হরতাল-অবরোধের কর্মসূচি অব্যাহত রাখা অযৌক্তিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া দেশব্যাপী টানা অবরোধের ৬৭ দিনের মাথায় দ্বিতীয় দফা ‘সংবাদ সম্মেলন’ করে যা বললেন, তাতে নতুন কিছুই নেই। জনগণের ওপর অবরোধ-হরতালের মতো চাপিয়ে দেওয়া কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়ে তিনি পুরোপুরি হতাশ করেছেন।
খালেদা জিয়া তাঁর বক্তব্যে এই বাস্তবতাকে অস্বীকার করেছেন যে তিনি ও তাঁর দল সরকারবিরোধী আন্দোলনে জনগণকে মাঠে নামাতে ব্যর্থ হয়েছে। জনগণ অবরোধ ও হরতালের মতো কর্মসূচি চায় না এবং নাশকতা ও পেট্রলবোমার ভয়ের মধ্যেও জীবন-জীবিকার তাগিদে তারা যে এখন এ ধরনের কর্মসূচি পুরোপুরি উপেক্ষা করতে শুরু করেছে—এই সত্যকেও তিনি স্বীকার করেননি। অথচ এই অভিযোগ জোরালো হয়েছে যে আন্দোলন সফল করার জন্য বিএনপির নেতৃত্বাধীন জোট নাশকতার আশ্রয় নিয়েছে। আর পেট্রলবোমা ও ককটেলের ঘায়ে বহু সাধারণ মানুষকে জীবন দিতে হয়েছে।
খালেদা জিয়া এই সহিংসতার দায় যতই অস্বীকার বা সরকারকে এ জন্য দায়ী করুন না কেন, তাঁর দল ও জোটের ডাকা কর্মসূচির সময় ঘটা এসব ঘটনার দায় মূলত তঁাদেরই নিতে হবে। সাধারণ মানুষের প্রাণহানি, সম্পদ ও দেশের অর্থনীতির চরম ক্ষতি, শিক্ষার্থীদের শিক্ষাজীবন ধ্বংস করা ছাড়া এই টানা অবরোধ ও হরতালের কর্মসূচি যে কোনো সাফল্য আনতে পারেনি এই সত্যকে স্বীকার করতেই হবে। ফলে প্রত্যাশিত ছিল যে খালেদা জিয়া সংবাদ সম্মেলন ডেকে এ ধরনের কর্মসূচি প্রত্যাহার করে নেবেন এবং জনসম্পৃক্ত গণ-আন্দোলন গড়ে তোলার জন্য নতুন ঘোষণা দেবেন।
অস্বীকার করার উপায় নেই যে বর্তমান সরকার বিরোধী রাজনৈতিক শক্তি হিসেবে বিএনপির নেতা-কর্মীদের ওপর দমন-নিপীড়ন চালাচ্ছে। আমরা সরকারের এই আচরণ বন্ধ করার দাবি জানাই। কিন্তু বিএনপিকেও মানতে হবে যে এ ধরনের প্রতিকূল পরিস্থিতিতে জনগণকে সম্পৃক্ত করেই আন্দোলনের কৌশল নিতে হয়। সেটা না করে টানা অবরোধ বা হরতালের মতো কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়ে বিএনপির নেত্রী দায়িত্বহীনতারই পরিচয় দিলেন।