৪ ডিসেম্বর ছিল জামায়াতের হরতাল। পরদিন ৫ ডিসেম্বর ছিল সাহারা কাপের বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার তৃতীয় এক দিনের ক্রিকেট ম্যাচ। খুলনায় প্রথম দুটি ম্যাচে হেরে যাওয়ার পর এই ওয়ানডে ছিল ওয়েস্ট ইন্ডিজের জন্য সিরিজে টিকে থাকা তথা বাঁচা-মরার ম্যাচ। বাংলাদেশের জন্যও ম্যাচটি ছিল অসীম গুরুত্বপূর্ণ। দুই দলের জন্যই ৪ ডিসেম্বর অনুশীলন ছিল খুবই প্রয়োজনীয়। কিন্তু হরতালের কারণে দুই দলের টিম কর্তৃপক্ষ ওই অনুশীলন বাতিল করে। বাংলাদেশ দল অবশ্য হরতালের পরে সন্ধ্যায় অনুশীলন করেছে। হরতালের কারণে ওই অনুশীলন বাতিলের মূল কারণ ছিল নিরাপত্তা। ৯ ডিসেম্বর ১৮ দলীয় জোটের অবরোধকালে বিশ্বজিৎ দাসকে নৃশংসভাবে হত্যা করেছেন অবরোধ-বিরোধীরা। অবরোধকারীরা জনপ্রশাসন বিভাগের উপসচিব আবদুস সালামকে গুরুতর আহত করেছে, অফিসে যাওয়ার পথে। পরিস্থিতি এতটাই নাজুক যে, হরতাল-অবরোধে কারও জীবনের কোনো নিরাপত্তা নেই।পরিস্থিতির এই নাজুকতা বিবেচনা করে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ক্লাস-পরীক্ষা স্থগিত করা হয়। স্বাভাবিক চলাফেরা ও নিরাপত্তা চরম ঝুঁকির মধ্যে থাকে। কিন্তু গত হরতাল-অবরোধেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনাবাসিক ছাত্রছাত্রীদের দূরদূরান্ত থেকে জীবনের ঝুঁকি নিয়ে ছুটতে হয়েছে পরীক্ষার হলে। শিক্ষার্থীদের জন্য সত্যিই চরম পরীক্ষা। কারণ, ওই দিন এই বিশ্ববিদ্যালয়ে শুধু পরীক্ষাই হয়। কোনো ক্লাস হয় না, পাঠদান হয় না। প্রশ্ন হলো, পাঠের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ পরীক্ষা আমরা সেদিন নিই কেন? দেশের সব বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা যখন হরতাল-অবরোধে স্থগিত করা হয়, এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয়েও যখন শ্রেণীকক্ষে পাঠদান স্থগিত থাকে, তখন শুধু পরীক্ষা দেওয়ার জন্য অনাবাসিক শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ে আসার বাধ্যবাধকতা প্রশ্ন জাগায়, অন্তত শিক্ষার্থীদের মানবাধিকার নিশ্চিত করার যে প্রতিজ্ঞা আমরা নিয়েছি, তা কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনাবাসিক ছাত্রছাত্রীদের ক্ষেত্রে প্রযোজ্য নয়? আমরা আমাদের পেশাগত দায়িত্বের খাতিরে শত দুর্যোগেও কর্মক্ষেত্রে যেতে বাধ্য। কিন্তু আমার ১০ বছর বয়সী সন্তানকে যদি তার স্কুল নির্দেশ দিত হরতালের মধ্যে স্কুলে হাজির হতে, আমি কি তাকে যেতে দিতাম? তা-ই যদি না হয়, তাহলে কেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনাবাসিক ছাত্রছাত্রীদের আমি জ্বালাও-পোড়াও ঠেলে শুধু পরীক্ষার হলে আসতে বাধ্য করব? হরতাল-অবরোধে আমরা পরীক্ষা স্থগিত না করলেও বিশ্ববিদ্যালয়ের বাস সার্ভিস বন্ধ করে দিই। কারণ, বাসের নিরাপত্তা। বাসের তো দাম আছে! ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীর আর কত দাম! ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি বাসের সর্বশেষ গন্তব্য নরসিংদীর উয়ারী-বটেশ্বর। আরেকটি বাস যায় নারায়ণগঞ্জ পর্যন্ত এবং আরেকটি যায় টঙ্গী পর্যন্ত। তার মনে, কত পথ পাড়ি দিয়ে একজন শিক্ষার্থীকে ক্যাম্পাসে আসতে হয়। হরতাল-অবরোধের বিভীষিকার মধ্যে একটা মেয়ে বা ছেলেকে কোনো অভিভাবক এত দূর থেকে পরীক্ষা দিতে পাঠাবেন? আমরাই বা কোন তাড়নায় তাঁদের জীবনের ঝুঁকিতে ফেলব?বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অবশ্য একটি যুক্তি তুলে ধরতে পারে। তারা বলবে, বর্তমান সেমিস্টার পদ্ধতির জটিল বার্ষিক ক্যালেন্ডারের বেঁধে দেওয়া সময়ের সঙ্গে তাল মিলিয়ে সেশনজট এড়ানোর জন্যই এই বাধ্যবাধকতা। যুক্তিটি ঠিক টিকবে না সাম্প্রতিক একটি ঘটনা দেখলে।গত বছরের ২২ সেপ্টেম্বর ছিল নৃবিজ্ঞান বিভাগের তৃতীয় ব্যাচ পঞ্চম সেমিস্টারের একটি কোর্সের ফাইনাল পরীক্ষা। দুর্ভাগ্যবশত সেদিনই ছিল হরতাল। শিক্ষার্থীরা ধরে নেয়, পরীক্ষা স্থগিত থাকবে। তাই সেদিন অনাবাসিক ছাত্রছাত্রীরা ছিল অনুপস্থিত। পরীক্ষার হলে কর্তব্যরত শিক্ষকেরা অনুপস্থিতির ন্যায্যতা বিচার করে পরীক্ষাটি বাতিল করেন। পরবর্তী সময়ে বিশ্ববিদ্যালয়ের প্রথা অনুযায়ী বিভাগ থেকে স্থগিত হওয়া পরীক্ষা অনতিবিলম্বে নেওয়ার জন্য একটি তারিখ নির্ধারণ করে দিতে পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তরে চিঠি পাঠানো হয়। বিভাগীয় যেকোনো পরীক্ষার ক্ষেত্রে এই নিয়মই অনুসরণ করা হয়। কিন্তু কোনো আশ্চর্য কারণে স্থগিত হয়ে যাওয়া সেই পরীক্ষার নতুন তারিখ নির্ধারণ করা হয় দুই মাস পর ২৯ নভেম্বর! সেমিস্টার পদ্ধতিতে দুই মাসের ঘাটতি অনেকাংশেই অপূরণীয়। একই পরিস্থিতি তৈরি হয় ১১ ডিসেম্বরের হরতালেও। অর্থনীতি বিভাগের ১২০ জন পরীক্ষার্থীর মধ্যে কেবল ১৯-২০ জন উপস্থিত হতে পেরেছেন। কর্তৃপক্ষ জানাল, উপস্থিত ১৯-২০ জনের পরীক্ষাই নেওয়া হবে। অনুপস্থিত পরীক্ষার্থীদের ব্যাপারে পরবর্তী সময়ে সিদ্ধান্ত নেওয়া হবে। প্রশ্ন দাঁড়াচ্ছে, অনুপস্থিত পরীক্ষার্থীদের পরীক্ষার তারিখ পুনর্নির্ধারণ কত দ্রুত হবে? আর যাঁরা পরীক্ষা দিয়ে ফেলেছেন, তাঁদের সঙ্গে পুনর্নির্ধারিত তারিখে পরীক্ষা দেওয়া পরীক্ষার্থীদের ফলাফল একই সঙ্গে প্রকাশিত হবে কি না? অর্থাৎ শেষতক নিজেদের বন্ধুবান্ধবদের সঙ্গে পাস করে সবাই মিলে একই সঙ্গে পরবর্তী সেমিস্টারের ক্লাস শুরু করতে পারবেন কি না? এ ক্ষেত্রে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উদাহরণ অনুসরণীয়ও বটে। স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষার একটি তারিখ ছিল ৪ ডিসেম্বরের হরতালের দিন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রচারমাধ্যমে আগেই ঘোষণা দিয়ে জানিয়ে দিয়েছে, হরতালের মধ্যে যাঁরা উপস্থিত হবেন, তাঁদের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। কিন্তু যাঁরা হরতালের কারণে আসতে পারবেন না, তাঁদের মৌখিক পরীক্ষা ৫ ও ৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। আমাদের প্রত্যাশা, ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যথাযথ সচেতনতার পরিচয় দেবে। শিক্ষার্থীদের জীবনের নিরাপত্তার কথা বিবেচনায় নেবে। আর যদি রাজনৈতিক উদ্দেশ্যে ব্যতিক্রমী হওয়ার অভিলাষ থেকেই থাকে, তবে দয়া করে অনাবাসিক পরীক্ষার্থীদের তাঁদের প্রাত্যহিক আইনানুগ অধিকার অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের বাস সার্ভিস ও সঙ্গে বিশেষ নিরাপত্তামূলক ব্যবস্থা দিয়ে হরতালের মধ্যে নিরাপদে বিশ্ববিদ্যালয়ে আনা-নেওয়ার ব্যবস্থা করবে। রাশীদ মাহমুদ: শিক্ষক, নৃবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।