হরতালে পুলিশ ও সরকারি দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যাঁরা হরতাল ডাকেন, তাঁরা সাধারণত হরতালের ডাক দিয়ে জনগণের স্বতঃস্ফূর্ত সাড়ার অপেক্ষায় বসে থাকেন না। হরতাল সফল করার উদ্দেশ্যে তাঁরা ‘পিকেটিং’ করেন: জঙ্গি মিছিল, যানবাহন ভাঙচুর, অগ্নিসংযোগ, পথচারীদের চলাচলে বাধাবিঘ্ন সৃষ্টি করা। একধরনের ত্রাসের পরিবেশ সৃষ্টি করে তাঁরা দেখাতে চান যে হরতাল সফল হয়েছে।কিন্তু বৃহস্পতিবার বিএনপি ও জামায়াতে ইসলামীর ডাকা বৃহস্পতিবারের হরতালে এসব প্রবণতা খুব বেশি লক্ষ করা যায়নি। হরতাল সফল করার কাজে বিএনপি-জামায়াত সেদিন ছিল মোটের ওপর নিষ্ক্রিয়। ঢাকার রাজপথে দল দুটির নেতা-কর্মীদের উপস্থিতি ছিল নগণ্য। তবে ঢাকার বাইরে কয়েকটি স্থানে হরতাল-সমর্থকেরা কিছু যানবাহন ভাঙচুর করেছেন। অন্যদিকে হরতালের বিরুদ্ধে বেশ সক্রিয়তা লক্ষ করা গেছে সরকারি দল আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনগুলোর কর্মী-সমর্থকদের। যশোরে বোমা ফাটিয়ে, ফাঁকা গুলি ছুড়ে ত্রাস সৃষ্টি করেছেন ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীরা; তাঁরা যশোরের মেয়র ও স্থানীয় বিএনপির সভাপতিকে প্রহারও করেছেন। এর প্রতিবাদে বিএনপি আজ শনিবার যশোরে আধা বেলা হরতাল ডেকেছে।সক্রিয়তা দেখিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও: বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে ঢাকায় ২০ জনকে গ্রেপ্তার করেছে মহানগর পুলিশ। ভ্রাম্যমাণ আদালত তাঁদের একজনকে এক বছর ও দুজনকে দুই মাস করে কারাদণ্ডাদেশ দিয়েছেন। ঢাকার বাইরে গ্রেপ্তার করা হয়েছে বিএনপি-জামায়াতের ৫৮ জন নেতা-কর্মীকে। তাঁদের মধ্যেও সাতজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।সরকারি দলের নেতা-কর্মী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হরতাল দমনের উদ্দেশ্যে যে জবরদস্তি করেছে, তা সমর্থনযোগ্য নয়। বলপ্রয়োগের অভিযোগে যদি হরতালের বিরোধিতা করা ও নিন্দা করা হয়, তাহলে বৃহস্পতিবারের হরতালে পুলিশ ও সরকারি দলের নেতা-কর্মীরা যা করেছেন, তা নিন্দনীয় হবে না কেন? কয়েকটি সংবাদপত্রে হরতাল-সমর্থক এক যুবকের বুকের ওপর পুলিশের এক সদস্যের বুট তুলে দেওয়ার যে ছবি ছাপা হয়েছে, তেমন দৃশ্য কেবল স্বৈরতান্ত্রিক দেশেই দেখা যায়। তা ছাড়া, ভ্রাম্যমাণ আদালত নামিয়ে গ্রেপ্তার করা, হরতাল-সমর্থকদের তা ৎক্ষণিকভাবে বিচার করে দণ্ড দেওয়াও আইনের শাসনের পরিপন্থী। রাজনৈতিক প্রতিপক্ষের ওপর দমন-পীড়ন রাজনৈতিক পরিস্থিতিকে যেমন উত্তপ্ত করবে, তেমনি দেশকে সংঘাতের দিকে ঠেলে দেবে। যশোরের মানুষ যে আবারও আধা বেলার হরতালের শিকার হলো, এর দায় সেখানকার ছাত্রলীগ-যুবলীগের সেই নেতা-কর্মীদের, যাঁরা বৃহস্পতিবারের হরতালে সহিংস আচরণ করেছেন। তাঁদের কারও কারও ছবি ছাপা হয়েছে অস্ত্র হাতে। সরকারের উচিত তাঁদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া। আর একজন হরতাল-সমর্থকের বুকের ওপর যে পুলিশ সদস্য পা তুলে দিয়েছেন, যে ছবি ছাপা হয়েছে বেশ কয়েকটি সংবাদপত্রের প্রথম পাতায়, তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে। এ ধরনের দু-একজন পুলিশ সদস্যই সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য যথেষ্ট।বিরোধী দলের গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রাম সরকারকে মোকাবিলা করতে হবে রাজনৈতিকভাবে, গণতান্ত্রিক পন্থায়—দলীয় ঠ্যাঙারে বাহিনী দিয়ে বা আইনের অপব্যবহার করে নয়।