গত শনিবার ঢাকায় হেফাজতে ইসলামের মহাসমাবেশ থেকে আজ সারা দেশে যে হরতালের আহ্বান জানানো হয়েছে, তার যুক্তি ছিল না। তাদের দাবির যৌক্তিকতা প্রতিষ্ঠার জন্য সেদিনের লংমার্চ ও সমাবেশের শক্তিই যথেষ্ট ছিল। উপরন্তু, সমাবেশে উত্থাপিত ১৩ দফা দাবি না মানলে আগামী ৫ মে ঢাকা অবরোধের ঘোষণা দেওয়া হয়েছে। এর আগেই হরতাল কেন? এখন এর সঙ্গে যুক্ত হয়েছে মঙ্গলবার থেকে বিএনপির ডাকে টানা ৩৬ ঘণ্টার হরতাল। দলীয় নেতাদের মুক্তি ও তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে এ হরতালের ডাক দিয়েছে তারা। অর্থাৎ টানা তিন কার্যদিবস দেশ অচল হয়ে পড়বে। কয়েক মাস ধরে একের পর এক হরতালে দেশের অর্থনীতি দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। জনজীবন বিপর্যস্ত। এসএসসি, এইচএসসি পরীক্ষাসহ দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষা স্থগিত হয়ে যাচ্ছে। শিক্ষাজীবন হুমকির মুখে।উপরন্তু, হরতাল ও রাজনৈতিক সহিংসতার কারণে গত দুই মাসে ৭০ থেকে ৮০ জন ব্যক্তিকে প্রাণ দিতে হয়েছে। শত শত বাস ও গাড়ি পোড়ানো হয়েছে। বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে। রাজনৈতিক প্রতিহিংসার কারণে মানুষ মানুষকে পিটিয়ে হত্যা করেছে। এর চেয়ে বড় অপরাধ আর কী হতে পারে? সম্প্রতি হরতালে নাশকতামূলক কাজ ভয়াবহ মাত্রা যোগ করেছে। একটি মহল এতটাই সহিংস হয়ে উঠেছে যে হরতাল বাস্তবায়নের নামে রেললাইনের নাটবল্টু খুলে নিরীহ যাত্রীদের জীবন বিপন্ন করতেও দ্বিধা করছে না। অতীতে অনেক হরতাল হয়েছে, কিন্তু এ ধরনের নির্মমতা দেখা যায়নি।হরতাল শুরুর আগের দিন থেকেই বাসে আগুন দেওয়া, পেট্রলবোমা ছুড়ে মানুষ পুড়িয়ে মারা, ককটেল-হাতবোমা আজকাল রেওয়াজে পরিণত হয়েছে। গতকাল রোববার বিএনপির হরতাল ঘোষণার পরপরই বিভিন্ন স্থানে আগুন দেওয়ার ঘটনা ঘটল। মানুষ জানে না, হরতাল শুরুর আগেই তার জীবন বিপন্ন হবে কি না।হরতাল এখন সব ধরনের দাবি আদায়ের হাতিয়ারে পরিণত হয়েছে। রাজনৈতিক ও অরাজনৈতিক সব শক্তিই এর ওপর নির্ভরশীল হয়ে পড়েছে। মানুষের স্বার্থের কথা বলেই সব ক্ষেত্রে হরতালের মতো জীবনবিধ্বংসী কর্মসূচি নেওয়া হচ্ছে। কিন্তু তাতে এর জনকল্যাণের উপাদান নেই। নাগরিকদের অধিকার লঙ্ঘিত হচ্ছে। লাগাতার এই হরতালের কর্মসূচি মানেই আরও মৃত্যু, আরও সহিংসতা। কোনো সুস্থ মানুষ এ ধরনের অবিবেচনাপ্রসূত কর্মকাণ্ড মেনে নিতে পারে না।হরতাল পরিহার করে শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচিকে প্রাধান্য দেওয়া জরুরি। রাজনৈতিক দলসহ সংশ্লিষ্ট সবাইকে এ বিষয়ে সক্রিয় পদক্ষেপ নিতে হবে। এ জন্য সরকার ও বিরোধী দলকে সমঝোতায় আসতে হবে। মানুষ আর হরতাল দেখতে চায় না। এ দেশের দুর্ভাগ্য হলো, ফলপ্রসূ রাজনৈতিক সংলাপের দৃষ্টান্ত প্রায় নেই। তার পরও বলব, আলোচনার দরজা বন্ধ করা উচিত নয়। বিশেষত, আগামী নির্বাচন নিয়ে সরকার ও বিরোধীপক্ষ একটি সমঝোতায় আসার কার্যকর উদ্যোগ নিতে হবে—এটাই সবার প্রত্যাশা।