হরতালের কার্যকারণ ও সময়-অসময়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্তমান সরকার পরিচালনা ব্যবস্থা তথা আওয়ামী লীগের দুই বছরের শাসনপূর্তিলগ্নে আমি গত সপ্তাহে প্রথম আলোতে লিখেছিলাম, ‘তারা সামলে উঠেছে।’ আমার এই বক্তব্যের প্রতিবাদ করেছেন কয়েকজন পাঠক চিঠি লিখে আর টেলিফোনে। ই-মেইল ঠিকানা একটি আছে, আমি খুলে দেখি না; কারণ, কারুকাজগুলো রপ্ত করে উঠতে পারিনি। তবে আমার সাংবাদিক-কন্যা প্রায়শ খুলে নানা মন্তব্য পড়ে, আমাকে দু-চারটি জানান। সেসব মন্তব্যেও নাকি আমার ‘সরকারকে’ দেওয়া প্রত্যয়নপত্রটির একটু-আধটু সমালোচনা আছে। সমালোচকদের বক্তব্য বিশ্লেষণে তাঁদের মননশীলতার পরিচয় পেয়েছি। তাঁরা আমার ভুল ধরিয়ে দিয়ে বলেছেন, ‘সরকার নয়, জনসাধারণ আপাতত সামলে উঠেছে।’ ব্যাখ্যা করে বলেছেন, দেশের মানুষ এখন অদ্ভুতভাবে সহনশীল অথবা বাহ্যত নির্বিকার। বিদ্যুৎ নেই তো কী হয়েছে, সরকার বলছে ‘আসবে, শিগগিরই আসছে, গ্যাসও আসবে।’ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আছে, অবশ্য কার নিয়ন্ত্রণে তা বলছে না। তবে জনগণ নিজেদের দিনযাপনের গ্লানি নিয়ন্ত্রণে রেখেছে।সরকারের আশার বাণীতে জনগণ আশাবাদী না হোক, আপাতত নিঃসংশয় না হলেও নির্বিকারচিত্তে মেনে নিয়েছে। জনগণ ‘অধিক শোকে পাথর’ অবস্থাকেই নাকি আমি ‘সামলে নিয়েছে’ বলছি, পাঠকেরা এমনটি বলছেন। বর্তমান সরকারের শাসনকালের প্রথম দিকে জনগণ বিক্ষিপ্তভাবে একটু-আধটু হইচই করেছে। বিদ্যুৎ অফিস ঘেরাও করেছে, এখন একেবারে চুপচাপ। সংবাদপত্র প্রথম পৃষ্ঠাজুড়ে ‘লোডশেডিংয়ের’ খবর ছাপত, এখন তারাও ভাবছে কত আর ছাপা যায়, তাই ‘নিউজশেডিং’ করছে। মাঝেমধ্যে বিদ্যুৎ আমদানির প্রস্তুতি নিয়ে বিভিন্ন খবর থাকে। যেভাবে খুশি বিদ্যুতের ব্যবস্থা করার জন্য ‘দুর্নীতি’ চাপা দেওয়ার একটি আইনের খবরও পড়েছি। সেসবে মেগাওয়াটের হিসাব থাকে, যা আমি বুঝি না, সাধারণ মানুষ বোঝে কি না জানি না। তবে এ নিয়ে কোনো আগ্রহ প্রকাশ করে না।তবে সোমবার প্রথম আলোয় প্রথম কলামে মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের বক্তব্যটি সবার কাছেই সহজে বোধগম্য হয়েছে। তিনি বলেছেন, বিদ্যুৎ নেই তো কী হয়েছে, তালপাতার বাতাস খাবেন। অতি বাস্তবসম্মত কথা, ৩০ বছর আগেও তো ঢাকা শহরের তিন-চতুর্থাংশ বাড়িতে বিদ্যুৎ ছিল না। ৫০ বছর আগেও