হল-মার্ক কেলেঙ্কারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাজার হাজার কোটি টাকা যাঁরা ব্যাংক থেকে হাতিয়ে নিতে পারেন, তাঁদের শক্তি-সামর্থ্য যে সহজে ফুরাবার নয়, তা অনুমেয়। হল-মার্ক কেলেঙ্কারির সঙ্গে জড়িত ব্যক্তিদের অনেকেই এখনো সেই সক্ষমতার পরিচয় দিয়ে চলেছেন। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় এই আর্থিক কেলেঙ্কারির ঘটনায় এ পর্যন্ত যে ১১টি মামলা হয়েছে; তার অনেক আসামি যেমন এখনো ধরা পড়েননি, তেমনি এর সঙ্গে জড়িত অনেক প্রভাবশালী সন্দেহভাজনকে ‘বিরক্ত’ না করার জন্য সরকারি দলের নেতারা চাপ দিয়ে আসছেন। ফলে এই কেলেঙ্কারির সঙ্গে জড়িত ব্যক্তিদের যথাযথ শাস্তি নিশ্চিত করা যাবে কি না, সেই প্রশ্ন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।হল-মার্ক কেলেঙ্কারির সঙ্গে জড়িত পলাতক আসামিরা কেন ধরা পড়ছেন না, সে ব্যাপারে দুর্নীতি দমন কমিশন (দুদক) যে অভিযোগ এনেছে, তা খুবই গুরুতর। দুদকের অভিযোগ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আসামিদের ধরতে সাহায্য করছেন না। মামলার গুরুত্বপূর্ণ আসামিদের মধ্যে রয়েছেন সোনালী ব্যাংকের কয়েকজন কর্মকর্তা। দুই মাস ধরে এই পলাতক কর্মকর্তাদের ধরা যায়নি। অভিযান পরিচালনা করে জানা যাচ্ছে, আসামি কিছুক্ষণ আগে পালিয়েছেন। দুদকের সন্দেহ, আসামিদের গ্রেপ্তারে যখন স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা চাওয়া হয়, তখন সেই সূত্র থেকেই তথ্য ফাঁস হয়ে যাওয়ায় আসামিরা পালিয়ে যেতে পারছেন। সর্ষের মধ্যেই যদি ভূত থাকে, তা সত্যিই বিপদের কথা। আর সর্ষের মধ্যে ভূত বাসা বাঁধতে পারে কিসের জোরে, তা-ও সবারই জানা। যে কেলেঙ্কারিতে হাজার হাজার কোটি টাকা লুটপাট হয়েছে, সেই অর্থ নিশ্চয়ই এখন খরচ হচ্ছে আইনের হাত থেকে বাঁচতে।মামলার এসব আসামি ধরা না পড়ায় খুব স্বাভাবিক কারণেই মামলার তদন্তকাজ ব্যাহত হবে এবং এর ফলে এই কেলেঙ্কারির সঙ্গে জড়িত ব্যক্তিদের যথাযথভাবে চিহ্নিত ও শাস্তি নিশ্চিত করা কঠিন হবে। অন্যদিকে রাজনৈতিক বিবেচনায় নিয়োগ পাওয়া সোনালী ব্যাংকের সাবেক পরিচালনা পর্ষদের যেসব সদস্য এই কেলেঙ্কারির সঙ্গে জড়িত বলে ধারণা করা যাচ্ছে, তাঁদের রক্ষায় একটি মহল দুদককে চাপ দিয়ে আসছে বলে অভিযোগ পাওয়া গেছে। সবকিছু মিলিয়ে এটা স্পষ্ট যে হল-মার্ক কেলেঙ্কারির সঙ্গে জড়িত ব্যক্তিদের বাঁচানোর চেষ্টা জোরেশোরেই চলছে।এখানে একটি বিষয় পরিষ্কার করা প্রয়োজন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দুর্নীতি বা যোগসাজশের কারণে যদি যথাযথ তদন্ত করা সম্ভব না হয়, অপরাধীদের শাস্তি নিশ্চিত করা সম্ভব না হয় অথবা সরকারি দলের প্রভাবশালী ব্যক্তিদের চাপের কারণে যদি কেউ কেউ ছাড়া পেয়ে যান, তবে এর দায়িত্ব কিন্তু সরকারের ওপর এসে পড়বে। সরকার যদি দুর্নীতিবাজদের রক্ষক হিসেবে নিজেদের চিহ্নিত করতে না চায়, তবে যাঁদের কারণে আসামিদের ধরা যাচ্ছে না, তদন্ত করে তাঁদের শাস্তি দিতে হবে। আসামিদের ধরার ব্যাপারে কার্যকর উদ্যোগ নিতে হবে। সরকার কী করবে, সেটাই এখন দেখার বিষয়।