হরতালে পড়াশোনার তো বারোটা বাজতে চলল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একসময় হরতালওলাদের কিছুটা চক্ষুলজ্জা ছিল, তারা গাড়ি ভাঙচুর করলেও তাতে আগুন দিত না, রিকশা পোড়াত না, বেইলি ব্রিজের পাটাতনে অথবা ট্রেনে আগুন দিত না, রেললাইন থেকে ফিশপ্লেট খুলে ফেলে অসংখ্য মানুষকে মৃত্যুর শঙ্কায় ফেলত না, বিদ্যুৎ উৎপাদনকেন্দ্র ধুলায় মিশিয়ে দিত না, রিকশায় এবং টমটমে (!) আগুন লাগাত না এবং এসএসসি-এইচএসসি পরীক্ষার দিনগুলোকে হরতালের বাইরে রাখত। এখন চক্ষুলজ্জার কোনো বালাই নেই। ফলে এসব অপরাধ নিতান্ত ডালভাত হয়ে গেছে। এমনকি কিন্ডারগার্টেনেও আগুন দিচ্ছে হরতালওলারা, আগুন লাগাচ্ছে সংবাদপত্র বহনকারী গাড়িতেও। ১৯ মার্চ বিএনপির মহাসচিব (ভারপ্রাপ্ত) সাংবাদিকদের বললেন, এসব অগ্নিসংযোগ অনভিপ্রেত এবং হরতালকারীদের অনুরোধ করলেন তারা যেন অ্যাম্বুলেন্স এবং মিডিয়ার গাড়িকে অব্যাহতি দেয়। তার মানে কি এই যে এসব গাড়ি ছাড়া অন্য কোনো গাড়িকে ছাড় দেওয়া যাবে না, সেগুলোতে আগুন লাগানো যাবে? ফাঁকটা বুঝতে পেরে কিনা কে জানে তিনি পরদিন জানালেন, গাড়িতে আগুন লাগাচ্ছে সরকারের লোকজন। শুনে আমরা অবাক হইনি। হরতালওলারা যেহেতু নিষ্পাপ এবং তারা নেমেছে জনগণের পক্ষে, তারা এসব কেন করবে? আমাদেরও ধারণা, ট্রেনে-টমটমে-বিদ্যুৎ উৎপাদনকেন্দ্রে আগুন লাগাচ্ছে সরকারের লোকজন। সংখ্যালঘুদের ওপর হামলা করছে সরকারের লোকজন। এমনকি বিএনপি-জামায়াতকে দিয়ে হরতালের কর্মসূচিও দেওয়াচ্ছে সরকারের লোকজন। সরকার ছাড়া আর কার পক্ষেই বা পেট্রল বোমা অথবা ককটেলের মতো উচ্চপ্রযুক্তির এবং ব্যয়বহুল মারণাস্ত্র জোগাড় করা সম্ভব?সমস্যা হলো, আমাদের দেশে প্রশংসার ভাগীদার সবাই হতে চায়, কিন্তু অপকর্মের দায় কেউ নিতে চায় না। সরকারও নিশ্চয় তার বিরুদ্ধে আনা এসব অকাট্য অভিযোগ অস্বীকার করবে। ফলে কারা আগুনে পুড়িয়ে মানুষ খুন করছে, তা আমাদের কোনোকালেও জানা হবে না। যে ডাক্তার সারা শরীরে দগদগে পোড়া ঘা নিয়ে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে কাতরাচ্ছেন, তিনিও কোনো দিন জানবেন না, এই পাশবিক আক্রোশ কে মেটাল তার ওপর। জানা হবে না দরিদ্র সেই ভ্যানচালকেরও। আর গত কয়েক সপ্তাহের সহিংসতায় যারা খুন হলো, নিরীহ গ্রামবাসী থেকে নিয়ে পুলিশ, তারাই বা কেন মরল, তাও তাদের জানা হবে না।