দেখেছি, আমার ডেপুটি ম্যাজিস্ট্রেট আব্বা এজলাসে বসে আছেন আর একটি রশি ঘরের দেয়াল ফুটো করে বাইরে চলে গেছে। রশি এপাশে আব্বার মাথার ওপর কাপড়ের ঝালরের টানা পাখা। বাইরে পাখাওয়ালা পায়ে রশি বেঁধে টানছেন আর ছাড়ছেন। মন্ত্রী মহোদয় অথবা মন্ত্রিপরিষদের তাঁর সহযোগীদের অবশ্য টানা-পাখার দরকার হয় না। আসল কথাটি হচ্ছে, সাধারণ মানুষ পুরোনো জমানার বিদ্যুৎবিহীন জীবনে অভ্যস্ত হয়ে গেছে। গ্রামের, বিশেষ করে কৃষকদের অবস্থা কী, পুরোপুরি জানা নেই। স্বাধীনতা-উত্তরকালে টানা-পাম্প দিয়ে জমিতে নদী বা খালের পানি সেচ দেওয়া হতো। তারপর ডিপ আর শ্যালো এল, সেগুলো ডিজেলে চলত অথবা হাতে ডান্ডা-ঘোরানো টিউবওয়েল ছিল। কোন সরকারের আমলে কার মাথায় পল্লী বিদ্যুতের ধারণা এল কে জানে, জমিতে পানি দেওয়ার জন্য বিদ্যুৎ এল। সেই বিদ্যুৎ দেশের কত শতাংশ মানুষের ধানখেতের পাশের টংঘরে গেল, সেই হিসাব জানা নেই। তবে সরকারের স্নেহভাজনদের বিদ্যুৎহীন তারের খাম্বার ব্যবসা বেশ জমে উঠেছিল। আগে মাঝেমধ্যে ঢাকা-চট্টগ্রাম রাস্তা দিয়ে যেতে পথের দুই পাশে দেখতাম বৃক্ষরাজি। সেসব কবে উজাড় হয়ে গেছে। এখন কাছে-দূরে মাঠের মধ্যে দেখি শুধু খাম্বা। কোনোটির অগ্রভাগে তার আছে, আবার অনেকগুলো একেবারে ন্যাড়া মাথা। বর্তমান সরকারের আমলে ছোট বিদ্যুৎকেন্দ্রের ব্যবসাও জমে উঠবে। তখন বিদ্যুতের অভাব দূর হবে, সেই আশায় দিন গুনছি। সেই পরিপ্রেক্ষিতে বলেছি, মানুষ সামলে উঠেছে। লক্ষণীয় ‘আপাতত’ কথাটি ব্যবহার করিনি।তবে হ্যাঁ, বর্তমান সরকার পূর্ববর্তী আমলের খামতি পূরণের ব্যবস্থা নিচ্ছে, এমন ধারণা জনমনে একটি আস্থা গড়ে তুলেছে। কিন্তু গৃহীত পদক্ষেপের গতি অত্যন্ত মন্থর। তা ছাড়া বর্তমান সরকারের একটি বিদ্যুৎ সঞ্চালন রীতি ও পরিস্থিতি সামলানো কৌশল সরবরাহে নতুন মাত্রা যোগ করেছে। নাম দেওয়া হয়েছে ‘বিদ্যুৎ ম্যানেজমেন্ট’। শহরের মানুষ উত্তপ্ত হলে গ্রামে বিদ্যুৎ নেই ঘণ্টার পর ঘণ্টা। সেচ মৌসুমে কৃষকের প্রতি দয়াবান হয়ে জমিতে পানি দেওয়ার জন্য শহরে বিদ্যুৎ সরবরাহ নিয়ন্ত্রণ। অন্য মৌসুমে শহরের মানুষের প্রতি দয়াবান হয়ে গ্রামগঞ্জ ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎহীন থাকে। বাড়িতে চুলা জ্বালাতে গাড়িতে গ্যাস সরবরাহ দিন-রাতে ছয় ঘণ্টা সরবরাহ বন্ধ। সার উৎপাদন করতে বাড়িতে বিদ্যুৎ সরবরাহ নিয়ন্ত্রণ, আবার বাড়িঘরে চুলা জ্বালানোর জন্য কলকারখানায় ছুটি। এই ব্যবস্থাপনাকে আমার এক বন্ধু মাড়োয়ারি রমণীর শাড়ি পরার সঙ্গে তুলনা করেছেন। এক হাত ঘোমটা টানলে শাড়ি হাঁটুর ওপর উঠে যায়। হাঁটুর নিচে নামালে ঘোমটা কাঁধে পড়ে। মাড়োয়ারি আর বাঙালি যে রীতিতেই পরা হোক, বিদ্যুৎ আর গ্যাস নিয়ে হই-হল্লা, প্রকাশ্য-অপ্রকাশ্য অসন্তোষের প্রকাশের বহিঃস্ফুরণ আপাতত চাপা পড়ে আছে। বাজিকরদের চাঁদাবাজি-দখলবাজি-টেন্ডারবাজিও ক্ষমতাসীনদের মৌলিক অধিকার বলে জনগণের মেনে নেওয়া ছাড়া গত্যন্তর কী আছে। সন্ত্রাস-হুমকি সম্পর্কেও কেউ প্রকাশ্যে টুঁ শব্দ করছে না। এমতাবস্থায় ক্ষমতাসীন সরকার নিশ্চিন্তে ক্ষমতায় বহাল তবিয়তে ছিল। একটু-আধটু বিরোধিতা-সমালোচনা, নিন্দা-সংবাদ এবং গণমাধ্যমের বেয়াড়া আচরণ গায়ে লাগলেও তা হাঁসের পিঠের পানির মতো ঝেড়ে ফেলে দিচ্ছে। বিরোধী দলের আস্ফাালন মাঝেমধ্যে বিরক্তি উৎপাদন করছে। তবে সেসবও সংবাদপত্রের পাতায় আর টেলিভিশনের পর্দায়, বিবৃতি-সংবাদ সম্মেলনের আওতায় সীমাবদ্ধ ছিল।এবংবিধ কারণে এত দিন কোনো ‘হরতাল’ হয়নি, অর্থাৎ সাধারণ মানুষও সব ভোগান্তির কোনো সংঘবদ্ধ কার্যকর প্রতিবাদ করেনি। তাই অবাক হয়ে ভাবছিলাম, এমন নিশ্চিন্ত নিরুপদ্রব শাসন সরকারি নীতিনির্ধারকদের কারও কারও কাছে কি অস্বস্তিকর মনে হচ্ছিল? বিরোধী দল সংসদেও নেই, রাস্তায়ও নেই, এ কেমন কথা, নিরুপদ্রব সরকার পরিচালনার এমন পরিস্থিতি সরকারের কোনো মহলের কাছে হয়তো একঘেয়ে মনে হচ্ছিল। তাই হঠাৎ করে একটি বাড়িকে কেন্দ্র করে অহেতুক উপদ্রব ডেকে আনল নিশ্চিন্ত জনগণের সুখ-শান্তি-স্বস্তি নিয়ে নির্বিকার সরকার। ক্যান্টনমেন্টের বাড়িকে ঘিরে হরতাল-মিছিলের উৎপাতের সূচনা করার রসদ জোগাল। অবাক লাগে, খাচ্ছিল তাঁতি তাঁত বুনে, কাল হলো তার এঁড়ে গরু কিনে।যা-ই হোক, বিরোধী রাজনৈতিক দল, সেনাবাহিনী, বিচার বিভাগ তথা উচ্চতম আদালত—সবাইকে জড়িয়ে হঠাৎ করে দেশের বিদ্যমান স্থবির রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত করে দিল সরকারের একটি অর্বাচিত আচম্বিত পদক্ষেপ। নির্বাচনের পর বিরোধী দল বিএনপি ঘরে ঢুকে গিয়েছিল, তাদের রাস্তায় নামিয়ে আনা হলো। প্রায় ভুলে যাওয়া হরতাল নিয়ে তাদের আবার মাঠে নামার অজুহাত তৈরি করে দিল অথবা ‘উদ্বুদ্ধ’ করল। কোমরভাঙা বিরোধী রাজনৈতিক