় রাজনীতির বহু ঊর্ধ্বে। মার্কিন রাষ্ট্রদূতের ইফতারির দাওয়াতে জামায়াত ও আওয়ামী নেতারা আদর্শগত সব ভেদাভেদ ভুলে যান। ইসলামি সাম্য-মৈত্রীর একেবারে আক্ষরিক প্রতিফলন।যাঁরা ধর্মকে রাজনীতি থেকে অথবা রাজনীতিকে ধর্ম থেকে মাইল খানেক দূরে রাখতে চান, তাঁরাও প্রবলভাবে ইফতারি-রাজনীতির সংস্কৃতি চালু করেছেন। কিছুকাল যাবত্ তা শুরু হয়েছে। এবার তাই ইফতারের পেঁয়াজু-জিলাপির সঙ্গে যোগ হয়েছে নির্বাচন প্রসঙ্গ। তত্ত্বাবধায়কের দাবি। নির্বাচনী জোট বাঁধার জন্য আলোচনা করতে দলীয় কার্যালয় বা নেতাদের বৈঠকখানাই উপযুক্ত স্থান। কিন্তু দেখা গেল প্রকাণ্ড প্যান্ডেল করে, শামিয়ানা টানিয়ে এন্তেজাম করে অথবা পাঁচতারা হোটেলের জলসাঘরে হচ্ছে প্রতিদিন ইফতারের আয়োজন। তাতে শাসকশ্রেণীর শানশওকতের প্রকাশ ঘটলেও ধর্মীয় গাম্ভীর্য ও সংযমের প্রকাশ অতি অল্পই দেখা গেছে। রাজনৈতিক ইফতারে খাদ্যদ্রব্যের যে অপচয় হয়, তাতে প্রচুর পুণ্য যদি হয়ও, সংযমের লেশমাত্র প্রকাশ ঘটে না। ইফতারের পরে রাজনৈতিক রোজাদারদের ফেলে দেওয়া পেঁয়াজু, ছোনা ভুনা, বেগুনি, খেজুর, আপেল প্রভৃতি বস্তাভর্তি করে ফেলে দেওয়ায় সংযমের ব্যাপার না থাকলেও, বাংলাদেশ যে ইতিমধ্যেই মধ্য আয়ের দেশে পরিণত হয়েছে, তা প্রমাণিত হয়েছে। শুধু রাজধানীতে নয়, আঞ্চলিক পর্যায়েও ইফতার রাজনীতির সংস্কৃতির প্রাণসঞ্চার করেছে। তোলা হচ্ছে দেদার চাঁদা। তাতে ক্ষতি নেই। কিন্তু এবার সরকারি ও বিরোধী দলের এবং তাদের ছাত্র-যুব সংগঠনের অন্তত ডজন দুই ইফতার পার্টিতে দুই গ্রুপের পাল্টাপাল্টি ধাওয়া ও ভাঙচুরের ঘটনায় সংযমের প্রকাশ কম ছিল। মারামারিতে কারও নতুন পাঞ্জাবিটা হয়েছে ছিন্নভিন্ন। কারও দামি টি-শার্ট হয়েছে ফালাফালা। কেউ হারিয়েছেন তাঁর জুতা এক পাটি। শুধু কাপড়চোপড়ের ওপর দিয়ে গেলে ক্ষতি ছিল না, শরীরের ওপর দিয়েই গেছে বেশি। কারও ভেঙেছে পাঁজর বা চোয়ালের হাড়। অনেকে ৩২টি দাঁত নিয়েই গিয়েছিলেন ইফতারিতে, বাড়ি যখন ফিরলেন তখন দাঁত তিনটি কম। প্লাস্টিকের চেয়ারের আঘাতে কারও ফেটেছে মাথা। ইফতারের আগে চোখ ছিল দুটি। তার একটি হারিয়েছেন চিরকালের জন্য। কেউ প্রতিপক্ষের পদাঘাতে তাঁর প্রাইভেট পার্টের কোনো অঙ্গে কঠিন চোট পেয়েছেন। ইফতারের ভেন্যু থেকে অনেকেই সোজা হাসপাতালে। রাজনৈতিক রোজাদারেরা নিজেরা নিজেরা যা খুশি তা-ই করুন, ক্ষতি নেই। কিন্তু মর্মান্তিক ঘটনা ঘটেছে বন্দরনগরে। একই কমিউনিটি সেন্টারের একতলায় ছিল দলীয় অঙ্গসংগঠনের অনুষ্ঠান, আরেক তলায় ছিল এক পরলোকগতের আদ্যশ্রাদ্ধ। মৃতের নাতিরা শ্রাদ্ধ অনুষ্ঠানের আয়োজন করেন। হঠাত্ অ্যাকশন শুরু হয়। আদ্যশ্রাদ্ধের লুচি, আলুর দম, দই প্রভৃতি মুহূর্তে লন্ডভন্ড। আয়োজক নাতি দৌড়ে পালিয়ে আত্মরক্ষা করেন। তাঁর সদ্য পরলোকগত ঠাকুরদা তখন যমরাজের কেরানি চিত্রগুপ্তকে বলেছেন, দেখান তো আপনার হিসাবের খাতা। আমি কী পাপ করেছিলাম। শ্রাদ্ধটাও হলো না। একটি স্বাধীন জাতি হিসেবে যখন আমাদের প্রয়োজন উচ্চতর রাজনৈতিক আদর্শ, বলিষ্ঠ জীবনদর্শন, ঐক্য, সংযম ও সংহতি; তখন আমরা অসংযম ও বিভেদের মাধ্যমে আত্মধ্বংসের পথে যাচ্ছি। কথায় কথায় বিভেদ ও উত্তেজনা। ঈদের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানেও রাজনীতি, পরস্পরকে সমালোচনা ও দোষারোপ। যেখানে ঈদের মতো ধর্মীয় উত্সব এক দিনে করতে পারি না, ধর্মীয় ভাবগাম্ভীর্যে প্রশান্ত চিত্তে একত্রে ইফতার করতে পারি না, সেখানে নির্বাচন নিয়ে, তত্ত্বাবধায়ক ইস্যু নিয়ে মতৈক্যে পৌঁছা দুরাশা বৈকি! ধর্মনিরপেক্ষরা নন, নাস্তিকেরা নন, ঈদ মোবারকের মধ্যে হরতাল মোবারক দিয়েছে আর কেউ নয়, একটি ইসলামিক দল। কী দুর্ভাগা জাতি! সৈয়দ আবুল মকসুুদ: গবেষক, প্রাবন্ধিক ও কলাম লেখক।