আর জানবে না আমাদের অসংখ্য শিক্ষার্থী—কেন, কোন অপরাধে তাদের শিক্ষাব্যবস্থাটাও খুন হতে যাচ্ছে, হরতালের আগুনে পুড়ে যাচ্ছে তাদের ভবিষ্যৎ। অনেক দিনের পরিশ্রমে আমরা আমাদের শিক্ষাব্যবস্থার কাঠামোটাকে টেকসই করার পথে এগোচ্ছিলাম, সেটি এখন ভয়ানক বিপদগ্রস্ত। এই টেকসই করার ভূমিকা রেখেছেন সব দলের মানুষ। বিএনপি আমলে শিক্ষা প্রতিমন্ত্রী এহছানুল হক মিলন যখন পরীক্ষায় নকলের বিরুদ্ধে একটা যুদ্ধে নেমেছিলেন, আমরা সবাই তাঁকে সমর্থন দিয়ে গেছি, তাঁর পাশে দাঁড়িয়েছি। একইভাবে প্রতিবছর জানুয়ারির ১ তারিখ ক্লাস শুরু হওয়া, ওই দিন কোটি কোটি শিক্ষার্থীর হাতে বিনা মূল্যে পাঠ্যপুস্তক পৌঁছে দেওয়া, নির্দিষ্ট সময়ে পাবলিক পরীক্ষাগুলো হওয়া এবং দ্রুত ফল প্রকাশ করার বিশাল কর্মযজ্ঞের নেতৃত্ব দিচ্ছেন যে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, তাঁকেও আমরা সমান উৎসাহে সমর্থন দিচ্ছি। মেয়েদের শিক্ষা বিস্তারে, শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে দুই দলই প্রশংসনীয় ভূমিকা রেখেছে। আমাদের একটা বিশ্বাস ছিল, স্কুল-কলেজের শিক্ষার্থীদের রাজনীতির বাইরে রাখা হবে, তাদের শিক্ষাজীবনে কোনো বিঘ্ন যাতে না ঘটে, সেদিকে ঘনিষ্ঠ দৃষ্টি রাখবে বড় দুটি দল। এটিকে আমরা ধরে নিয়েছিলাম একটা জাতীয় মতৈক্যের জায়গা হিসেবে। কিন্তু আমরা যে কত মূর্খ, আমাদের রাজনীতি চোখে আঙুল দিয়ে তা দেখিয়ে দিল।আমি যখনই ঢাকার বাইরে যাই এবং রাস্তায় থাকি স্কুল শুরু বা ছুটির সময়, একটা দৃশ্য দেখার জন্য উৎসুক হয়ে থাকি এবং তা হচ্ছে শিক্ষার্থীদের স্কুলে যাওয়া বা স্কুল থেকে ফেরার দৃশ্য। একবার একটা গণ্ডগ্রামের পথে চার-পাঁচ মেয়েকে সাইকেলে চড়ে স্কুলে যেতে দেখে আমার মনে হয়েছিল, এ রকম সুন্দর দৃশ্য সত্যজিৎ রায়ও তাঁর কোনো ছবিতে দেখাতে পারবেন না। আমার ছেলে একদিন স্কুলে যেতে না পারলে মন খারাপ করে থাকত সারা দিন। আমি নিশ্চিত, সারা বাংলাদেশে অসংখ্য অসংখ্য ছাত্রছাত্রী কোনো কারণে স্কুলে যেতে না পারলে সারাটা দিন মনে কষ্ট নিয়ে কাটায়। তারা যখন সাইকেলে চেপে, রিকশাভ্যানের পেছনে পা ঝুলিয়ে বসে অথবা হেঁটে দল বেঁধে স্কুলে যায়, তখন মনে হয় দেশটাতে কোনো সমস্যা নেই, দেশটা যাচ্ছে ভবিষ্যতের পথে এবং সবকিছু