দলটিকে আবার দাঁড়ানোর জন্য এই উপলক্ষে রাস্তায় লাঠিপেটা আর ‘গণগ্রেপ্তার’ শুরু হলো। কারা এত সব ‘কেন’, করল? কোনো ব্যাখ্যা খুঁজে পাই না। অবশ্য এ রকম ‘কেন’ প্রশ্ন অতীতেও করেছি। ছাত্রছাত্রীরা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে ‘রাষ্ট্রভাষা বাংলা চাই’ স্লোগান দিয়ে চারজন করে বেরিয়ে আসছিল। হঠাৎ করে তাদের ওপর গুলি চালানো হলো কেন? এরশাদ সাহেবের ট্রাক ‘কেন’ বিনা কারণে দেলোয়ারকে চাপা দিল, আসাদকে হত্যা করে ঊনসত্তরের আর মিলনকে হত্যা করে নব্বইয়ের আন্দোলনকে চাঙা করা হয়েছিল ঠিক এভাবেই।এত সব ‘কেন’ প্রশ্নের উত্তর খুঁজছিলাম। একজন অনুজ সাংবাদিক-সম্পাদকের সঙ্গে এত সব ‘কেন’ নিয়ে আলাপ করছিলাম। আওয়ামী সরকারের ক্যান্টনমেন্টের বাড়িটি পুনরুদ্ধারের নামে কোমরভাঙা বিপর্যস্ত বিরোধী দলকে ভাঙা পায়ের ওপর দাঁড় করিয়ে দেওয়া সম্পর্কে তাঁর ব্যাখ্যা চেয়েছিলাম। তিনি রহস্যজনকভাবে একটি সুবচন শোনালেন, যা দুই দিন আগে আমি টেলিভিশনে টক শোতে পুনরাবৃত্তি করেছি। তিনি বলেছেন, ‘মরারে মার ক্যান?’ উত্তর হচ্ছে, ‘নড়ে না ক্যান।’ তারপর রসিকতা ছেড়ে সাংবাদিক ভাইটি একটি ‘গূঢ় তথ্য’ দিলেন। ক্যান্টনমেন্টের বাড়ি নিয়ে রাজনীতি নয়, একটি খেলা খেলেছে কোনো বিশেষ মহল। সেই মহলটি দুই বিরোধী পক্ষকেই খেলাচ্ছে। মাঝখান দিয়ে ভোগান্তি হলো সাধারণ মানুষের। আবার এও বলা চলে, হরতাল হচ্ছে একটি রাজনৈতিক খেলা, তথা পলিটিক্যাল গেম। সেই খেলাটিই মধ্যখানে দুটি বছর বন্ধ ছিল আবার শুরু হয়েছে। আগেই আভাস দিয়েছি, অতীতে দেখেছি, এ ধরনের খেলায় তিনটি পক্ষ থাকে। ১. ক্ষমতাসীন দল, ২. ক্ষমতা হারানোর মনোবেদনায় দগ্ধ বিরোধী দল, ৩. আর একটি বিশেষ পক্ষ, যারা শেষ ফায়দাটি লুটে নেয়। এখন অপেক্ষা করতে হবে এবারের যে হরতাল সিরিজ শুরু হলো, শেষ পর্যন্ত কোন পক্ষ লাভবান হবে।তত্ত্বকথা থাক, বর্তমান বাস্তবতা নিয়ে আলোচনা করি। সফল-অসফল তিনটি হরতাল ক্ষমতাসীন সরকারের আসন একটুখানি হলেও টলাতে পেরেছে, অথবা নাড়া দিয়েছে। কিন্তু আসল প্রশ্ন হচ্ছে, সরকারবিরোধী দল কী পেল একটি দিন হই-হল্লা করে, ‘সর্বাত্মক আন্দোলনের’ মহড়া দিয়ে? টেলিফোনে এ প্রশ্নটি করেছিলাম বিরোধীদলীয় একজন প্রভাবশালী নেতাকে। তিনি বলেছেন, ‘কিছু পাওয়ার জন্য হরতাল দেওয়া হয়নি। শুধু ঝিমিয়ে পড়া কর্মীদের একটুখানি চাঙা করা হলো।’ জানি না পুলিশ-র‌্যাবের লাঠির ঘায়ে হাত-পা ভেঙে, দু-চার দিন হাজতবাসের পর বিরোধীদলীয় সাধারণ কর্মীকে কতখানি সক্রিয় করা যাবে। তবে যাদের দোহাই দিয়ে এই ‘সর্বাত্মক আন্দোলনের’ সূচনা, সেই জনগণ বিরোধী দলের আশা অনুযায়ী সরকার পতনে সক্রিয় হবে, এমন আভাস পাওয়া যায়নি। কারণ, মোক্ষম সময়ে বিরোধী দল নিশ্চুপ ছিল। বিদ্যুৎ-পানি-গ্যাসের জন্য যখন তারা এখানে-ওখানে মাঠে নেমেছিল, বিরোধী দলের কোনো খোঁজ ছিল না। এখন নেত্রীর বাড়ি উদ্ধারের জন্য তাদের দিয়ে ‘হরতাল’ করানো যাবে, ‘সর্বাত্মক আন্দোলনে’ মাঠে নামানো যাবে না।হরতাল নিয়ে এত সব আলোচনা করছিলাম গত কয়েক রাত বেসরকারি দু-তিনটি টেলিভিশনে। সর্বশেষ আলোচনাটি করেছি মঙ্গলবার রাতে এনটিভিতে। সঙ্গে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মননশীল মতামত প্রদানকারী অধ্যাপক আসিফ নজরুল। হরতাল কেন, হরতালের ইতিবৃত্ত, রাস্তায়, গণমাধ্যমে সর্বশেষ আদালতে ‘হরতাল’ নিয়ে বিগত কয়েক দিনের নানা কর্মকাণ্ড, ঘটে যাওয়া ঘটনাবলি নিয়ে বিদগ্ধ আলোচনা করলাম দুজনে বিভিন্ন ও কখনো অভিন্ন মতামত দিয়েছি। সর্বশেষ, উপস্থাপক আলোচনায় আনলেন, হরতাল এলেই যে কথাটি মাঝেমধ্যে উচ্চারিত হয় সেটি। হরতালের ‘বিকল্প কী?’ এই ‘বিকল্প’ শব্দটি সাধারণত যাঁরা ক্ষমতায় যান, তাঁদের মুখেই সচরাচর উচ্চারিত হয়। তবে তাঁরা যখন ‘বিকল্প’ খুঁজছেন, তখন বুঝতে হবে স্বীকার করছেন জনগণের মধ্যে নানা অসন্তোষ অথবা ক্ষমতাসীনদের প্রতি আস্থাহীনতা প্রকাশের কারণ ঘটেছে।তাই যদি হয়, তাহলে যত দিন ‘বিকল্প’ আবিষ্কৃত হবে না, তত দিন ‘হরতাল’ ক্ষমতাসীনের ব্যর্থতা অথবা অপশাসনের বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক হয়ে থাকবে। কিন্তু সেই প্রতিবাদ জনগণের ব্যথা-বেদনা, পুঞ্জীভূত ক্ষোভের প্রতিফলন না হয়ে একটি বাড়ির জন্য হলে তা নিয়ে শুধু আলোচনা-বিতর্ক চলবে। এমনকি উচ্চতম আদালতের কার্যক্রম নিয়েও জনমনে বিভ্রান্তি সৃষ্টি হবে। কিন্তু হরতাল ‘সরকার পতনের’ আন্দোলনের সূচনা করবে না।তার পরও কর্মী-সমর্থকদের মাঝেমধ্যে চাঙা করার জন্য ‘হরতাল’ চলবে, জনগণও অন্তত আগামী তিন বছর বর্তমান সরকারি দলের কর্মকাণ্ড যেভাবে ‘সামলে নিয়েছে’, সেভাবেই বিরোধী দলের অকারণের হরতালের হরতালীয় উৎপাতও তেমনি সহ্য করে যাবে বৈকি।এবিএম মূসা: সাংবাদিক ও কলাম লেখক।