হরতালের আগেই সন্ত্রাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজনৈতিক কর্মসূচি যত কঠোরই হোক না কেন, ফৌজদারি অপরাধের সঙ্গে যে তার স্পষ্ট পার্থক্য থাকা আবশ্যক, হরতাল আহ্বানকারী দলগুলো সে কথা মনে রাখে না। রাজনৈতিক কর্মসূচির নামে তারা প্রায়ই কর্মীদের বেআইনি ও সহিংস কর্মকাণ্ডে উৎসাহিত করে, যা পুরোপুরি ফৌজদারি অপরাধ। এতে সরকারের পতন না ঘটলেও দেশ ও জনগণ ক্ষতিগ্রস্ত হয় চরমভাবে। হরতাল বা এ ধরনের কর্মসূচির নামে সন্ত্রাস, সহিংসতা, সম্পদ ধ্বংস বা যানবাহনে আগুন দেওয়ার যে ঘটনাগুলো ঘটে চলেছে, তা কোনোভাবেই রাজনৈতিক কর্মসূচি হতে পারে না।বিরোধী দল ১৮ ও ১৯ মার্চ সারা দেশে হরতাল ডেকেছে, যার অর্থ হলো এই সময় যানবাহন চলাচলের ওপর তাদের আপত্তি আছে। কিন্তু গত রোববার দুপুর থেকেই হরতাল-সমর্থকেরা বিভিন্ন স্থানে যানবাহন ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটাল কেন? হরতাল আহ্বানকারীরা নিশ্চয়ই বলেননি, হরতালের আগেও কোনো যানবাহন রাস্তায় নামানো যাবে না। গতকাল প্রথম আলোয় সাজিদ হোসেনের তোলা ছবিতে দেখা যায়, রোববার দুপুরে ফার্মগেটে অগ্নিদগ্ধ বাসের আগুন থেকে বাঁচার জন্য ফুটপাতের এক জুতা বিক্রেতা ভীতসন্ত্রস্ত হয়ে দৌড়াচ্ছেন। রাতে প্রাইভেট কারে তিন চিকিৎসক হাতিরঝিল দিয়ে রামপুরায় যাওয়ার পথে সন্ত্রাসীদের ছোড়া বোমায় গুরুতর আহত হন। ফেনীতে চলন্ত ট্রাকে ইট মেরে চালককে হত্যা করা হয়েছে। এসব সন্ত্রাসী কর্মকাণ্ডকে রাজনৈতিক কর্মসূচি বলে চালানো যাবে না। বোমাবাজি করে বা যানবাহনে আগুন লাগিয়েই যদি হরতাল পালন করতে হয়, বুঝতে হবে, সেই হরতালের প্রতি জনগণের বিন্দুমাত্র সমর্থন নেই।হরতাল পালনের নামে এই সন্ত্রাসী ও সহিংস কর্মকাণ্ডের দায় মূলত হরতাল আহ্বানকারী দল বা জোটকে নিতেই হবে। তবে চূড়ান্ত বিচারে সরকারও এর এড়াতে পারে না। কারণ, জনগণের জানমালের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব তাদেরই। সরকারের নীতিনির্ধারকেরা ‘হরতাল প্রত্যাখ্যাত’ বলে বুলন্দ আওয়াজ তুললেও সন্ত্রাসী হামলা থেকে নিরীহ ও নিরস্ত্র মানুষকে বাঁচাতে তাঁদের কার্যকর ভূমিকা নিতে দেখা যায় না। আর সমস্যাটি যেহেতু রাজনৈতিক, সেহেতু রাজনৈতিকভাবেই এর সমাধান খুঁজতে হবে। আগামী নির্বাচন কীভাবে এবং কার অধীনে হবে, সেসব নিয়ে একটি সমঝোতায় পৌঁছতে এখনই আলোচনায় বসতে হবে। বিরোধী দলের দাবি যত যৌক্তিকই হোক না কেন, মানুষকে জিম্মি করা বা তাদের জীবন বিপন্ন ও সম্পদের ওপর হামলার কোনো অধিকার তাদের নেই। হরতাল বা এ ধরনের ঘোষিত-অঘোষিত নানা সহিংস কর্মসূচি ইতিমধ্যে দেশের অনেক ক্ষতি করেছে, জনজীবন হয়ে পড়েছে স্থবির। আলোচনার জন্য বিরোধী দলের পক্ষ থেকে যে আনুষ্ঠানিক প্রস্তাব দেওয়ার কথা বলা হয়েছে, সরকারের উচিত হবে তাতে দ্রুত সাড়া দেওয়া। ১৯৯৪-৯৫ সালে তৎকালীন সরকারপ্রধান বিরোধী দলীয় নেতাকে চিঠি দিয়েই আলোচনার প্রস্তাব দিয়েছিলেন। আলোচনা বা সমঝোতায় যত বিলম্ব হবে, তত প্রাণ ক্ষয় ও সম্পদহানি বাড়বে—যা কারোরই কাম্য হতে পারে না।