ঠিকঠাক চলছে। এ রকম সুন্দর দৃশ্যের ওপর যদি কেউ এক ফোঁটা কালিও ঢালতে চায়, তাকে আমি ক্ষমার অযোগ্য মনে করব। অথচ এখন এই ছবিটাতে কালি লেপে দেওয়ার চেষ্টা শুরু হয়েছে। যারা এটি করতে সচেষ্ট, তাদের আমি কী বলব? আত্মঘাতী? ভবিষ্যৎখেকো? বিরোধী দল বলবে, ‘হরতাল দিতে আমাদের বাধ্য করা হচ্ছে’, ‘হরতাল ছাড়া আমাদের আর কোনো বিকল্প নেই’, ‘হরতাল দিতে আমরাও চাই না, কিন্তু...’ অথবা, ‘হরতালে সাময়িক ক্ষতি হলেও দেশের স্বার্থে তা মেনে নেওয়া উচিত’ ইত্যাদি। তারা আরও বলবে, ‘হরতাল সংবিধানস্বীকৃত গণতান্ত্রিক অধিকার’। সরকার বলবে ‘হরতাল হয়নি, মানুষ ঘৃণাভরে হরতাল প্রত্যাখ্যান করেছে’ অথবা ‘হরতালে শিক্ষার ক্ষতি হলে বিরোধী দলকে তার দায় নিতে হবে’ অথবা ‘অবৈধ ও অনৈতিক হরতাল প্রতিহত করার জন্য যা যা করার সরকার তা-ই করবে’। ছোটবেলায় বেশ ক-বছর কুমিল্লাতে ছিলাম। সে সময় টাউন হলে পাকিস্তানি কুস্তিগীর ভুলু, গামা এদের মল্লযুদ্ধ করতে দেখেছি। মূল লড়াই শুরু হওয়ার আগে তাদের শাগরেদরা কিছুক্ষণ মারামারি করত। দুই দলের হরতাল নিয়ে কথাবার্তা সেই শাগরেদদের মহড়া দেওয়ার মতো। কথা ছেড়ে কাজে নেমে পড়লে অর্থাৎ মূল মারামারিটা শুরু হলে স্কুল বা কলেজের যত গুরুত্বপূর্ণ পরীক্ষাই থাকুক, কোনো বাবা-মাই সন্তানকে পরীক্ষা দিতে পাঠাতে চান না।হরতাল বলে কোনো কথা সংবিধানে নেই। তার পরও হরতাল যদি গণতান্ত্রিক অধিকার হয়, তাহলে একজন শিক্ষার্থীর স্কুলে-কলেজে যাওয়ার অধিকার, পরীক্ষা দেওয়ার অধিকার এগুলোও তো গণতান্ত্রিক এবং সংবিধানস্বীকৃত অধিকার। নাকি? তাহলে একটা রাজনৈতিক অধিকার খাটিয়ে কোটি কোটি শিক্ষার্থীর অধিকারকে হরণ করাটা কতখানি সাংবিধানিক? আমার এই লেখায় নাগরিকদের অসংখ্য অধিকারের প্রসঙ্গ আমি তুলব না, যেহেতু এ মুহূর্তে আমার চোখে ভাসছে পত্রিকায় ছাপা একটি ছবি, অনেক দূর থেকে স্কুলে এসে স্কুলটি বন্ধ দেখে গেটে বসে একটি ছেলের কষ্টের অশ্রুপাত আমাকে যদি একটি নিক্তিতে এই ছেলেটির কষ্ট আর ওই ছেলেটি যে নির্বাচনী এলাকার, সে এলাকার কোনো নেতা-নেত্রীর ক্ষমতা হারানোর/ক্ষমতায় যেতে না পারার কষ্টকে মাপতে বলেন, আমি অপারগ হব। ওই ছেলেটির পাল্লা মাটি স্পর্শ করবে, নেতা/নেত্রীর পাল্লাটা আকাশে উড়বে। তাহলে? কোনো তুলনাই কি আসলে হয়?২.এশিয়ার দুটি দেশ সিঙ্গাপুর এবং দক্ষিণ কোরিয়া কীভাবে গত কয়েক দশকে চোখধাঁধানো উন্নতি করল অথচ চীন এত বড় অর্থনীতির দেশ হয়েও কেন সেই মানে পৌঁছাতে পারল না, সেদিন এক বক্তৃতায় তার একটা সুন্দর ব্যাখ্যা দিলেন স্যার ফজলে হাসান আবেদ। তিনি বললেন, ওই দুটি দেশেই আছে বিশ্বের ১০০টি শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়ের চারটি। অথচ চীনের নেই একটিও। উঁচু মানের শিক্ষাই পারে অর্থনীতি-ব্যবসা বাণিজ্য-নৈতিকতাসহ সব বিষয়কে প্রত্যাশিত উচ্চতায় নিয়ে যেতে। আমাদের দেশে শিক্ষার মান ভালো নয়, সুযোগ-সুবিধা, ভৌত কাঠামো অপ্রতুল, খেলার মাঠ, গ্রন্থাগার, বিজ্ঞান গবেষণাগার আছে না থাকার মতো। তার পরও তো আমরা একটা রাস্তা ধরে এগোচ্ছিলাম। ঠিক আছে, ভারত-সিঙ্গাপুর-কোরিয়া এমনকি শ্রীলঙ্কা না হয় দৌড়াচ্ছে, কিন্তু আমরা অন্তত হাঁটছি তো। এখন দেখা যাচ্ছে এই হাঁটাটাকে বন্ধ করে আমাদের বাড়িতে বসিয়ে রাখতে চায় রাজনীতি। আমি বিশ্বাস করি, শিক্ষা একটা বিশাল বিনিয়োগের জায়গা। শুধু বিশাল অংশের অর্থ নয়, বিনিয়োগ করতে হবে আমাদের নিষ্ঠা, ভালোবাসা, সংকল্প এবং স্বপ্নগুলোকে। এবং এই বিনিয়োগে নামতে হবে আমাদের পুরো জাতিকে। শিক্ষা বলতে সাবেকি আমলের অথবা পশ্চাৎপদতার শিক্ষা নয়, বরং বিশ্বমানের শিক্ষা, যা তৈরি করবে রেনেসাঁ যুগের একটি চিন্তা অনুযায়ী, ‘সম্পূর্ণ মানুষ’। আর যদি বিশাল বিনিয়োগে জাতি প্রস্তুত থাকে, সেই মানুষগুলো তৈরি করতে একটা প্রজন্মকালই যথেষ্ট। রাজনীতিবিদেরা বলেন, হরতালের কোনো বিকল্প না থাকার জন্য হরতাল দিতে হয়। কথাটা ঠিক নয়। হরতালের বিকল্প সারা বিশ্বে আলোচনা, সংলাপ, সংসদে তর্ক-বিতর্ক। তবে এই সর্বজনীন বিকল্পের জন্য প্রয়োজন শিক্ষা। কিন্তু আমাদের রাজনীতি শিক্ষাকে লালন করে না, করে দুর্বৃত্তপনাকে, দস্যুমনস্কতাকে। এ জন্যই হরতাল, এ জন্যই পুলিশের গুলি, এ জন্য মানুষ পোড়ানো, এ জন্যই নিজের দেশকে মেরে-কেটে-পুড়িয়ে উল্লাস করা।আমার আরও বিশ্বাস, শিক্ষায় আমাদের কাঙ্ক্ষিত সবগুলো বিনিয়োগ হলে এক প্রজন্ম পর স্কুলের কোনো ছাত্র হয়তো জিগ্যেস করবে, ‘স্যার, এসব হরতাল কী জিনিস?’ এবং স্যার মাথা চুলকে বলবেন, ‘গুগলে গিয়ে দেখো তো। আমারও তো জানা দরকার।’সৈয়দ মনজুরুল ইসলাম: কথাসাহিত্যিক। অধ্যাপক, ইংরেজি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।